এজেন্টিক এআই – এর গতিপ্রকৃতি  

এজেন্টিক এআই – এর গতিপ্রকৃতি  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ মে, ২০২৬

স্বয়ংক্রিয় “এজেন্টিক এআই’’এখন প্রযুক্তির এক ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। যেন সদ্য হাঁটতে শেখা এক শিশু হঠাৎই দৌড় শুরু করেছে। কিন্তু তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো পুরোপুরি তৈরি নয়। ২০২৫ সালের শেষ ভাগ থেকে ২০২৬ সালের শুরুতে নো-কোড প্ল্যাটফর্ম এবং ওপেন সোর্স ব্যক্তিগত এআই এজেন্টের আবির্ভাব এই রূপান্তরকে ত্বরান্বিত করেছে। ফলে, আগে যেখানে মানুষ ধাপে ধাপে এআইকে নির্দেশ দিত, এখন সেই এআই নিজেই জটিল কাজ সম্পন্ন করছে, প্রায় মানুষের হস্তক্ষেপ ছাড়াই। এই দ্রুত অগ্রগতি যেমন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি গভর্নেন্স বা নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতাও স্পষ্ট করে দিচ্ছে।

এতদিন এআই -এর নিয়ন্ত্রণ ব্যবস্থা মূলত মডেলের আউটপুট ঝুঁকি এবং মানুষের তত্ত্বাবধানের ওপর নির্ভর করত। যেমন ঋণ অনুমোদন বা চাকরির আবেদন যাচাইয়ের ক্ষেত্রে মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নিত। কিন্তু এজেন্টিক এআই-এর লক্ষ্য হলো ব্যবসাকে মেশিনের গতিতে চালানো, যেখানে মানুষের অংশগ্রহণ কম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এআই কাজ করলেও দায়িত্ব মানুষেরই। আইনগত দৃষ্টিকোণ থেকেও এখন এই দায় এড়ানোর সুযোগ নেই। ফলে, প্রতিটি স্বয়ংক্রিয় ওয়ার্কফ্লোতে শুরু থেকেই সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কোডের মাধ্যমে যুক্ত করা অত্যন্ত জরুরি।

আরেকটি বড় চ্যালেঞ্জ হলো অনুমতি। অনেক এআই এজেন্ট একাধিক সিস্টেমে কাজ করে এবং কখনো কখনো এমন ক্ষমতা পেয়ে যায়, যা একজন মানুষেরও থাকে না। এতে উপাত্তের নিরাপত্তা ও সিস্টেম নিয়ন্ত্রণের ঝুঁকি বেড়ে যায়। এখন অসংখ্য স্বতন্ত্র এআই এজেন্ট তৈরি হয়ে একই ধরনের, কিন্তু আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে। অতীতে শ্যাডো আইটি এমন সমস্যার সৃষ্টি করেছিল। তাই প্রতিষ্ঠানগুলোর উচিত শুরু থেকেই পর্যাপ্ত বাজেট ও দক্ষ টিম গঠন করে এসব এজেন্টের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এছাড়া পরিত্যক্ত এআই সিস্টেমও একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। অনেক সময় কর্মীরা নিজেদের এআই টুল তৈরি করে, কিন্তু পরে সেগুলো ব্যবহৃত না হলেও চালু থাকে, ফলে অপ্রয়োজনীয় খরচ ও নিরাপত্তা ঝুঁকি বাড়ে। তাই এসব এজেন্টকে সময়মতো বন্ধ করার জন্য সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি।

সবশেষে, আর্থিক দিকটিও গুরুত্বপূর্ণ। এআই ব্যবহারের খরচ অনেক সময় প্রত্যাশার চেয়ে বেশি হয়ে যায়। কারণ এটি নির্দিষ্ট সফটওয়্যারের মতো নয়, এতে ব্যবহারের পরিমাণ অনুযায়ী খরচ বাড়ে। তাই শুরু থেকেই বাজেট, খরচ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ পদ্ধতির অংশ করতে হবে।

সার্বিকভাবে, এজেন্টিক এআই ব্যবসায় বিপ্লব ঘটাতে পারে, কিন্তু এর সফল ব্যবহার নিশ্চিত করতে হলে সঠিক নিয়ন্ত্রণ এবং মানুষের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সূত্র: Nurturing agentic AI beyond the toddler stage , The promise of autonomous agentic AI requires significant changes in the governance landscape, MIT Technology Review, March 16, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =