অভিনন্দন, ভয়েজার ১ !

অভিনন্দন, ভয়েজার ১ !

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ নভেম্বর, ২০২৬

মানুষের তৈরি কোনও মহাকাশযান এর আগে এত দূরে পৌঁছয়নি। দূরত্বের নিরিখে সেই রেকর্ডের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। পৃথিবী থেকে ২৪ ঘণ্টায় আলো যতটা দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব পেরোল মহাকাশযানটি। বিজ্ঞানের ভাষায় দূরত্বটি এক আলোকদিবস। ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার ১-কে। ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল (প্রায় ৬১ হাজার কিলোমিটার) গতিতে ছুটে চলেছে মহাকাশযানটি। ইতিমধ্যেই সূর্যের প্রভাববলয় ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে । নাসার হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৮ নভেম্বর মার্কিন পূর্ব উপকূলীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে পৃথিবী থেকে তার দূরত্ব ১৬০৯ কোটি মাইল (প্রায় ২৫৯ কোটি কিলোমিটার নয়, ২৫৯০ কোটি কিলোমিটার) ছাড়িয়েছে। অর্থাৎ, এক আলোকদিবসের দূরত্বে পৌঁছেছে। বিশেষ এই মুহূর্তটি উদ্‌যাপন করতে ১৭ নভেম্বর সূর্যাস্তের পর বিশ্ববাসীকে ‘শাইন ব্রাইট ফর ভয়েজার’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল নাসা। একটি বিশেষ অনলাইন টুল অথবা সাধারণ টর্চের সাহায্যে রাতের আকাশের দিকে মোর্স কোডে V-G-R সংকেত পাঠিয়েছেন সাধারণ মানুষ। দূর মহাকাশে পাড়ি দেওয়া এই মহাকাশযানের উদ্দেশ্যে এ এক প্রতীকী আলোর অভিবাদন। তবে চিরকাল পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না ভয়েজার ১। মহাকাশযানটির শক্তির উৎস প্লুটোনিয়াম ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। ফলে আগামী দশকের মধ্যেই তার পাঠানো রেডিয়ো সংকেত বন্ধ হয়ে যেতে পারে। তা সত্ত্বেও প্রায় পাঁচ দশক ধরে মহাকাশে তার এই যাত্রা মানবসভ্যতার অন্যতম বড় প্রযুক্তিগত সাফল্য। একদিন হয়তো মানুষ নিজেই পাড়ি দেবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। তখন ইতিহাসের পাতায় ভয়েজার ১-এর মতো আদি মহাকাশযানগুলিকে কী ভাবে মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম?

সূত্র: NASA Science; Nov ;2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =