আমাজনে বন উজাড় কমেছে

আমাজনে বন উজাড় কমেছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জুন, ২০২৬

ব্রাজিলের আমাজন অরণ্যে বন উজাড়ের হার ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৯ সালের পর এটাই সবচেয়ে কম বনভূমি ধ্বংসের ঘটনা। পর্যবেক্ষণ সংস্থা ম্যাপবায়োমাস-এর তথ্য অনুযায়ী, গত বছর ব্রাজিলে প্রায় ৯ লাখ ৮৫ হাজার হেক্টর প্রাকৃতিক উদ্ভিদ আচ্ছাদন নষ্ট হয়েছে। ২০২৪ সালের তুলনায় এই হার ২০.৬ শতাংশ কম। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই সর্বনিম্ন ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে এই হিসাবের মধ্যে দাবানলে পুড়ে যাওয়া বনভূমি অন্তর্ভুক্ত নয়। ২০২৪ সালে রেকর্ড সংখ্যক অগ্নিকাণ্ডের পর ২০২৫ সালে বড় ধরনের দাবানলের ঘটনা তুলনামূলকভাবে কম ছিল। বনভূমি সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে প্রাকৃতিক কার্বন ভাণ্ডার হিসেবে কাজ করে।গবেষণায় দেখা গেছে, ব্রাজিলের ছয়টি প্রধান জীবমণ্ডল বা বাস্তুতন্ত্রেই বন উজাড়ের হার কমেছে। বিশেষজ্ঞদের মতে, নজরদারি বৃদ্ধি, আইন প্রয়োগ এবং জরিমানা প্রভৃতি পদক্ষেপের সঙ্গে এই উন্নতি সরাসরি সম্পর্কিত। তবে পরিস্থিতি এখনও উদ্বেগমুক্ত নয়। বিশ্বের বৃহত্তম বর্ষণারণ্য আমাজনে বন উজাড়ের হার ২৩.৫ শতাংশ কমলেও এখনও প্রতি সেকেন্ডে গড়ে পাঁচটি গাছ কাটা হচ্ছে।গত বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেরাদো সাভানা অঞ্চল, যা আমাজনের দক্ষিণে বিস্তৃত এক বিশাল জীববৈচিত্র্যসমৃদ্ধ সাভানা অঞ্চল। দেশের মোট বন উজাড়ের অর্ধেকেরও বেশি ঘটেছে এই এলাকায়। ম্যাপবায়োমাসের বিশ্লেষণ অনুযায়ী, মোট উদ্ভিদ আচ্ছাদন হ্রাসের ৯৯ শতাংশের জন্য দায়ী কৃষিজমির সম্প্রসারণ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়ের হার কমার প্রবণতা ইতিবাচক হলেও আমাজন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষায় এখনও দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক উদ্যোগের প্রয়োজন রয়েছে।

 

France 24 ; May ; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =