বয়স্করা শীতকাতুরে কেন?

বয়স্করা শীতকাতুরে কেন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ নভেম্বর, ২০২৬

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়, তারা শীতকাতুরে হয়ে যায়। একই তাপমাত্রায় তরুণদের তুলনায় বয়স্ক মানুষদের বেশি শীত অনুভূত হয়। এত দিন এর সম্ভাব্য কারণ হিসেবে রক্তসঞ্চালন কমে যাওয়া, পেশির পরিমাণ হ্রাস পাওয়া কিংবা বিপাকীয় কার্যকলাপের পরিবর্তনকে দায়ী করা হতো। কিন্তু খুব সম্প্রতি নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী এক বিশেষ জৈবিক প্রক্রিয়ার সন্ধান পেয়েছেন। তাঁদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের নিজস্ব তাপ উৎপাদনকারী বিশেষ ধরনের চর্বিকোষের কার্যক্ষমতা কমে যায়। ফলে ঠান্ডা পরিবেশে শরীর তার প্রয়োজন অনুযায়ী তাপ তৈরি করতে ব্যর্থ হয়।

যুক্তরাষ্ট্রের সিটি অব হোপ -এর গবেষকরা এই প্রক্রিয়ার নেপথ্যে থাকা জৈবিক প্রক্রিয়াটি চিহ্নিত করেছেন। গবেষণার বিস্তারিত বিবরণ নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, স্নায়ুকোষ, রোগপ্রতিরোধী কোষ এবং তাপ উৎপাদনকারী চর্বিকোষের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শরীরের তাপ উৎপাদন নিয়ন্ত্রিত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসে, যার ফলে তাপ তৈরির প্রক্রিয়া আগের মতো দ্রুত কাজ করে না।

মানব শরীরে এক ধরনের বিশেষ থার্মোজেনিক ফ্যাট বা তাপ উৎপাদক চর্বি রয়েছে। সাধারণ চর্বির মতো শুধু শক্তি সঞ্চয় করে রাখা এর কাজ নয়। বরং প্রয়োজনের সময় এই চর্বি সঞ্চিত শক্তি খরচ করে তাপ তৈরি করে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় UCP1 নামক একটি প্রোটিন। যে চর্বিকোষে এই প্রোটিনের পরিমাণ বেশি, সেগুলি তুলনামূলকভাবে বেশি তাপ উৎপাদন করতে পারে। অন্যদিকে, যেসব কোষে UCP1 কম থাকে, সেগুলির তাপ উৎপাদনের ক্ষমতাও কমে যায়।

এই দুই ধরনের কোষের উপস্থিতি শরীরকে প্রয়োজন অনুযায়ী তাপ উৎপাদন বাড়ানো বা কমানোর সুযোগ দেয়। পরিবেশের তাপমাত্রা কমে গেলে স্নায়ু ও রোগপ্রতিরোধী কোষ থেকে আসা সংকেত অপেক্ষাকৃত কম সক্রিয় চর্বিকোষগুলিকেও বেশি তাপ উৎপাদনে উৎসাহিত করে। কিন্তু বয়স যত বাড়ে এই সংকেত আদান-প্রদানের প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে শরীরে তাপ উৎপাদনের ক্ষমতা থাকলেও প্রয়োজনের সময় তা দ্রুত বাড়ানো যায় না।

এই সমস্যা কাটানোর সম্ভাবনাও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা মিফেপ্রিস্টোন নামক একটি ওষুধ ব্যবহার করে তাপ উৎপাদনকারী নির্দিষ্ট জৈবিক পথের একটি অংশকে বাধা দেন। পরীক্ষায় দেখা যায়, বয়স্ক ইঁদুরের শরীরে তাপ উৎপাদন কিছুটা পুনরুদ্ধার হয়েছে। পাশাপাশি তাদের শক্তি খরচের পরিমাণও বেড়েছে।

গবেষকদের মতে, এই আবিষ্কারটি বয়সজনিত শীতকাতরতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । পাশাপাশি তাপ উৎপাদনকারী চর্বি গ্লুকোজ ও সঞ্চিত চর্বি পোড়াতেও সাহায্য করে। তাই ভবিষ্যতে এই প্রক্রিয়াকে নিরাপদে সক্রিয় করার উপায় খুঁজে পাওয়া গেলে স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন বিপাকীয় সমস্যার চিকিৎসা ও গবেষণা নতুন পথের দিশা পাবে। তবে আপাতত ইঁদুরের ওপর পরীক্ষার ভিত্তিতে পাওয়া এই ফলাফল মানুষের ক্ষেত্রে কতটা কার্যকার ও নিরাপদ তার যাচাই করতে আরও বহু গবেষণা প্রয়োজন।

 

সুত্র: Bistable regulation of adipocyte heterogeneity governs thermogenesis,11th Nov2026, published in Nature.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =