বয়স ৭৫, বন্ধ হয়নি পাখা

বয়স ৭৫, বন্ধ হয়নি পাখা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ অক্টোবর, ২০২৬

বয়স ৭৫। তবু সমুদ্র পেরিয়ে হাজার হাজার কিলোমিটার উড়ে চলেছে সে। নাম ‘উইজডম’। বিশ্বের প্রবীণতম জীবিত বন্য পাখি হিসেবে পরিচিত এই লেসান অ্যালবাট্রস আবারও ফিরেছে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে অ্যাটলে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে নতুন ছানারও জন্ম দিয়েছিল সে। উইজডমের গল্প শুরু ১৯৫৬ সালে। সে বছর পক্ষীবিজ্ঞানী চ্যান্ডলার রবিনস মিডওয়ে অ্যাটলে তার পায়ে একটি ধাতব আংটি পরিয়ে দেন। তখনই সে ডিম পেড়েছিল। লেসান অ্যালবাট্রস সাধারণত পাঁচ বছরের আগে প্রজনন করে না। অর্থাৎ, সেই সময় উইজডমের বয়স ছিল ৫ বছর। সেই হিসেবেই এখন তার বয়স প্রায় ৭৫। ২০০১ সালে রবিনস আবার তাকে খুঁজে পান। পায়ের ‘Z333’ চিহ্নিত আংটিই তার পরিচয় নিশ্চিত করে। অবাক ব্যাপার, ১৯৫৬ সালের পর থেকে আংটি পরানো আড়াই লক্ষেরও বেশি পাখির মধ্যে দ্বিতীয় প্রবীণতম পরিচিত পাখিটির বয়স মাত্র ৫২ বছর। উইজডমের জীবনও কম বিস্ময়কর নয়। মার্কিন মৎস্য ও বন্যপ্রাণী সংস্থার হিসেব অনুযায়ী, জীবনে প্রায় ৫০ থেকে ৬০টি ডিম পেড়েছে সে। তার প্রায় ৩০টি ছানা উড়তে শিখেছে। এই প্রজাতির পাখি বছরে সাধারণত একটি মাত্র ডিম পাড়ে। ২০২৪ সালের শেষদিকে নতুন সঙ্গী ‘EX25’-এর সঙ্গে বাসা বাঁধে উইজডম। ২০২৫ সালের জানুয়ারিতে ডিম ফুটে ছানা বেরোয়। যদিও কয়েক মাস পর ছানাটি মারা যায়। ২০২৫ সালের নভেম্বরে আবার মিডওয়েতে ফিরে আসে উইজডম। সঙ্গীও ফিরে এসেছিল। তবে ২০২৬ সালের জানুয়ারিতে বিজ্ঞানীরা নিশ্চিত করেন, সে মরশুমে আর ডিম পাড়েনি উইজডম। জীবনের বেশিরভাগ সময় খোলা সমুদ্রেই কাটায় লেসান অ্যালবাট্রস। বিজ্ঞানীদের অনুমান, উইজডম ইতিমধ্যেই প্রায় ৩২ থেকে ৪৮ লক্ষ কিলোমিটার উড়েছে। ২০১১ সালের ভয়াবহ সুনামি, সমুদ্রের প্লাস্টিক দূষণ, মাছ ধরার জালের মতো বিপদও পেরিয়ে এসেছে সে। বিজ্ঞানীদের কাছে উইজডম শুধু দীর্ঘায়ুর রেকর্ড নয়, সামুদ্রিক পাখিদের জীবন ও প্রজননক্ষমতা বোঝার এক জীবন্ত দলিল। সাত দশক ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ না করলে হয়তো জানাই যেত না, এত বেশি বয়সেও অ্যালবাট্রস প্রজনন করতে পারে। সাত দশক পেরিয়েও আকাশ তার ঠিকানা। উইজডম যেন মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতির বিস্ময়ের কোনও বয়স হয় না।

 

সূত্র: U.S. Fish and Wildlife Service and the U.S. Department of the Interior.; Earth . com ; October, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =