চুম্বকের সাহায্যে তৈরি কৃত্রিম রক্তনালি

চুম্বকের সাহায্যে তৈরি কৃত্রিম রক্তনালি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ আগষ্ট, ২০২৬

ক্ষতিগ্রস্ত টিস্যু বা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় বাধা হল রক্তনালির জটিল নেটওয়ার্ক তৈরি করা। কারণ নতুন টিস্যুতে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে অসংখ্য সূক্ষ্ম রক্তনালির প্রয়োজন। প্রচলিত ত্রিমাত্রিক প্রিন্টিংয়ে এত সূক্ষ্ম কৈশিক নালি তৈরি করা কঠিন। এহেন সমস্যার নতুন সমাধান দেখিয়েছেন এমআইটি-এর গবেষকরা। রিতু রমনের নেতৃত্বে তাঁরা এমন একটি ‘চিপে বসানো রক্তনালি’ তৈরি করেছেন, যেখানে চুম্বকের সাহায্যে রক্তনালির বৃদ্ধি ও দিক নিয়ন্ত্রণ করা যায়। গবেষকরা পুষ্টিসমৃদ্ধ একটি জেলের মধ্যে ছোট চুম্বক ও একটি সরু ফাঁপা নল রাখেন। নলের ভেতরের গায়ে বসানো হয় এন্ডোথেলিয়াল কোষ, যা শরীরের রক্তনালির ভেতরের আবরণ তৈরি করে। কিছুদিন পর কোষগুলি নল থেকে বেরিয়ে জেলের মধ্যে নতুন ছোট ছোট রক্তনালি তৈরি করতে শুরু করে। এরপর চুম্বককে বিভিন্ন দিকে সরালে তার টানে রক্তনালিগুলি আরও বাড়তে থাকে। শুধু সংখ্যাই নয়, নালিগুলির দৈর্ঘ্য ও বৃদ্ধির অভিমুখও নিয়ন্ত্রণ করা যায়। এমনকি L-আকৃতির শাখাও তৈরি করা সম্ভব হয়েছে। তাঁরা দেখেছেন, এই প্রক্রিয়ায় PIEZO1 নামের একটি জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের ওপর যান্ত্রিক চাপ পড়লে PIEZO1-এর সঙ্গে যুক্ত আয়ন-খাত সক্রিয় হয়, যা নতুন রক্তনালি তৈরিতে সাহায্য করে। এই জিনের কার্যকলাপ কমিয়ে দিলে রক্তনালি তৈরিও অনেক কমে যায়। ভবিষ্যতে এই প্রযুক্তির সাহায্যে এমন কৃত্রিম টিস্যু তৈরি করা যেতে পারে, যার ভিতরেই থাকবে প্রয়োজনমতো সাজানো রক্তনালির নেটওয়ার্ক। অর্থাৎ, রক্তনালি শুধু তৈরি করা নয়, চুম্বকের সাহায্যে কোষগুলিকে কোন দিকে বাড়তে হবে, সেটিও নির্দেশ করা সম্ভব হবে। প্রযুক্তিটি টিস্যু ইঞ্জিনিয়ারিং ও অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

 

সূত্র: Biofabrication, Physics World, 12 August 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eleven =