কঠিন পরিবেশে হোমো ইরেক্টাসের টিকে থাকার ক্ষমতা 

কঠিন পরিবেশে হোমো ইরেক্টাসের টিকে থাকার ক্ষমতা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ নভেম্বর, ২০২৬

মানব বিবর্তনের ইতিহাসে টিকে থাকার লড়াইয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি । আগে মনে করা হতো, প্রাচীন মানবপ্রজাতি হোমো ইরেক্টাসের নিবাস মূলত তৃণভূমি ও খোলামেলা বনাঞ্চলেই সীমাবদ্ধ ছিল। মনে করা হয়, ঘন বৃষ্টিঅরণ্যের মতো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার দক্ষতা সম্ভবত আধুনিক মানুষেরই বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু দক্ষিণ চীনে আবিষ্কৃত প্রাচীন দাঁতের জীবাশ্ম এই ধারণায় পরিবর্তন এনেছে। সাম্প্রতিক গবেষণা বলছে, প্রায় দুই লক্ষ বছর আগেও হোমো ইরেক্টাস ঘন বৃষ্টিঅরণ্য অধ্যুষিত অঞ্চলে থাকত। এই আবিষ্কার একপ্রকার প্রাচীন মানুষের পরিবেশগত অভিযোজনক্ষমতা সম্পর্কে নতুন প্রশ্ন তুলছে।

প্রায় ১৯ লক্ষ বছর আগে আফ্রিকায় আবির্ভূত হয়েছিল হোমো ইরেক্টাস। সোজা হয়ে হাঁটা, দৌড়ানো, পাথরের হাতিয়ার ব্যবহার এবং অপেক্ষাকৃত বড় মস্তিষ্কের অধিকারী এই মানবপ্রজাতি পরবর্তী সময়ে আফ্রিকা থেকে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রায় ১ লক্ষ ১০ হাজার বছর আগেও তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছে।

অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের গবেষক কিরা ওয়েস্টওয়ে ও তাঁর সহকর্মীরা দক্ষিণ চিনের গুয়াংসি প্রদেশের দুটি চুনাপাথরের গুহায় অনুসন্ধান চালিয়ে ১০ হাজারেরও বেশি প্রাণীর দাঁতের জীবাশ্ম আবিষ্কার করেছেন। এর মধ্যে আছে ওরাংওটাং, বানর, বুনো শূকরসহ বিভিন্ন প্রাণীর দাঁত। পাশাপাশি পাওয়া গেছে প্রাচীন মানবগোষ্ঠীর নয়টি দাঁত। বিভিন্ন পদ্ধতিতে জীবাশ্ম ও আশপাশের পলির বয়স নির্ধারণ করে দেখা যায়, এগুলি প্রায় ১ লক্ষ ৮৪ হাজার থেকে ৩ লক্ষ ২৪ হাজার বছরের পুরোনো।

নয়টি দাঁতের মধ্যে আটটির আকৃতি হোমো ইরেক্টাসের সঙ্গে মেলে। দাঁতের এনামেলে সংরক্ষিত প্রাচীন প্রোটিনের গঠন বিশ্লেষণ করেও সেই পরিচয় নিশ্চিত করেছেন গবেষকরা। নবম দাঁতটির পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। সেটা ডেনিসোভান নামক আরেক প্রাচীন মানবগোষ্ঠীরও হতে পারে।

এই অঞ্চলে ওরাংওটাং, চিতাবাঘ ও বিভিন্ন বনাঞ্চলের প্রাণীর জীবাশ্ম এবং দাঁতে কার্বন আইসোটোপের উপস্থিতি বিশ্লেষণ করে গবেষকরা বুঝতে পেরেছেন, তখন সেখানে ঘন বৃষ্টিঅরণ্যের পরিবেশ ছিল। হোমো ইরেক্টাসের তিনটি দাঁতেও একই ধরনের রাসায়নিক সংকেত পাওয়া গিয়েছে।

তবে এই আবিষ্কার প্রমাণ করে না যে তারা অরণ্যের গভীরতম অংশে থাকত। বড় বড় তৃণভোজী প্রাণীর চলাচলে গড়ে ওঠা খোলা জায়গাও তাদের আশ্রয়স্থল হয়ে থাকতে পারে। তা সত্ত্বেও গবেষণা অনুসারে যা বোঝা যাচ্ছে , পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রাচীন মানুষের মধ্যেও যথেষ্ট বিকশিত হয়েছিল। ফলে আধুনিক মানুষই যে সব ধরনের পরিবেশে টিকে থাকার ক্ষমতা যুক্ত একমাত্র দক্ষ মানবপ্রজাতি, সেই চিরাচরিত ধারণা আর নিরঙ্কুশ থাকছে না।

সূত্রঃ Kings of the jungle? This early human had surprising survival skills that rivalled ours Teeth found in south China challenge the idea that Homo erectus lived only in woodlands and on savannahs. 18 November 2026, Nature.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =