বিজ্ঞান কী? 

বিজ্ঞান কী? 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ নভেম্বর, ২০২৬

আচ্ছা, যদি বলা হয় বিজ্ঞান কী? তাহলে কি আমরা বিজ্ঞানকে কেবলই প্রকৃতির অজানা রহস্য উন্মোচনের উপায় বলবো, নাকি একে মানুষের সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের একটি বিশেষ প্রক্রিয়া বলা ঠিক হবে? কোনটা? তবে বিজ্ঞান যে বাস্তব জগৎকে বোঝার নির্ভরযোগ্য পদ্ধতি, সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে মোটামুটি ঐকমত্য থাকলেও বিজ্ঞানীদের নিজেদের মধ্যেই এর উদ্দেশ্য ও কার্যপদ্ধতি নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এমনকি একই বিষয়ে গবেষণারত বিজ্ঞানীদের ধারণাও এক নয়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বিজ্ঞানের এই বহুমাত্রিক পরিচয়, যা ভবিষ্যতে গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।

রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় এই গবেষণার বিবরণ প্রকাশিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দিয়েছেন মারিনা দুবোভার। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক কিয়াওয়েন ই লিউয়ের সহযোগিতায় তাঁরা ৯১ জন বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মধ্যে ৯৯ জনের মতামত সংগ্রহ করেন। অংশগ্রহণকারীদের সামনে বিজ্ঞানের ১৮টি ঐতিহাসিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে ছিল বিজ্ঞানকে গোয়েন্দার মতো রহস্য অনুসন্ধান, বস্তুনিষ্ঠ সত্যের সন্ধান এবং বাস্তব জগতের প্রতিফলন হিসেবে দেখার ধারণা।

সমীক্ষায় দেখা যায়, বিজ্ঞানীদের তুলনায় সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে ঐকমত্য বেশি। সাধারণভাবে মানুষ বিজ্ঞানকে এমন একটি নির্ভরযোগ্য পদ্ধতি বলে মনে করেন, যার মাধ্যমে প্রকৃতির নিয়ম ও পৃথিবীর কার্যপ্রণালী সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যায়। তাঁদের কাছে কৌতূহল ও রহস্যের সমাধান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হলেও গবেষণার সৃজনশীলতা, অনিশ্চয়তা এবং মত পরিবর্তনের বিষয়গুলির গুরুত্ব তুলনামূলকভাবে কম। অন্যদিকে, বিজ্ঞানীরা মনে করেন, গবেষণায় তথ্য ও প্রমাণের পাশাপাশি গবেষকের নিজস্ব বিচারবুদ্ধি, কল্পনাশক্তি এবং সৃজনশীলতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞানীদের মধ্যেও মতপার্থক্যের ধরন বেশ তাৎপর্যপূর্ণ। কেউ গবেষণাকে বস্তুনিষ্ঠ সত্য আবিষ্কারের নিরন্তর প্রচেষ্টা হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন, বৈজ্ঞানিক অনুসন্ধানে নির্দিষ্ট নিয়ম মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন পদ্ধতি উদ্ভাবন ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও জরুরি। এমনকি একই গবেষণাক্ষেত্রে কর্মরত বিজ্ঞানীদের মধ্যেও এই পার্থক্য দেখা গিয়েছে। গবেষকদের ধারণা, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গবেষণার ধরন অনুযায়ী বিজ্ঞানীরা বিজ্ঞানের প্রতি নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন।

এই মতপার্থক্য কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। বিজ্ঞান পরিচালনায় সক্ষম এআই ব্যবস্থা তৈরি হলে তাতে বিজ্ঞানের কোন দৃষ্টিভঙ্গিটি প্রতিফলিত হবে? যদি একটি নির্দিষ্ট পদ্ধতি বা চিন্তাধারাকে আদর্শ ধরে এআই তৈরি করা হয়, তাহলে গবেষণার অন্য সৃজনশীল ও বিকল্প পদ্ধতিগুলি গুরুত্ব হারাতে পারে।

অতএব, বিজ্ঞানকে কোনও একটিমাত্র সংজ্ঞায় সীমাবদ্ধ করা যায় না। প্রকৃত বৈজ্ঞানিক অনুসন্ধানের শক্তি যেমন প্রমাণ ও যুক্তিতে, তেমনই কৌতূহল, সৃজনশীলতা এবং নতুনভাবে প্রশ্ন করার স্বাধীনতায়ও সে শক্তি নিহিত। তাই বিজ্ঞানের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর হয়ে উঠলেও তার বহুমাত্রিক চিন্তাধারাকে অক্ষুণ্ণ রাখা জরুরি।

সূত্র: “Everyone knows what science is…until you ask” by Marina Dubova and Qiawen E. Liu, 11 November 2026, Royal Society Open Science. DOI: 10.1098/rsos.260933

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =