আকাশগঙ্গা ছায়াপথের সঙ্গীহীন কৃষ্ণগহ্বর

আকাশগঙ্গা ছায়াপথের সঙ্গীহীন কৃষ্ণগহ্বর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ অক্টোবর, ২০২৬

জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রথমবারের মতো নিশ্চিতভাবে শনাক্ত করেছেন এমন একটি নাক্ষত্রিক ভরের কৃষ্ণগহ্বরের অস্তিত্ব, যার কোনও সঙ্গী নক্ষত্র নেই। কৃষ্ণগহ্বরটির নাম OGLE-2011-BLG-0462। এই কৃষ্ণগহ্বরটি পৃথিবী থেকে প্রায় ৫,০০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আকাশগঙ্গা ছায়াপথের একেবারে কেন্দ্রীয় অঞ্চলে।

কৃষ্ণগহ্বরটিকে অবশ্য সরাসরি দেখা যায়নি, এর অস্তিত্ব ধরা পড়েছে মহাকর্ষের প্রভাবে। এর মহাকর্ষ একটি দূরবর্তী পটভূমির নক্ষত্রের আলোকে বাঁকিয়ে ও সাময়িকভাবে উজ্জ্বল করে তুলেছিল, যাকে বলা হয় মহাকর্ষীয় মাইক্রোলেন্সিং। প্রায় ২৭০ দিন ধরে নক্ষত্রটির আলো বিবর্ধিত হওয়ার পাশাপাশি হাবল স্পেস টেলিস্কোপ তার আপাত অবস্থানে অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করে। বহু বছরের পর্যবেক্ষণের ভিত্তিতে নিশ্চিত হয়, অদৃশ্য বস্তুটি একটি বিচ্ছিন্ন কৃষ্ণগহ্বর। যার পাশে কোনও দৃশ্যমান সঙ্গী নক্ষত্র নেই।

গবেষকদের মতে, এটি একসময় ছিল এক বিশাল নক্ষত্র । জ্বালানি শেষ হওয়ার পর নক্ষত্রটির কেন্দ্র ধসে পড়ে কৃষ্ণগহ্বরের জন্ম হয়। সেই ধস ও বিস্ফোরণ থেকে নবজাত কৃষ্ণগহ্বরটি একটি মহাকর্ষীয় ধাক্কা পেয়ে একাই ছায়াপথে ছুটে চলতে পারে।

তবে এই কৃষ্ণগহ্বর সম্ভবত বিরল কোনও ব্যতিক্রম নয়। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আকাশগঙ্গা ছায়াপথে এমন কৃষ্ণগহ্বরের সংখ্যা সম্ভবত বিপুল। তাঁদের অনুমান, প্রায় ১০ কোটি নক্ষত্র-ভরের কৃষ্ণগহ্বর থাকতে পারে আমাদের আকাশগঙ্গা ছায়াপথে। এদের অনেকেই হয়তো কোনও সঙ্গী নক্ষত্র ছাড়াই বিচরণ করছে।

তবে ঘুরে বেড়ায় মানে এই নয় যে কৃষ্ণগহ্বরটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই বস্তুটি আমাদের থেকে ৫০০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। কোনও কৃষ্ণগহ্বর তখনই বিপজ্জনক হয়ে উঠতে পারে, যখন কোনও বস্তু তার প্রায় কাছাকাছি চলে আসে।

এই আবিষ্কারের আসল গুরুত্ব অন্যত্র। আকাশগঙ্গা ছায়াপথের অদৃশ্য কৃষ্ণগহ্বরগুলিকে খুঁজে বের করার এক নতুন পথ খুলে গেছে। তাদের সরাসরি দেখা না গেলেও, আশপাশের মহাকাশে তাদের মহাকর্ষ যে সূক্ষ্ম বিকৃতি তৈরি করে, তার চিহ্ন থেকেই শনাক্ত করা সম্ভব হচ্ছে এই অদৃশ্য মহাজাগতিক বস্তুগুলিকে।

সূত্র: https://www.facebook.com/astrophileszz/posts/astronomers-have-now-confirmed-something-long-predicted-a-stellar-mass-black-hol/1559623146180229/, NASA Hubble; The Astronomical Journal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + three =