হৃদ্যন্ত্রের ভিতরের জটিলতা এবার দেখল কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ। সেই চোখের নির্দেশ মেনে অস্ত্রোপচারও করল রোবট। চীনের বিজ্ঞানী চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত আল্ট্রাসাউন্ড রোবটের সাহায্যে জন্মগত হৃদ্রোগের সফল চিকিৎসা করে চিকিৎসাবিজ্ঞানে নতুন নজির গড়লেন। ৫ সেপ্টেম্বর ২০২৬, চীনের 301 হসপিটাল/ সিক্সথ মেডিক্যাল সেন্টারের হৃদ্রোগ বিশেষজ্ঞরা ৪৮ বছর বয়সি এক ব্যক্তির উপর ট্রান্সক্যাথেটার ক্লোজার নামক পদ্ধতি সফলভাবে প্রয়োগ করেছেন ।
এই সাফল্যের কেন্দ্রে রয়েছে এক বিশেষ রোবোটিক ব্যবস্থা, যেটি শুধুই চিকিৎসকের নির্দেশে যন্ত্র চালায় না, আল্ট্রাসাউন্ডের ছবি নিজেই পড়ে নিয়ে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সাহায্য করে। প্রচলিত ইন্টারভেনশনাল রোবট যেখানে মূলত ক্যাথেটার বা চিকিৎসা-যন্ত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করে, এই নতুন ব্যবস্থা সেখানে ছবি বিশ্লেষণ এবং অস্ত্রোপচার পরিচালনাকে একই প্রক্রিয়ায় যুক্ত করেছে।
অস্ত্রোপচারের সময় রোবট স্বয়ংক্রিয়ভাবে আল্ট্রাসাউন্ড ছবি সংগ্রহ করে, হৃদ্যন্ত্রের ত্রুটিপূর্ণ অংশ শনাক্ত করে এবং তৎক্ষণাৎ চিকিৎসার পথ নির্দেশ করে। সেই তথ্যের ভিত্তিতে চিকিৎসকেরা ত্রুটি সংশোধন করার অবরোধকটিকে সঠিক জায়গায় স্থাপন করেন। ফলে জটিল প্রক্রিয়ায় মনুষ্য-কৃত ভুলের সম্ভাবনা কমে, চিকিৎসার নির্ভুলতা বাড়ে এবং অস্ত্রোপচারের সময়ও কমানো সম্ভব হয়।
এই প্রযুক্তির তাৎপর্য শুধু একটি সফল অস্ত্রোপচারে সীমাবদ্ধ নয়। জটিল হৃদযন্ত্রের গঠনগত রোগের চিকিৎসায় এতদিন চিকিৎসকের অভিজ্ঞতা ও আল্ট্রাসাউন্ড-নির্ভর দক্ষতার উপর যে নির্ভরতা ছিল, এই প্রক্রিয়া তাকে অনেকটাই কমাতে পারে। এর দৌলতে ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রযুক্তি রোগীর আরও কাছে এবং অপেক্ষাকৃত কম দক্ষতাসম্পন্ন চিকিৎসাকেন্দ্রেও পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
আরও বড় সম্ভাবনা লুকিয়ে রয়েছে হাসপাতালের বাইরের ব্যবহারে। যুদ্ধক্ষেত্র বা দুর্ঘটনাস্থলে দ্রুত আঘাত শনাক্ত করা, দূরবর্তী স্থান থেকে রোবটের মাধ্যমে অস্ত্রোপচার করা এবং প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসার সহায়তা করা —সব ক্ষেত্রেই এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি শুধুমাত্র রোবটের সাহায্যে একটা অস্ত্রোপচারই নয়; বরং AI-এর চোখ, রোবটের হাত এবং চিকিৎসকের সিদ্ধান্ত, এই তিনের সমন্বয়ে গড়ে ওঠা ভবিষ্যৎ চিকিৎসার এক বাস্তব রূপ।
সূত্র: https://interestingengineering.com/science/world-first-ai-backed-ultrasound-robot-congenital-heart-surgery-completed-in-china, Sep 06, 2026
