দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল, পরিবেশ যতই বদলাক না কেন, বিবর্তন শেষ পর্যন্ত মানিয়ে নেওয়ার পথ ঠিকই খুঁজে নেয়। কিন্তু নতুন গবেষণা বলছে, এই ক্ষমতারও একটা সীমা আছে, বিশেষ করে তাপমাত্রার ক্ষেত্রে। স্পেন, ফ্রান্স ও আয়ারল্যান্ডের গবেষকদের একটি দল দেখিয়েছেন, পৃথিবীর প্রায় সব জীবই তাপমাত্রার প্রভাবে একটি নির্দিষ্ট “হিট কার্ভ’’ বা তাপ বক্ররেখা মেনে চলে। ব্যাকটেরিয়া থেকে গাছ, পোকামাকড়, মাছ ও পাখি- প্রায় ২,৭০০ প্রজাতির ৩০ হাজারের বেশি তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল মিলেছে। মূল ধারণাটা সহজ : তাপমাত্রা বাড়লে জীবের কার্যকলাপও বাড়ে, কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। সেই সীমায় পৌঁছে কর্মক্ষমতা সর্বোচ্চ হয়। তারপর সামান্য তাপমাত্রা বাড়লেই হঠাৎ কর্মক্ষমতা কমে যায়, যা কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে। গবেষণার প্রধান ইগ্নাসিও পেরাল্টা-মারাভের জানান, এই মডেল ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আগে বিজ্ঞানীরা আলাদা আলাদা “থার্মাল পারফরম্যান্স কার্ভ’’ ব্যবহার করতেন। কিন্তু এই গবেষণায় দেখা গেছে, সবগুলোকে একত্র করে একটি সাধারণ কাঠামোতে ফেলা যায়, যার নাম “ইউনিভার্সাল থার্মাল পারফরম্যান্স কার্ভ’’ (UTPC)। সবচেয়ে ঝুঁকিতে আছে তারা, যারা ইতিমধ্যেই উষ্ণ পরিবেশে বাস করে। তাদের সহনশীলতার ক্ষমতা প্রায় সীমা ছুঁয়ে থাকে, ফলে সামান্য উষ্ণতা বাড়লেই তারা বিপদের মুখে পড়ে। ইতিমধ্যেই দেখা গেছে, উনিশ শতকের তুলনায় গড় তাপমাত্রা সামান্য বাড়তেই বহু প্রজাতি ও বাস্তুতন্ত্র চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। এই নতুন কার্ভ বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে, কোন প্রজাতি কতটা তাপ সহ্য করতে পারে এবং কোথায় তাদের সীমা। এর পাশাপাশি গবেষকরা খুঁজছেন, কোনো প্রজাতি এই নিয়ম ভেঙে বেশি তাপেও টিকে থাকতে পারে কিনা। যদিও এই মডেল সব প্রশ্নের উত্তর দেয় না, তবুও এটি স্পষ্ট করে দেয় যে পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে জীবজগতের উপর চাপ বাড়ছে, এবং সেই চাপেরও একটা নির্দিষ্ট সীমা রয়েছে।
সূত্র: Earth . com ; May ; 2026.
