কাকের বুদ্ধি -বিবেচনা

কাকের বুদ্ধি -বিবেচনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ নভেম্বর, ২০২৬

পরিপার্শ্ব থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাখিদের উড়ে চলা, খাবার খোঁজা কিংবা শিকারি এড়ানোর ক্ষেত্রে চোখে দেখা তথ্য দ্রুত বুঝে নেওয়া জরুরি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, এই কাজে কাক মানুষের চেয়েও অনেক দ্রুত। মাত্র এক-চতুর্থাংশ সেকেন্ডেরও কম সময়ে দৃশ্যমান তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে তারা। মানুষের ও বানরের তুলনায় তাদের এই ক্ষমতা প্রায় দ্বিগুণ দ্রুত। কেবল দ্রুত সিদ্ধান্ত নেওয়াই নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কাকেরা বেশ দক্ষ।

জার্মানির টিউবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ শ্মিডবাউয়ার ও অধ্যাপক আন্দ্রেয়াস নিডার দুটি দাঁড়কাকের ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পেয়েছেন। গবেষণায় কাকদের সামনে একটি টাচস্ক্রিনে সাদা বিন্দুর চলাচলের বিভিন্ন নকশা দেখানো হয়। বিন্দুগুলির অধিকাংশ ডান দিকে না বাঁ দিকে এগোচ্ছে, তা চিহ্নিত করতে বলা হয় পাখিদের। সঠিক দিক বোঝাতে পর্দার সংশ্লিষ্ট পাশে ঠোক্কর দিতে হবে। কিছু ক্ষেত্রে বিন্দুগুলির গতিপথ সহজে বোঝা গেলেও, অন্য ক্ষেত্রে তা ছিল বেশ জটিল।

দেখা যায়, কাকেরা গড়ে মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নিতে পারছে। এমনকী বিন্দুগুলির গতিপথ স্পষ্ট না হলেও তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনুমানের চেয়ে অনেক ভালো। আর যখন গতিমুখ পরিষ্কার, তখন তাদের সঠিক উত্তর দেওয়ার হার প্রায় ১০০ শতাংশে পৌঁছেছিল।

কাকের মস্তিষ্ক কীভাবে এত দ্রুত এই কাজ করে, তা জানতে গবেষকরা তাদের মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। বিশেষ নজর দেওয়া হয় নিডোপ্যালিয়াম কাউডোল্যাটেরাল নামের একটি অংশে। পাখির মস্তিষ্কের এই অঞ্চল তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের সঙ্গে এর কার্যগত মিল রয়েছে।

পরীক্ষায় দেখা যায়, পর্দায় চলমান বিন্দু দেখা দেওয়ার মাত্র ৭০ মিলিসেকেন্ডের মধ্যেই কাকের মস্তিষ্ক তাদের গতির অভিমুখ শনাক্ত করতে শুরু করে। এরপর স্নায়ুকোষগুলির সক্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছলে সিদ্ধান্ত নেওয়া সম্পন্ন হয়।

আরেকটি বিশেষ বিষয় হলো, মানুষের মতো পাখিদের মস্তিষ্কে স্তরবিন্যস্ত সেরিব্রাল কর্টেক্স নেই। তা সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে উভয়ের মস্তিষ্কে একই ধরনের মৌলিক স্নায়বিক প্রক্রিয়া কাজ করে।

গবেষকদের ধারণা, দ্রুত উড়ে চলার সময় বাধা এড়ানো, নির্ভুলভাবে খাবার খুঁজে নেওয়া এবং ঠোঁট দিয়ে শিকার ধরা প্রভৃতি কাজের প্রয়োজন থেকেই পাখিদের মস্তিষ্কে এই দ্রুত তথ্য বিশ্লেষণের ক্ষমতা তৈরি হয়েছে। তবে মানুষের তুলনায় কাকের মস্তিষ্ক ঠিক কোন প্রক্রিয়ায় এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

 

সূত্র: “Ultrarapid decision-making in an avian brain” by Philipp Schmidbauer and Andreas Nieder, 22 October 2026, Science. DOI: 10.1126/science.aed6459

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =