কৃমির আয়ুবর্ধক চুম্বকীয় ব্যাকটেরিয়া

কৃমির আয়ুবর্ধক চুম্বকীয় ব্যাকটেরিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ অক্টোবর, ২০২৬

বার্ধক্যকে ধীর করার চেষ্টায় বিজ্ঞানীরা এতদিন ওষুধ, খাদ্যাভ্যাস ও জিনগত পরিবর্তন প্রভৃতি পথ খুঁজেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো এক অপ্রত্যাশিত জৈব চুম্বক গঠনকারী ব্যাক্টেরিয়া। এ বিষয়ে গবেষণা করেছেন চীনের হেফেই ইনস্টিটিউটস অব ফিজিক্যাল সায়েন্স, চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধ্যাপক আন শু। তাঁর নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, Magnetospirillum magneticum AMB-1 নামের একটি ম্যাগনেটোট্যাকটিক ব্যাকটেরিয়া Caenorhabditis elegans নামের ক্ষুদ্র নেমাটোড কৃমির গড় আয়ু ৪৩.৩৯ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। শুধু আয়ু বৃদ্ধি নয়, বয়স বাড়ার সঙ্গে কৃমির স্নায়ুতন্ত্র ও অন্ত্রের স্বাভাবিক গঠনও তুলনামূলকভাবে ভালো থাকে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ফ্রি রাডিক্যাল বায়োলজি অ্যান্ড মেডিসিন জার্নালে। ম্যাগনেটোট্যাকটিক ব্যাকটেরিয়ার বিশেষত্ব হলো, তাদের কোষে ম্যাগনেটোসোম নামে ক্ষুদ্র চুম্বকীয় গঠন থাকে। পরিবেশে নিজেদের অবস্থান নির্ধারণে এগুলি ব্যাকটেরিয়াকে চৌম্বক ক্ষেত্র অনুসরণ করতে সাহায্য করে। এতদিন এই ধরনের ব্যাকটেরিয়ার সম্ভাব্য ব্যবহার মূলত ওষুধ পৌঁছে দেওয়া বা ক্যানসার চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে আলোচিত হয়েছে। বার্ধক্য নিয়ন্ত্রণে তাদের ভূমিকা তুলনামূলকভাবে অনাবিষ্কৃত ছিল।

গবেষকরা C. elegans-কে AMB-1 দিয়ে পরীক্ষা করে দেখেন, ব্যাকটেরিয়াটি কেবল আয়ু বাড়ায় না, স্বাস্থ্যকর বার্ধক্য বজায় রাখতেও সাহায্য করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রভাবের সঙ্গে ব্যাকটেরিয়ার ম্যাগনেটোসোম তৈরির ক্ষমতার সরাসরি সম্পর্ক পাওয়া যায়। স্বাভাবিকভাবে ম্যাগনেটোসোম তৈরিতে সক্ষম AMB-1 বেশি কার্যকর। বিপরীতে, ম্যাগনেটোসোম তৈরি করতে অক্ষম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আয়ু বাড়ানোর উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে ফেরোপটোসিস নামের এক ধরনের কোষমৃত্যুর প্রক্রিয়ায়। কোষে অতিরিক্ত লোহা জমা এবং চর্বিজাত অণুর অক্সিডেটিভ ক্ষতির সঙ্গে যুক্ত এই প্রক্রিয়া বার্ধক্য ও বিভিন্ন রোগের সঙ্গে সম্পর্কিত। AMB-1 চিকিৎসায় কৃমির শরীরে লোহার সঞ্চয় এবং লিপিড পারক্সিডেশন কমে যায়। ফলে ফেরোপটোসিসও দমন হয়। জিনগত বিশ্লেষণে ftn-1, bli-3 এবং ads-1-সহ ফেরোপটোসিস-সম্পর্কিত কয়েকটি জিনের ভূমিকারও সন্ধান পাওয়া যায়।

অর্থাৎ, চুম্বকীয় ব্যাকটেরিয়া সম্ভবত কোষের লৌহ-নিয়ন্ত্রণ ও অক্সিডেটিভ ক্ষতির ভারসাম্য বজায় রেখে ক্ষতিকর কোষমৃত্যু কমায়, যার ফল হিসেবে দীর্ঘতর ও তুলনামূলকভাবে সুস্থ জীবনকাল দেখা যায়। তবে এটি এখনও কৃমির ওপর পরীক্ষিত গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা হিসেবে এর কার্যকারিতা বা নিরাপত্তা এখনো অপ্রমাণিত। ভবিষ্যতে নির্দিষ্ট ব্যাকটেরিয়া ও তাদের চুম্বকীয় অঙ্গাণুকে কাজে লাগিয়ে বার্ধক্য-সম্পর্কিত ক্ষয়প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যাবে বলেই মনে হয়।

 

সূত্র:Yuting Ding, Xinyao Huang, Yanan Zhao, Ruoyun Dong, Chenxi Zhou, Yuanyuan Wu, Hua Du, Juan Wan, Yun Liu, An Xu. A novel role for magnetotactic bacterium: Magnetospirillum magneticum AMB-1 prolonged healthy lifespan of Caenorhabditis elegans via regulating ferroptosis. Free Radical Biology and Medicine, 2026; 254: 434 DOI: 10.1016/j.freeradbiomed.2026.06.050

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =