ধসে পড়ল হাওয়াইয়ের প্রাকৃতিক তোরণ

ধসে পড়ল হাওয়াইয়ের প্রাকৃতিক তোরণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ অক্টোবর, ২০২৬

প্রায় সাড়ে পাঁচ শো বছর ধরে হাওয়াইয়ের আগ্নেয় উপকূলের সাক্ষী ছিল বিশাল হোলেয়ি সি আর্চ- সমুদ্রের ঢেউয়ে গড়া বিশাল এক প্রাকৃতিক পাথরের তোরণ। কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আচমকাই ধসে পড়ল সেই প্রাকৃতিক তোরণ – সরাসরি প্রশান্ত মহাসাগরে। হাওয়াই ভলকেনোজ ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর, ২০২৬-এও প্রায় ৯০ ফুট উঁচু আগ্নেয় পাথরের এই প্রাকৃতিক গঠনটি দাঁড়িয়ে ছিল। কিন্তু ২৭ সেপ্টেম্বর রাতের মধ্যে সেটি আর দেখা যায়নি। ঠিক কখন ধস নামে, তা এখনও জানা যায়নি। পার্ক সাময়িক বন্ধ থাকার সময় ট্রপিক্যাল ঝঞ্ঝা নোলো-র প্রভাব ছিল কি না, সেটিও স্পষ্ট নয়। আসলে হোলেয়ির জন্মও হয়েছিল সমুদ্রের ক্ষয়ের হাত ধরেই। প্রাচীন লাভার স্তরে বছরের পর বছর আছড়ে পড়া ঢেউ নরম অংশ ক্ষয় করে প্রথমে গুহা, পরে বিশাল প্রাকৃতিক খিলান তৈরি করেছিল। যে সমুদ্র তাকে গড়েছিল, শেষ পর্যন্ত সেই সমুদ্রই তাকে মুছে দিল। ধসের ইঙ্গিত অবশ্য বহু আগেই পাওয়া গেছিল। ২০১৮ সালে কিলাউয়ার অগ্ন্যুৎপাত ও চূড়া ধসের জেরে আশপাশের খাড়া পাহাড়ে ফাটল দেখা দেয়। নতুন ফাটলের কারণে ২০২০ সালে পুরনো দর্শনীয় স্থান বন্ধ করে দেওয়া হয়। পরে প্রবল ঢেউ আরও পাথর সরিয়ে নেয়। তাই এই ধস কোনও আকস্মিক রহস্য নয়, এটি হাওয়াইয়ের চিরপরিবর্তনশীল আগ্নেয় উপকূলেরই এক নাটকীয় অধ্যায়। হোলেয়ি নেই, কিন্তু ক্ষয় থামেনি। পার্ক কর্তৃপক্ষ সতর্ক করেছে, আশপাশের খাড়া পাথর এখনও অত্যন্ত অস্থির এবং যে কোনও সময় ধসে পড়তে পারে।

সূত্র: U.S. National Park Service, Hawaiʻi Volcanoes National Park, October, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =