তেজস্ক্রিয় ভারী ধাতু ইউরেনিয়াম সাধারণত মাটির খনিজের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। কিন্তু ইউরেনিয়াম খনন বা অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট প্রক্রিয়ায় এটি একবার জলে দ্রবীভূত হয়ে গেলে ভূগর্ভস্থ জল সহ পরিবেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এবার বিজ্ঞানীরা এমন এক ব্যাকটেরিয়ার কার্যকলাপ শনাক্ত করেছেন, যা দ্রবীভূত ইউরেনিয়ামকে একটি স্থিতিশীল রাসায়নিক যৌগে পরিণত করতে পারে। গবেষণাটি যৌথভাবে করেছেন জার্মানির Helmholtz-Zentrum Dresden-Rossendorf (HZDR), Wismut GmbH এবং স্পেনের University of Granada। দেখা গেছে, নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে গ্লিসারল খাওয়ালে তারা জলে দ্রবীভূত ইউরেনিয়ামের বড় অংশকে নিজেদের কোষের আবরণে জমা করতে পারে। গবেষণায় ইউরেনিয়াম-দূষিত খনির জল ব্যবহার করা হয়েছিল। প্রায় ১৩০ দিন পর দেখা যায়, জলে দ্রবীভূত ইউরেনিয়ামের মাত্র প্রায় ৫ শতাংশ অবশিষ্ট রয়েছে—অর্থাৎ প্রায় ৯৫ শতাংশ ইউরেনিয়াম জল থেকে সরে গেছে।
গবেষকরা এমন পরিবেশ তৈরি করেছিলেন যেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম। কারণ প্রায় ২,০০০ মিটার গভীরে থাকা পরিত্যক্ত খনির জলে সাধারণত অক্সিজেনের উপস্থিতি খুবই কম থাকে। সেখানে ব্যাকটেরিয়া গ্লিসারলকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে সক্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে ইউরেনিয়ামকে নিজেদের কোষের দেয়াল বা ঝিল্লির কাছে জমা করতে থাকে।
তবে গবেষণার সবচেয়ে বড় চমক ছিল ইউরেনিয়ামের রাসায়নিক রূপটিকে শনাক্ত করা। উন্নত মাইক্রোস্কোপি ও স্পেকট্রোস্কপি প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা দেখতে পান, ইউরেনিয়ামের একটি বড় অংশ পেন্টাভ্যালেন্ট বা U(V) অবস্থায় রয়েছে। ইউরেনিয়ামের এই পাঁচ-ভ্যালেন্ট অবস্থা সাধারণত বিরল। এটিকে অস্থায়ী বলে মনে করা হতো।
আরও বিশ্লেষণে জানা যায়, এই ইউরেনিয়াম লোহা ও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে FeU(V)O₄ নামের একটি বিরল যৌগ তৈরি করেছে। আশ্চর্যের বিষয়, শুকনো ব্যাকটেরিয়া জাত জৈবপদার্থকে অক্সিজেনের সংস্পর্শে আনলেও এই যৌগের পরিমাণ কমেনি; বরং বেড়েছে। এর অর্থ, যৌগটি অক্সিজেনের উপস্থিতিতেও যথেষ্ট স্থিতিশীল।
এই আবিষ্কার ইউরেনিয়াম-দূষিত জল ও পরিবেশ পরিষ্কারের ক্ষেত্রে নতুন পথ দেখালেও এটি এখনও সরাসরি কোনো পরিশোধন প্রযুক্তি নয়। গবেষকদের আরও জানতে হবে, কোন জৈব-রাসায়নিক ও ভূ-রাসায়নিক প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া এই স্থিতিশীল যৌগ তৈরি করে এবং বাস্তব পরিবেশে এই পদ্ধতি কতটা কার্যকর হবে।
সূত্র:Scientists discover bacteria that lock toxic uranium into a stable form ScienceDaily https://share.google/WDhozLxDFcz3H8KO3
