বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ধানের ফলনের ক্ষতি এতদিন যা অনুমান করা হচ্ছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিশ্বের ধানের উৎপাদন ৮.১ শতাংশ পর্যন্ত কমতে পারে। যেখানে বর্তমান বৈশ্বিক কৃষি মডেলে এই ক্ষতি ৩.৮ শতাংশ বলে ধরা হয়। গবেষকদের মতে, ধানের ফুল ফোটা ও দানা ভরার সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতিদিন ফলন ১.১–১.৮ শতাংশ পর্যন্ত কমে। কারণ অতিরিক্ত তাপে ফুলের প্রজনন টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ফুলে ধান ধরে না। চীনের ১২টি ধানচাষ অঞ্চলসহ ২১৪টি সমীক্ষা বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, বৈশ্বিক কৃষি মডেলগুলো এই গুরুত্বপূর্ণ ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে না। ফলে খাদ্য উৎপাদনের ভবিষ্যৎ পূর্বাভাস বাস্তবের তুলনায় বেশি আশাবাদী হয়ে পড়ছে। সংশোধিত মডেল অনুযায়ী, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নে ধানের ফলন হ্রাসের সম্ভাবনা ২.১ শতাংশ থেকে বেড়ে ৬.৬ শতাংশে পৌঁছায়। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে হলে ভবিষ্যতের কৃষি মডেলে অতিরিক্ত তাপে ধানের ফুলে ধান না ধরার প্রক্রিয়াটিকে অন্তর্ভুক্ত করা জরুরি।
সূত্র: Earth. com ; August 2026
