বিলুপ্তির গহ্বর থেকে স্লো লরিস-এর প্রত্যাবর্তন

বিলুপ্তির গহ্বর থেকে স্লো লরিস-এর প্রত্যাবর্তন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ার বাংকা দ্বীপে প্রায় এক শতাব্দী পর দেখা মিলল এক বিরল নিশাচর স্তন্যপায়ী প্রাণীর। এটি বিলুপ্ত বলে আশঙ্কা ছিল। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, বিপন্ন এই প্রাইমেট স্তন্যপায়ীটি এখনও দ্বীপের বিভিন্ন অঞ্চলে টিকে রয়েছে। প্রাণীটির নাম বাংকা স্লো লরিস (Nycticebus bancanus)। এই ছোট্ট প্রাণীটির বিশেষত্ব হল, এটি খুব ধীরগতিতে চলাফেরা করে এবং এদের কামড় মারাত্মক বিষাক্ত। এই ধরণের বৈশিষ্ট্য সাধারণত স্তন্যপায়ীদের মধ্যে বিরল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯৩০ থেকে ১৯৩২ সালের মধ্যে প্রাণীটির শেষ নির্ভরযোগ্য বৈজ্ঞানিক নথি পাওয়া গিয়েছিল। তারপর দীর্ঘ কয়েক দশক ধরে বাংকা দ্বীপে এদের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ২০২০ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আই ইউ সি এন) প্রাণীটিকে গুরুতর বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে। এমনকি প্রজাতিটি সম্ভবত বিলুপ্ত হয়ে গিয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সংরক্ষণ সংস্থা রি-ওয়াইল্ড-এর হারিয়ে যাওয়া প্রাইমেটদের তালিকাতেও জায়গা পেয়েছিল এটি।
তবে ইন্দোনেশিয়ার অ্যালোবি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার-এর উদ্যোগে প্রাণীটির অস্তিত্বের নতুন প্রমাণ সামনে এসেছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সংস্থাটি বাংকা দ্বীপের বিভিন্ন এলাকা থেকে ৯০টিরও বেশি বাংকা স্লো লরিস উদ্ধার করে। এদের মধ্যে ৮৬টিকে সুস্থ করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া প্রাণীগুলির অধিকাংশই বাড়ি, বাগান, কৃষিজমি ও রাস্তা থেকে পাওয়া গিয়েছিল। কয়েকটি প্রাণী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহতও হয়েছিল।
বাংকা স্লো লরিস আকারে ছোট। লালচে-বাদামি লোম, মুখের বিশেষ নকশা এবং বড় বড় চোখ তার প্রধান বৈশিষ্ট্য। নিশাচর এই প্রাণী গাছের ডালে অত্যন্ত ধীর ও সতর্কভাবে চলাফেরা করে। বিবর্তনগতভাবে এটি বানর বা মানুষের তুলনায় মাদাগাস্কারের লেমুর এবং আফ্রিকার গ্যালাগোদের বেশি ঘনিষ্ঠ আত্মীয়।
প্রাণীটির অন্যতম আশ্চর্য বৈশিষ্ট্য হল তার বিষাক্ত কামড়। কনুইয়ের কাছের বিশেষ গ্রন্থি থেকে এক ধরনের ক্ষরণ হয়। বিপদের মুখে সামনের পা তুলে সেই ক্ষরণ মুখের লালার সঙ্গে মিশিয়ে নেয় এবং পরে কামড়ের মাধ্যমে বিষ প্রবেশ করায়। মানুষের শরীরে এই বিষ তীব্র অ্যালার্জি, এমনকি প্রাণঘাতী প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে। পোকামাকড়, গাছের আঠা, ফুলের মধু ও উদ্ভিদের বিভিন্ন অংশ সম্ভবত এর খাদ্য।
গবেষকদের মতে, টিন খনি সম্প্রসারণ এবং পাম তেলের চাষের জন্য বনভূমি ধ্বংস হওয়ায় প্রাণীটির বাসস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে। তাই অবশিষ্ট প্রাকৃতিক বন রক্ষা এবং দ্বীপের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সমীক্ষা চালিয়ে এদের প্রকৃত সংখ্যা ও বিস্তৃতি নির্ণয় করা জরুরি। এই পুনরাবিষ্কার দেখে বোঝা গেল, দীর্ঘদিন ধরে বিলুপ্ত বলে অনুমিত অন্য প্রজাতিগুলিও হয়তো এখনও আমাদের অজান্তে পৃথিবীর কোনও অজানা প্রান্তে টিকে রয়েছে।

সূত্র : Feared extinct, Bangka slow loris primate rediscovered in Indonesia By Will Dunham, October 21, 202612:22 AM GMT+5:30Updated October 21, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 6 =