বি-মেসন কণার বিরল ক্ষয়ের হদিশ

বি-মেসন কণার বিরল ক্ষয়ের হদিশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ নভেম্বর, ২০২৬

মহাবিশ্বের মৌল কণার রহস্য বুঝতে গিয়ে আরও এক বিরল ঘটনার সন্ধান পেলেন ইউরোপের সার্ন-এর লার্জ হ্যাড্রন কোলাইডারে কর্মরত LHCb গবেষকদল। তাঁরা একটি পরীক্ষা থেকে প্রমাণ পান, B⁰ মেসন ক্ষয়ে গিয়ে একটি মিউয়ন ও একটি অ্যান্টিমিউয়ন তৈরি করে। এই ঘটনা নিশ্চিত হলে, এটি বি-মেসনের সবচেয়ে বিরল ক্ষয় হিসেবে চিহ্নিত হবে। পাশাপাশি, B⁰S মেসনের একই ধরনের ক্ষয়ও রেকর্ড নির্ভুলতায় মাপা হয়। মেসন হল কোয়ার্ক ও অ্যান্টিকোয়ার্ক দিয়ে তৈরি এক ধরনের অবপারমাণবিক কণা। B⁰ এবং B⁰S মেসন মাত্র ১.৫ ট্রিলিয়ন ভাগের এক ভাগ সেকেন্ড স্থায়ী হয়। অতি ক্ষণস্থায়ী এই কণার ক্ষয় পর্যবেক্ষণ করেই মৌলিক পদার্থবিদ্যার অজানা দিকগুলি খুঁজছেন বিজ্ঞানীরা। পদার্থবিদ্যার এই তত্ত্ব মৌল কণা ও তাদের পারস্পরিক ক্রিয়া ব্যাখ্যা করতে পারলেও ডার্ক ম্যাটারের প্রকৃতি কিংবা মহাবিশ্বে পদার্থের তুলনায় প্রতিপদার্থের আধিক্য না থাকার কারণ ব্যাখ্যা করতে পারে না। তাই স্ট্যান্ডার্ড মডেলের পূর্বাভাস থেকে সামান্য বিচ্যুতিও নতুন পদার্থবিদ্যার সন্ধান দিতে পারে। বি-মেসনের ক্ষয় এমনই এক সম্ভাবনাময় ক্ষেত্র। কারণ, মিউয়ন ও অ্যান্টিমিউয়নে ক্ষয়ের জন্য অত্যন্ত ক্ষণস্থায়ী কোয়ান্টাম প্রক্রিয়ার প্রয়োজন হয়। প্রক্রিয়াটিতে অজানা ভারী কণারও ভূমিকা থাকতে পারে। ২০২৪ ও ২০২৫ সালে LHC-তে সংঘটিত প্রোটন সংঘর্ষের তথ্য বিশ্লেষণ করে এই ফল পেয়েছেন গবেষকেরা। সংকেত শনাক্ত করতে তাঁরা মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্য নেন। বিশ্লেষণে দেখা যায়, প্রতি ১০০ কোটি B⁰S মেসনের মধ্যে প্রায় ৩.৩টি এবং প্রতি ১০০০ কোটি B⁰ মেসনের মধ্যে প্রায় ১.১টি মেসন মিউয়ন-অ্যান্টিমিউয়ন জোড়ায় ক্ষয় হয়। এই ফল স্ট্যান্ডার্ড মডেলের পূর্বাভাসের সঙ্গে মিলে গিয়েছে। তবে B⁰ মেসনের ক্ষেত্রে এই সংকেতের পরিসংখ্যানগত গুরুত্ব ৩.২ সিগমা। কণা পদার্থবিদ্যায় কোনও আবিষ্কার নিশ্চিত বলে ঘোষণা করতে সাধারণত ৫ সিগমা মাত্রার প্রমাণ প্রয়োজন। ফলে একে এখনও চূড়ান্ত আবিষ্কার বলা যাচ্ছে না। গবেষকেরা B⁰S মেসনের ক্ষয়ের পর তার কার্যকর আয়ুষ্কালও মাপেন। সেটা ১ সেকেণ্ডের ১.৬ ট্রিলিয়ন ভাগের এক ভাগ, যা স্ট্যান্ডার্ড মডেলের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ফল নতুন পদার্থবিদ্যার সম্ভাব্য তত্ত্বগুলিকে আরও কঠোর পরীক্ষার মুখে ফেলবে। বিজ্ঞানীদের মতে, এই ধরনের বিরল ক্ষয়ের আরও নির্ভুল পরিমাপ এবং কায়ন নামের অন্য একটি মেসনের ক্ষয় নিয়ে গবেষণা ভবিষ্যতে অজানা কণার সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। LHCb পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের উন্নয়নের মাধ্যমে তথ্য সংগ্রহের ক্ষমতা আরও ১০ গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে ব্রিটেনের গবেষণা অর্থায়ন সংস্থা UKRI-র অর্থসাহায্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিরল কণার ক্ষয় আপাতত স্ট্যান্ডার্ড মডেলের হিসেবেই মিলছে। কিন্তু এই সূক্ষ্ম পরিমাপই হয়তো ভবিষ্যতে পদার্থবিদ্যার প্রচলিত ধারণার বাইরে নতুন কোনও ভাবনার দরজা খুলে দিতে পারে।

 

সূত্র: Physics World; November , 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + five =