মানবদেহের প্রতিটি ক্রোমোজোম একটি নির্দিষ্ট নকশা মেনে তৈরি। দুই প্রান্তে থাকে টেলোমিয়ার, যা জিনগত উপাদানকে ক্ষয় ও ক্ষতি থেকে রক্ষা করে। আর প্রায় মাঝামাঝি জায়গায় থাকে সেন্ট্রোমিয়ার। এটি কোষ বিভাজনের সময় তৈরি হওয়া ক্রোমোজোমের প্রতিলিপিকে সঠিকভাবে দু- দিকে আলাদা করার ব্যাপারে সাহায্য করে। বিজ্ঞানীরা এতদিন মনে করতেন, অবস্থান, ডিএনএর গঠন, সংশ্লিষ্ট প্রোটিন ও কাজ, সব দিক থেকেই টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ার আলাদা। কিন্তু পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ও ইউপিএমসি হিলম্যান ক্যানসার সেন্টারের গবেষকেরা দেখেছেন, কিছু আক্রমণাত্মক ক্যানসারে টেলোমিয়ারের মধ্যেই ঢুকে পড়ছে সেন্ট্রোমিয়ারের ডিএনএ। পরীক্ষাগারে বর্ধিত ক্যানসার কোষ, রোগীদের টিউমার এবং শিশুদের নিউরোব্লাস্টোমার নমুনা- সব ক্ষেত্রেই মিলেছে এই অস্বাভাবিক বিন্যাসের প্রমাণ। ক্যানসার কোষকে টিকে থাকতে হলে টেলোমিয়ার ছোট হয়ে যাওয়ার স্বাভাবিক বাধা এড়াতে হয়। প্রায় ৮৫–৯০ শতাংশ ক্যানসার টেলোমেরেজ এনজাইম ব্যবহার করে টেলোমিয়ার পুনর্গঠন করে। অন্যদিকে প্রায় ৫–১০ শতাংশ ক্যানসার ব্যবহার করে টেলোমিয়ারের বিকল্প দৈর্ঘ্যবৃদ্ধি পদ্ধতি (ALT)। এই পদ্ধতিতে একটি ক্রোমোজোমের টেলোমিয়ার-সংক্রান্ত ডিএনএ অন্য ক্রোমোজোমের টেলোমিয়ার তৈরিতে ব্যবহৃত হয়। কিছু নির্দিষ্ট ক্যান্সারে, যেমন শিশুদের নিউরোব্লাস্টোমায়, ALT বিশেষ ভাবে সক্রিয় হয় । তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে, ALT-নির্ভর ক্যানসার কোষের টেলোমিয়ারে ঢুকে যাচ্ছে আলফা-স্যাটেলাইট রিপিট, যা সেন্ট্রোমিয়ারের এক বৈশিষ্ট্যপূর্ণ ডিএনএ। ALT-পজিটিভ টিউমারে এই মিশ্র ডিএনএ ALT-নেগেটিভ টিউমারের তুলনায় অনেক বেশি। ডিমেলো-সিক প্রযুক্তির সাহায্যে তাঁরা টেলোমিয়ারের প্রান্তে CENP-A প্রোটিনের উপস্থিতিও শনাক্ত করেছেন—যা সক্রিয় সেন্ট্রোমিয়ারের অন্যতম পরিচয়। প্রথমে ফলটি গবেষকদের কাছেও অবিশ্বাস্য মনে হয়েছিল। কারণ টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ার এমন দুটি অঞ্চল, যাদের মধ্যে সাধারণত একে অপরের সঙ্গে যোগাযোগ থাকার কথা নয়। কিন্তু বারবার পরীক্ষায় একই ফল মেলে। এই অস্বাভাবিকতার পেছনে থাকতে পারে ATRX নামের একটি ক্রোমাটিন নিয়ন্ত্রকের অনুপস্থিতি। ALT ক্যানসার কোষে ATRX হারিয়ে গেলে টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারের স্বাভাবিক সীমারেখা দুর্বল হয়ে পড়ে। ফলে সেন্ট্রোমিয়ারের ডিএনএ টেলোমিয়ারে ঢুকে পড়তে পারে। তাছাড়া এই অস্বাভাবিক ডিএনএ সরিয়ে দিলে টেলোমিয়ার অস্থিতিশীল হয়ে পড়ে এবং ALT কার্যকলাপ কমে যায়। অর্থাৎ এটি নিছক ভুল নয়, ক্যানসার কোষের বেঁচে থাকার জন্য এটি গুরুত্বপূর্ণও হতে পারে। ক্যানসার কোষ ক্রোমোজোমের দুই ভিন্ন অঞ্চলের মধ্যে যে অপ্রত্যাশিত সেতু তৈরি করেছে, সেটি হয়তো ভবিষ্যতের ক্যানসার গবেষণায় খুলে দিতে পারে নতুন দরজা।
সূত্র: Earth . com; August 2026
