চাঁদের বুকে নয়া গহ্বর

চাঁদের বুকে নয়া গহ্বর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি চাঁদের বুকে একটি বিশাল গহ্বরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গহ্বরটি তৈরি হয়েছে মাত্র দুই বছর আগে একটি শক্তিশালী মহাজাগতিক সংঘর্ষের ফলে। প্রায় ২২২ মিটার চওড়া এবং সর্বোচ্চ ৪৩ মিটার গভীর এই খাদটি এতটাই বড় যে এর আয়তন পৃথিবীর বিখ্যাত রোমান কলোসিয়ামের চেয়েও বেশি। বিজ্ঞানীদের মতে, এটি সৌরজগতে সাম্প্রতিক সময়ের ব্ররহত্তম আঘাত-গহ্বর বা ইমপ্যাক্ট ক্রেটার।

চাঁদের পৃষ্ঠদেশে এমন সংঘর্ষ নতুন কিছু নয়। কোটি কোটি বছর ধরে গ্রহাণু, ধূমকেতু ও তাদের খণ্ডাংশের আঘাতে চাঁদের গায়ে অসংখ্য গহ্বর তৈরি হয়েছে। তবে এই নতুন গহ্বরটির বিশেষত্ব হল—এটি তৈরি হয়েছে খুব সম্প্রতি এবং বিজ্ঞানীরা প্রায় ঘটনাচক্রেই এটিকে শনাক্ত করেছেন। গবেষকদের হিসাব অনুযায়ী, এত বড় মাপের সংঘর্ষ গড়ে প্রায় ১৩২ বছরে একবার ঘটতে পারে। ফলে মহাজাগতিক দৃষ্টিতে এটি বিরল একটি ঘটনা।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের মে মাসে। NASA-র Lunar Reconnaissance Orbiter (LRO) চাঁদের পৃথিবীমুখী অংশে এ নতুন গহ্বরটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে, একটি গ্রহাণু বা ধূমকেতুর খণ্ড চাঁদের পৃষ্ঠে প্রচণ্ড বেগে আছড়ে পড়ার ফলেই এই বিশাল খাদ তৈরি হয়েছে। আশ্চর্যের বিষয়, পৃথিবী ও মহাকাশে থাকা বিভিন্ন দূরবীক্ষণযন্ত্র ঘটনাটিকে ঘটার সময় শনাক্ত করতে পারেনি।

LRO-এর ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় তোলা ছবিতে প্রথমে গহ্বরটির উপস্থিতি ধরা পড়লেও বিপুল পরিমাণ তথ্যের ভিড়ে সেই ছবি নজর এড়িয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৫ সালের আগস্টে বিজ্ঞানীরা পুরোনো তথ্য বিশ্লেষণ করতে গিয়ে গহ্বরটির সন্ধান পান। এরপর গত বছরের শরতে LRO আরও বিস্তারিত ছবি সংগ্রহ করে এবং চলতি বছরের শুরুতে আবিষ্কারটি নিশ্চিত করা হয়।

নতুন গহ্বরটিকে হিউস্টনের লুনার অ্যান্ড প্ল্যানেটরি ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক টমাস ম্যাকগেটচিন-এর নামাঙ্কিত করা হয়েছে। এটি প্রায় এক দশক আগে LRO-র আবিষ্কৃত আগের রেকর্ডধারী গর্তটির তুলনায় প্রায় তিন গুণ বড়।

বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কার অত্যন্ত মূল্যবান। কারণ ভবিষ্যতে চাঁদে নভোচারীদের ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে NASA। নতুন এই সংঘর্ষের তথ্য বিশ্লেষণ করে চাঁদের পৃষ্ঠে মহাজাগতিক বস্তুর আঘাতের হার, তার শক্তি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ভবিষ্যতের চন্দ্রাভিযান ও নিরাপত্তা পরিকল্পনাতেও এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

সূত্র: https://apnews.com/article/moon-lunar-crater-space-nasa-80eea242ad275fda1f7a88587cdccd2f?utm_source=Live+Audience&utm_campaign=bf54830c85-nature-briefing-daily-20260917&utm_medium=email&utm_term=0_-33f35e09ea-49905

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =