এ আই-এর চাহিদা ও চিপ প্রযুক্তি

এ আই-এর চাহিদা ও চিপ প্রযুক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ এপ্রিল, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির বিস্ফোরক বিকাশ বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর শিল্পকে বেশ চাপে ফেলেছে। এই প্রেক্ষাপটে, ২০২৬ সালের ২ এপ্রিল প্রকাশিত এবং ৯ এপ্রিল সংশোধিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে বিপুল চাহিদা সৃষ্ট হয়েছে। সেই চাহিদা পূরণে এক নতুন ধরনের কম্পিউটার-চিপ প্রযুক্তি বড় অগ্রগতি এনে দিতে পারে। আজ বিশ্বে আধুনিক প্রযুক্তির এ আই -নির্ভর অ্যাপ্লিকেশন , যেমন মেশিন লার্নিং, ডেটা সেন্টার, স্বয়ংচালিত গাড়ি ও উন্নত রোবোটিক্স—এসবের জন্য অত্যন্ত শক্তিশালী ও অতি ক্ষুদ্র চিপের প্রয়োজন বাড়ছে। এই প্রেক্ষাপটে নতুন এই প্রযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই উদ্ভাবনের মূল কেন্দ্রে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী আলোক উৎস, যার আকার প্রায় একটি দোতলা বাসের সমান। এই আলোক উৎস ব্যবহার করে ফিনফিনে সিলিকন ওয়েফারের ওপর মাত্র ৮ ন্যানোমিটার (nm) প্রস্থের কাঠামো তৈরি করা সম্ভব হয়েছে। এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত চিপ-নির্মাণ প্রযুক্তিতে একক ধাপে নির্মিত ক্ষুদ্রতম কাঠামো বলে মনে করা হচ্ছে। এত ক্ষুদ্র স্কেলে কাজ করতে পারা মানে একই আকারের চিপে আরও বেশি ট্রানজিস্টর বসানো সম্ভব, যা সরাসরি চিপের ক্ষমতা ও দক্ষতা বাড়ায়।

এই প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে ব্যবহৃত হয়েছে বিশাল ও প্রায় নিখুঁত আয়না। এই আয়নাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে আলোকে নিয়ন্ত্রণ করে, যাতে সিলিকনের ওপর অত্যন্ত ক্ষুদ্র ও নিখুঁত নকশা তৈরি করা যায়। প্রচলিত প্রযুক্তির তুলনায় এই পদ্ধতি অনেক বেশি নির্ভুল, যা ভবিষ্যতের চিপ ডিজাইনে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

প্রযুক্তিটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই নতুন সিস্টেম ব্যবহার করে তৈরি চিপে আগের প্রজন্মের প্রযুক্তির তুলনায় প্রায় ২.৯ গুণ বেশি ট্রানজিস্টর বসানো সম্ভব। এর ফলে একই আকারের চিপে অনেক বেশি কম্পিউটিং ক্ষমতা পাওয়া যাবে। এ আই-এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা ।

মোটকথা, এই উদ্ভাবন কেবল একটি প্রযুক্তিগত উন্নতি নয়, বস্তুত এটি সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ রূপরেখাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সম্ভাবনা রাখে। আজ বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির কেন্দ্রে অবস্থান করছে এ আই। তাই এমন অগ্রগতি আগামী দশকের ডিজিটাল অবকাঠামো গঠনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সুত্র: Breakthrough computer-chip tech could help meet ‘monumental demand’ driven by AI By Katherine Bourzac, 9th April2026, published in Nature. doi: https://doi.org/10.1038/d41586-026-01050-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + five =