কুমেরুর ওজোন-ছিদ্রের হাল হকিকত  

কুমেরুর ওজোন-ছিদ্রের হাল হকিকত  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ নভেম্বর, ২০২৬

পৃথিবীর প্রাকৃতিক সুরক্ষাকবচ ওজোনস্তর। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে এই স্তর মানুষ, প্রাণী ও উদ্ভিদের ডিএনএ-কে রক্ষা করে। কিন্তু গত শতাব্দীর আশির দশকে বিজ্ঞানীরা দেখেন, অ্যান্টার্কটিকার আকাশে প্রতি বসন্তে ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এই সুরক্ষাকবচ। জন্ম নেয় ‘ওজোন হোল’ বা ওজোন-ছিদ্রের ধারণা। ১৯৭৯ সালের আগে বায়ুমণ্ডলে ওজোনের ঘনত্ব কখনও ২২০ ডবসন ইউনিটের (DU) নীচে নামতে দেখা যায়নি। ১৯৮৫ সালে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানীরা হ্যালি রিসার্চ স্টেশনে মাটিভিত্তিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম এই বিপজ্জনক পরিবর্তনের কথা জানান। পরে নাসার উপগ্রহচিত্রে ধরা পড়ে, অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কমে যাচ্ছে ওজোনের পরিমাণ। ১৯৭৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগৃহীত উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, কীভাবে বছরের পর বছর বদলেছে এই ওজোন-ছিদ্রের আয়তন ও গভীরতা। ১৯৭৯ সালে এর গভীরতম অংশে ওজোনের ঘনত্ব ছিল ১৯৪ ডবসন ইউনিট। ১৯৮২ সালে তা কমে দাঁড়ায় ১৭৩, ১৯৮৩ সালে ১৫৪ এবং ১৯৮৫ সালে মাত্র ১২৪। ১৯৯১ সালে প্রথমবারের মতো ঘনত্ব ১০০ ডবসন ইউনিটের নীচে নেমে যায়। ১৯৯৪ সালের ৩০ সেপ্টেম্বর তৈরি হয় রেকর্ড-ওজোনের ঘনত্ব নেমে আসে মাত্র ৭৩ ডবসন ইউনিটে। তবে গভীরতম ও বৃহত্তম ওজোন-ছিদ্র একই বছরে তৈরি হয়নি। আয়তনের বিচারে সবচেয়ে বড় ছিল ২০০৬ সালের ওজোন-ছিদ্র। আশির দশক থেকে নব্বইয়ের দশকের গোড়ার দিকে দ্রুত বাড়তে থাকা এই ছিদ্র একুশ শতকের গোড়ায় মোটামুটি স্থিতিশীল হতে শুরু করে। ২০২৬ সালেও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। অ্যান্টার্কটিকার উপর অস্বাভাবিক শক্তিশালী মেরু ঘূর্ণাবর্ত বা পোলার ভর্টেক্স তৈরি হওয়ায় ওজোন ধ্বংসের অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। ৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত গড় আয়তনের নিরিখে ৪৮ বছরের পর্যবেক্ষণে এটি ছিল সপ্তম বৃহত্তম ওজোন-ছিদ্র। ১৮ সেপ্টেম্বর এর আয়তন পৌঁছেছিল বার্ষিক সর্বোচ্চ সীমায়। তবে গভীরতার বিচারে এটি অতীতের বৃহত্তম ছিদ্রগুলির মতো ভয়াবহ ছিল না। আসলে ‘ওজোন-ছিদ্র’ বলতে বায়ুমণ্ডলের এমন কোনও অঞ্চলকে বোঝায় না, যেখানে ওজোন একেবারেই নেই। এটি এমন একটি এলাকার নাম, যেখানে ওজোন ঘনত্বের ঐতিহাসিক সীমা ২২০ ডবসন ইউনিটের নীচে নেমে যায়। বায়ুমণ্ডলের তাপমাত্রা ও বায়ুপ্রবাহের পরিবর্তনের সঙ্গে এর আয়তন ও গভীরতাও বদলায়। তাপমাত্রা যত কমে, সাধারণত ওজোন-ছিদ্র তত বড় ও গভীর হয়। এই বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ১৯৩০-এর দশক থেকে রেফ্রিজারেটর ও অ্যারোসল স্প্রেতে ব্যবহৃত এইসব রাসায়নিক বায়ুমণ্ডলে কয়েক দশক ধরে টিকে থাকতে পারে। বায়ুমণ্ডলের উপরে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছে অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু মুক্ত করে দেয়। এই ক্লোরিন বারবার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন অণু ধ্বংস করে। মানুষের তৈরি ব্রোমিনযুক্ত রাসায়নিকও এই ক্ষতির জন্য দায়ী। বিপদের এই আন্তর্জাতিক স্বীকৃতি থেকেই ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয় মন্ট্রিয়ল প্রোটোকল। এর লক্ষ্য ছিল ওজোন স্তর ধ্বংসকারী রাসায়নিকের উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বন্ধ করা। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, বর্তমানে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ক্লোরিনের প্রায় ৮০ শতাংশই মানুষের তৈরি রাসায়নিক থেকে এসেছে। তবে আশার কথাও রয়েছে। ২০১৮ সালে উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, ২০০৫ থেকে ২০১৬ সালের মধ্যে অ্যান্টার্কটিকার শীতকালে ওজোন ধ্বংসের হার প্রায় ২০ শতাংশ কমেছে। ২০১৯ সালে অস্বাভাবিক বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে ওজোন-ছিদ্রের আয়তন ১৯৮২ সালের পর সর্বনিম্ন হয়েছিল। তবুও বিপদ পুরোপুরি কাটেনি। বায়ুমণ্ডলে জমে থাকা ক্লোরিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের মাত্রা ১৯৮০ সালের আগের অবস্থায় ফিরতে আরও কয়েক দশক সময় লাগবে। বিজ্ঞানীদের অনুমান, অ্যান্টার্কটিকার ওজোনস্তর ১৯৮০ সালের অবস্থায় ফিরতে পারে ২০৭০-এর দশকে। অ্যান্টার্কটিকার ওজোন-ছিদ্র তাই শুধু একটি পরিবেশগত বিপর্যয়ের ইতিহাস নয়, মানুষের কর্মকাণ্ডে পৃথিবীর বায়ুমণ্ডল কতটা বদলে যেতে পারে এবং সম্মিলিত উদ্যোগে সেই ক্ষতি কতটা সামাল দেওয়া সম্ভব, তারও এক গুরুত্বপূর্ণ নজির।

 

সূত্র: https://science.nasa.gov/earth/earth-observatory/ozone-hole-reaches-its-2026-maximum/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =