কৃত্রিম বুদ্ধিমত্তার সংশয়বাদী দার্শনিক ইয়ান লেকুন

কৃত্রিম বুদ্ধিমত্তার সংশয়বাদী দার্শনিক ইয়ান লেকুন

সুপর্ণা চট্টোপাধ্যায়
বিজ্ঞানভাষ সম্পাদকীয় বিভাগ
Posted on ২৮ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যখন সারা বিশ্ব মেতে উঠেছে, বিশেষ করে বৃহৎ ভাষা মডেলের (এলএলএম) সাফল্যে, তখন অন্য সুর শুনিয়েছেন ইয়ান লেকুন। তাঁর বক্তব্য, ভাষা নিয়ে বিপুল দক্ষতা অর্জন করলেই বুদ্ধিমান হওয়া যায় না। সত্যিকারের বুদ্ধিমত্তার জন্য চাই বাস্তব জগৎকে বোঝা, অভিজ্ঞতা থেকে শেখা এবং কাজের পরিণতি সম্পর্কে ধারণা তৈরীর ক্ষমতা। ফরাসি বংশোদ্ভূত এই মার্কিন কম্পিউটার বিজ্ঞানীর ভাবনায় সংশয়বাদী দার্শনিক ডেভিড হিউমের অভিজ্ঞেয়তাবাদ (এমপিরিসিজম) যেন নতুন করে ফিরে এসেছে। দ্য ইউরোপিয়ান সায়েন্টিস্ট-এ প্রকাশিত মার্ক রামোর এই প্রবন্ধে লেকুনের গবেষণা, দর্শন এবং এআইয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর বিতর্কিত অবস্থান তুলে ধরা হয়েছে।

১৯৬০ সালের ৮ জুলাই ফ্রান্সে জন্ম ইয়ান লেকুনের। ছোটবেলা থেকেই যন্ত্র ও কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল তাঁর। ১৯৮০-এর দশকে যখন স্নায়ুজাল বিস্তারের (নিউরাল নেটওয়ার্ক) সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের বড় অংশ সন্দিহান, তখনই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি। ১৯৮৭ সালে পিএইচ ডি গবেষণায় তিনি স্নায়ুজালকে প্রশিক্ষণ দেওয়ার এমন পদ্ধতি নিয়ে কাজ করেন, যা পরবর্তী সময়ে গভীর শিক্ষণের (ডিপ লার্নিং) বিকাশে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেল ল্যাবসে কাজ করার সময় তাঁর গবেষণার অন্যতম বড় সাফল্য ছিল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের উন্নয়ন। এই প্রযুক্তি হাতের লেখা চিনতে কম্পিউটারকে সাহায্য করেছিল। পরে ব্যাংকের চেক পড়ার মতো বাস্তব কাজেও এর ব্যবহার শুরু হয়। আজকের ছবি শনাক্তকরণ, চিকিৎসাবিজ্ঞানের ছবি বিশ্লেষণ এবং বহু কম্পিউটার-দৃষ্টিনির্ভর প্রযুক্তির ভিতেও রয়েছে এই গবেষণার প্রভাব।

২০১৮ সালে জিওফ্রে হিন্টন ও ইয়োশুয়া বেঙ্গিওর সঙ্গে তিনি পান কম্পিউটার বিজ্ঞানের অন্যতম সম্মানজনক টিউরিং পুরস্কার। এআইয়ের সাম্প্রতিক উত্থানের কেন্দ্রে রয়েছে বৃহৎ ভাষা মডেল। বিপুল পরিমাণ লেখা থেকে প্রশিক্ষণ নিয়ে এই মডেলগুলি মানুষের মতো উত্তর দিতে, লেখা তৈরি করতে এবং জটিল সমস্যা সমাধানে পারদর্শী হয়ে উঠেছে। কিন্তু লেকুনের মতে, এখানেই বুদ্ধিমত্তার শেষ নয়। একটি বিড়ালও জানে কীভাবে টেবিলের উপর থেকে লাফ দিতে হয়, কোনও বস্তু পড়ে গেলে কী ঘটতে পারে, কিংবা কীভাবে বাধা এড়িয়ে চলতে হয়। অথচ সবচেয়ে উন্নত ভাষা মডেলও বাস্তব জগতের এই সব সাধারণ নিয়ম সব সময় নির্ভরযোগ্যভাবে বুঝতে পারে না। কারণ, ভাষা তো বাস্তবতার সম্পূর্ণ ছবি নয়। কোনও গ্লাস ভেঙে গেলে সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, এই অভিজ্ঞতার মধ্যে রয়েছে সময়, কারণ ও ফলাফলের সম্পর্ক। শুধু অক্ষর আর শব্দের সহাবস্থান থেকে এই বোধ তৈরি করা কঠিন। এই সীমাবদ্ধতা কাটাতেই লেকুনের প্রস্তাব, এআইকে শুধু লেখা পড়িয়ে নয়, বাস্তব জগৎ থেকে শেখাতে হবে।

লেকুনের ভাবনার কেন্দ্রে রয়েছে ‘ওয়ার্ল্ড মডেল’ বা জগৎ-অনুকরণী মডেল। এর কাজ শুধু চারপাশের দৃশ্য চিনে নেওয়া নয়, বরং জগৎ কীভাবে চলে, কোনও কাজ করলে কী ঘটতে পারে এবং কোন তথ্য গুরুত্বপূর্ণ, তা শেখা। এই লক্ষ্যে তিনি জেপা (JEPA) নামে একটি কাঠামোর পক্ষে সওয়াল করেছেন। এর মাধ্যমে প্রতিটি খুঁটিনাটি হুবহু পুনর্নির্মাণ না করে বাস্তবতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও সম্ভাব্য পরিবর্তনগুলি সম্পর্কে শেখার চেষ্টা করা হয়।

লেকুনের মতে, বর্তমান এআইয়ের তিনটি বড় ঘাটতি রয়েছে।

প্রথমত, ইন্দ্রিয়নির্ভর অভিজ্ঞতা। বাস্তব জগতে ধাক্কা খাওয়া, বস্তু স্পর্শ করা কিংবা চলাচলের অভিজ্ঞতা ছাড়া যন্ত্রের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়।

দ্বিতীয়ত, সময় ও কার্যকারণের বোধ। কোনও কাজের ফলে কী ঘটবে, কোন সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এবং ভবিষ্যৎ কীভাবে বদলাতে পারে, তা বুঝতে হবে।

তৃতীয়ত, গুরুত্বপূর্ণ তথ্য বেছে নেওয়ার ক্ষমতা। চারপাশে অসংখ্য বস্তু থাকলেও মানুষ মুহূর্তে বুঝতে পারে কোনটি জরুরি, কোনটি বিপজ্জনক এবং কোনটিকে উপেক্ষা করা যায়। যন্ত্রেরও সেই বাছাই করার ক্ষমতা দরকার।

 

২০২৫ সালের শেষ দিকে মেটা ছেড়ে লেকুন তাঁর নতুন সংস্থা অ্যাডভান্সড মেশিন ইন্টেলিজেন্স ল্যাবস গড়ে তোলেন। লক্ষ্য, শুধু আরও উন্নত চ্যাটবট তৈরি করা নয়; বরং এমন এআই বানানো, যা বাস্তব জগৎকে বুঝতে, দীর্ঘমেয়াদি স্মৃতি ধরে রাখতে এবং কাজের পরিকল্পনা করতে পারবে। তবে তাঁর প্রস্তাবিত ‘ওয়ার্ল্ড মডেল’ এখনও গবেষণার পর্যায়ে। প্রশিক্ষণের বাইরের পরিস্থিতিতে এগুলির দুর্বলতা রয়েছে। ফলে এই পথই যে শেষ পর্যন্ত মানবসদৃশ বুদ্ধিমত্তার সমাধান দেবে, তা এখনও প্রমাণিত নয়। লেকুনের চিন্তায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে,যন্ত্রকে নীতিপরায়ণ হতে শেখানো যায় কি?

শুধু নিয়মকানুন দিয়ে এআইয়ের সম্ভাব্য বিপদ ঠেকানোর বদলে তাকে কাজের পরিণতি, ক্ষতি এবং কি রক্ষা করা জরুরি – সেই বোধ শেখানো সম্ভব কি না, তা নিয়ে আলোচনা করেছেন প্রবন্ধকার। তবে এটি লেকুনের গবেষণা থেকে সরাসরি প্রতিষ্ঠিত কোনও সমাধান নয়; বরং তাঁর জগৎ-অনুধাবনের ধারণা থেকে উঠে আসা একটি দার্শনিক সম্ভাবনা। এখানে উঠে এসেছে তাপগতিবিদ্যা এবং জটিলতার ধারণা। কোনও ব্যবস্থায় কতটা শৃঙ্খলা রয়েছে এবং সেটি কতটা জটিল-এই দুই মাপকাঠিতে জীবন্ত ব্যবস্থা ও এলোমেলো জঞ্জালের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন লেখক। তাঁর প্রস্তাব, জীবন ও জটিল সংগঠিত ব্যবস্থার বৈশিষ্ট্য থেকে মূল্যবোধের ধারণা তৈরির সূত্র পাওয়া যেতে পারে।

তবে জটিলতা বা কম এনট্রপি থাকলেই কোনও কিছু নৈতিকভাবে ভালো হয়ে যায়, এমন বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত নয়। নৈতিকতার প্রশ্নে এই ধারণা এখনও দার্শনিক অনুমান।

 

ডেভিড হিউমের অভিজ্ঞেয়তাবাদ আমাদের শেখায়, বাস্তব জগৎ সম্পর্কে অনেক ধারণাই আসে অভিজ্ঞতা থেকে, নিছক যুক্তি থেকে নয়। লেকুন সেই ভাবনাকেই যন্ত্রের বুদ্ধিমত্তায় প্রয়োগ করতে চান। ভাষার দক্ষতা নয়, বাস্তবকে বোঝার ক্ষমতাই কি এআইয়ের পরবর্তী বিপ্লব? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু লেকুনের কাজ একটি বিষয় স্পষ্ট করে, বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিতর্কে শুধু যন্ত্র কতটা বলতে পারে, তা ছাড়াও সমান গুরুত্বপূর্ণ হল, নয়, সে কতটা বুঝতে পারে।

 

সূত্র: Yann Lecun: the David Hume of our time by Marc Ramoux, The European Scientist, 22 October 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eleven =