কর্নিয়ার চিকিৎসায় দ্বৈত স্টেম সেল থেরাপি 

কর্নিয়ার চিকিৎসায় দ্বৈত স্টেম সেল থেরাপি 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউ সি এল) গবেষকেরা প্রথমবারের মতো মানুষের ওপর দুই ধরনের স্টেম সেল মিলিয়ে তৈরি এক অভিনব চিকিৎসার প্রয়োগ করলেন। এর ফলে চোখের বিরল জিনঘটিত রোগ অ্যানিরিডিয়া রিলেটেড কেরাটোপ্যাথি (ARK)-তে দৃষ্টিশক্তি ও চোখের পৃষ্ঠের অবস্থার উন্নতি ঘটেছে। গবেষণার বিবরণটি বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে জামা অপথ্যালমোলজি জার্নালে।

ARK রোগের জটিলতা ধীরে ধীরে বাড়ে। এতে চোখের কর্নিয়ার স্বচ্ছতা নষ্ট হতে থাকে এবং শেষ পর্যন্ত দৃষ্টিশক্তি বরাবরের মতো হ্রাস পায়। রোগটি মূলত PAX6 জিনের মিউটেশনের কারণে হয়ে থাকে। এই জিনগত ত্রুটির কারণে কর্নিয়া ও চোখের সাদা অংশের সীমান্তে থাকা লিম্বল স্টেম সেলের ঘাটতি দেখা দেয়। ফলে স্বাভাবিক কর্নিয়ার পরিবর্তে আশপাশের অস্বাভাবিক কোষকলা কর্নিয়ার ওপর ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে কর্নিয়া ঘোলাটে ও দাগযুক্ত হয়ে দৃষ্টিশক্তি দুর্বল করে।

এই সমস্যার মোকাবিলায় গবেষকেরা কোলাজেন দিয়ে তৈরি একটি বিশেষ স্ক্যাফোল্ড বা জৈব ভারা তৈরি করেন। এতে একসঙ্গে দুই ধরনের স্টেম সেল ব্যবহার করা হয় – লিম্বল এপিথেলিয়াল স্টেম সেল এবং স্ট্রোমাল স্টেম সেল। ভারাটি ক্ষতিগ্রস্ত চোখের নির্দিষ্ট অংশে স্থাপন করে স্টেম সেলগুলোকে সরাসরি সেখানে পৌঁছে দেওয়া হয়।

প্রাথমিকভাবে মানুষের উপর পরীক্ষায় মোট নয়জন রোগী অংশ নেন। প্রত্যেকের একটি চোখে চিকিৎসাটি প্রয়োগ করা হয় এবং অন্য চোখকে তুলনার জন্য চিকিৎসাহীন রাখা হয়। দেখা যায়, চিকিৎসাধীন চোখের পৃষ্ঠের স্কোর উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তিন মাস পর গড় স্কোর ৯.৪ থেকে কমে ৫.৯-এ নেমে আসে এবং ১২ মাস পরও তা ৬.৭ ছিল। বিপরীতে চিকিৎসাহীন চোখে একই সময়ে তেমন কোনো উন্নতি দেখা যায়নি। শুধু চোখের পৃষ্ঠের অবস্থাই নয়, দৃষ্টিশক্তিতেও বেশ তাৎপর্যপূর্ণ উন্নতি দেখা গেছে। ETDRS দৃষ্টি পরীক্ষায় রোগীরা গড়ে ২৪টি অক্ষর বেশি পড়তে সক্ষম হন, যা প্রচলিত চোখ পরীক্ষার চার্টে প্রায় পাঁচটি লাইনের সমান উন্নতি।

গবেষকদের মতে, এই বিরল চক্ষুরোগটির কোনো কার্যকর চিকিৎসা এতদিন ছিল না। তবে মাত্র নয়জন রোগীর ওপর পরীক্ষা হয়েছে , প্রয়োজন আরও বড় ও দীর্ঘমেয়াদি ক্লিনিক্যাল ট্রায়ালের। সফল হলে ভবিষ্যতে এই পদ্ধতিকে ব্রিটেনের ন্যাশনাল হেলথ স্কিমের নিয়মিত চিকিৎসা হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

 

সূত্র: “Combined Limbal Epithelial and Stromal Cell Transplant for Aniridia-Related Keratopathy: A Nonrandomized Clinical Trial” by Abigail Eve Kaye, Louise Morgan, et.al; 23rd July 2026, published in JAMA Ophthalmology.

DOI: 10.1001/jamaophthalmol.2026.2701

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =