ঝিনুকের খোলের গুঁড়ো কমাবে সমুদ্রের অম্লতা 

ঝিনুকের খোলের গুঁড়ো কমাবে সমুদ্রের অম্লতা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ নভেম্বর, ২০২৬

Lবায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলও ক্রমশ আম্লিক হয়ে উঠছে। এর ফলে ঝিনুক, শামুক, ক্ল্যাম ও অন্যান্য খোলা যুক্ত সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। বিশেষত সদ্যোজাত ও অল্পবয়সি প্রাণীদের পক্ষে এই পরিবেশে শক্ত খোলস তৈরি করা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে সমুদ্রের অম্লতা মোকাবিলায় এক সহজ ও পরিবেশবান্ধব পদ্ধতির সন্ধান দিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস শাখার গবেষকরা। তাঁদের গবেষণা বলছে, উপকূলের বালিতে ঝিনুকের খোলা গুঁড়ো করে মিশিয়ে দিলে বাচ্চা ক্ল্যামের খোলার বৃদ্ধি ভালো হতে পারে। সবচেয়ে বড় কথা হল, উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি ব্যবহার করে আসছে।

সমুদ্রের জল বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করলে জলের অম্লতা বেড়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় সমুদ্রের অম্লীকরণ বা ‘ওশান অ্যাসিডিফিকেশন’। এর ফলে জলে খোলা তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানের প্রাপ্যতা কমে যায়। শুধু তা-ই নয়, অতিরিক্ত আম্লিক জল প্রাণীদের খোলাও ক্ষইয়ে দিতে পারে। ফলে খোলা তৈরির জন্য তাদের শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয়।

এই সমস্যা প্রশমনের পথ নিয়ে কাজ করতে গিয়ে ক্যালিফোর্নিয়ার ইউ সি ডেভিস বদেগা মেরিন ল্যাবরেটরিতে ৯০ দিন ধরে একটি পরীক্ষা চালান গবেষকরা। তাঁরা প্রশান্ত মহাসাগরীয় লিটলনেক ক্ল্যামের সদ্যোজাত চারটি দল তৈরি করেন। প্রথম দুটি দলকে স্বাভাবিক ও আম্লিক সমুদ্রের জলীয় পরিবেশে রাখা হয়। অন্য দুটি দলকে একই ধরনের জলে রাখা হলেও তাদের বাসস্থানের বালিতে মেশানো হয়েছিল ঝিনুকের খোলার গুঁড়ো বা ‘শেল হ্যাশ’। পরীক্ষার পুরো সময় জুড়ে সপ্তাহে তিন দিন জলের অম্লতা, লবণাক্ততা, তাপমাত্রা ও দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়। পাশাপাশি ক্ল্যামগুলির খোলার বৃদ্ধিও পর্যবেক্ষণ করা হয়।

পরীক্ষায় দেখা যায়, বালিতে গুঁড়ো খোলা মেশানো থাকলে ক্ল্যামগুলির খোলা তুলনামূলকভাবে বড় হয়। কারণ, খোলার গুঁড়ো বালিকণার মধ্যবর্তী ক্ষুদ্র জলীয় স্থানের রাসায়নিক পরিবেশ বদলে দেয়। ফলে ক্ল্যামগুলি যেখানে গর্ত করে বাস করে, সেই জল অপেক্ষাকৃত কম আম্লিক হয়। অর্থাৎ, সমুদ্রের সামগ্রিক অম্লতা না কমিয়েও প্রাণীগুলির আশপাশে তুলনামূলক অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব।

গবেষণাটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল জিনের কার্যকলাপ। ৯০ দিন পর ক্ল্যামগুলির খোলা তৈরিতে সাহায্যকারী ম্যান্টল টিস্যু সংগ্রহ করে জিনের সক্রিয়তা বিশ্লেষণ করেন গবেষকরা। তাতে দেখা যায়, আম্লিক জলে থাকা সত্ত্বেও বালিতে খোলার গুঁড়ো মেশানো ক্ল্যামগুলির জিনের কার্যকলাপে অম্লীকরণের নেতিবাচক প্রভাব প্রায় নেই বললেই চলে। অর্থাৎ, এই পদ্ধতি শুধু খোলার বৃদ্ধিই নয়, প্রাণীগুলির কোষ স্তরের প্রতিক্রিয়াও স্বাভাবিক রাখতে সাহায্য করবে।

২০২৬-এর ২৯শে অক্টোবর বায়োজিওসায়েন্সেস পত্রিকায় এ গবেষণাটির বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। এই গবেষণা সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের পরিবেশগত জ্ঞানকে নতুন গুরুত্ব দিয়েছে। বিজ্ঞানীদের মতে, আধুনিক গবেষণার সঙ্গে এই ঐতিহ্যবাহী জ্ঞানকে যুক্ত করতে পারলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় স্তরে কার্যকর সংরক্ষণপদ্ধতি গড়ে তোলা সম্ভব। তবে এই পদ্ধতি বৃহত্তর উপকূলীয় পরিবেশে কতটা কার্যকর, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: “Shell hash promotes growth in Pacific littleneck clams (Leukoma staminea) by altering pore water chemistry” by Hannah L. Kempf, Alyssa J. Griffin, Gabriel Ng, et.al; 29th October 2026, published in Biogeosciences.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 11 =