পটাশিয়ামসমৃদ্ধ নুনের উপকারিতা 

পটাশিয়ামসমৃদ্ধ নুনের উপকারিতা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ নভেম্বর, ২০২৬

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সাধারণ খাবার লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণ ব্যবহার করা হলে বছরে প্রায় ৩০ লক্ষ মানুষের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। শুধু তাই নয়, হৃদ্‌রোগ, স্ট্রোক এবং কিডনির দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার নতুন ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে। ১৯৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকরা। গবেষণা বিবরণ প্রকাশিত হয়েছে নেচার হেলথ পত্রিকায়।

সাধারণ খাদ্যলবণের প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড (NaCl)। অতিরিক্ত সোডিয়াম শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয়, যা হৃদ্‌রোগ, স্ট্রোক এবং কিডনির ক্ষতির অন্যতম প্রধান কারণ। অন্যদিকে, শরীরে পটাশিয়ামের ঘাটতিও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা কিছুটা কমিয়ে কিছু পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এই লবণে সোডিয়ামের পরিমাণ কম, পটাশিয়াম বেশি। দেখতে, স্বাদে ও রান্নার কাজে এটি সাধারণ লবণের মতোই।

জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের নেতৃত্বে গবেষকরা বিশ্বের প্রায় ৪৬০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন পরিস্থিতির মডেল তৈরি করেন। তাতে দেখা যায়, বাড়িতে ব্যবহৃত সমস্ত সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করা হলে বছরে প্রায় ১৮.৫ লক্ষ মৃত্যু এবং হৃদ্‌রোগ ও দীর্ঘস্থায়ী কিডনির রোগের ৬১.৯ লক্ষ নতুন ঘটনা প্রতিরোধ করা সম্ভব। অন্যদিকে, রেস্তোরাঁ ও প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত লবণ পরিবর্তন করা গেলে আলাদাভাবে আরও প্রায় ১৫.৬ লক্ষ মৃত্যু এবং ৫৪.৬ লক্ষ নতুন রোগের ঘটনা ঠেকানো যেতে পারে।

এমনকি সম্পূর্ণ পরিবর্তন না করেও উল্লেখযোগ্য সুফল পাওয়া সম্ভব। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশ বাড়ির লবণ পরিবর্তন করলে বছরে প্রায় ৫.৯ লক্ষ মৃত্যু প্রতিরোধ করা যেতে পারে।

দেশভেদেও সম্ভাব্য সুফলের পার্থক্য রয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, চিনে বছরে প্রায় ১০.৮ লক্ষ, ভারতে প্রায় ৪ লক্ষ এবং আমেরিকায় প্রায় ১.০৫ লক্ষ মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব।

তবে এই লবণ সবার জন্য নিরাপদ নয়। যাদের গুরুতর কিডনির রোগ আছে তাদের আবার অতিরিক্ত পটাশিয়াম গ্রহণ করলে সমস্যা পারে। রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হতে পারে। কিছু কিছু ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন।

গবেষকদের মতে, সঠিক সচেতনতা, পণ্যের গায়ে সতর্কবার্তা এবং চিকিৎসকের পরামর্শ নিশ্চিত করা গেলে এই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনই বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের বোঝা কমানোর একটি কার্যকর উপায় হয়ে উঠতে পারে। তবে ব্যক্তিগতভাবে এই লবণ ব্যবহারের আগে বিশেষত কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: “Global health outcomes from replacing dietary sodium chloride with potassium-enriched salt” by Liping Huang, Xiaoyue Xu, Kunihiro Matsushita, et.al; 4 November 2026, published in Nature Health. DOI: 10.1038/s44360-026-00216-9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − one =