মঙ্গলের মাটিতে জৈব অণুর চিহ্ন 

মঙ্গলের মাটিতে জৈব অণুর চিহ্ন 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ এপ্রিল, ২০২৬

মঙ্গল গ্রহে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কি না, এই প্রশ্নখানা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের অন্ত নেই। এবার সেই অনুসন্ধানে বড় অগ্রগতি আনল নাসার কিউরিওসিটি রোভার। নতুন এক গবেষণায় জানা গেছে, মঙ্গলের মাটির নীচে এমন কিছু জৈব অণুর চিহ্ন পাওয়া গেছে, যা একসময় জীবনের গঠনে গুরুত্বপূর্ণ ছিল।

এই গবেষণার তথ্য এসেছে নাসার কিউরিওসিটি রোভার থেকে, যা ২০১২ সালে মঙ্গলের গেইল গহ্বরে অবতরণ করেছিল। তখন থেকেই এটি মঙ্গলের পৃষ্ঠ ও মঙ্গল-গর্ভ পরীক্ষা করে দেখছে, অতীতে সেখানে অণুজীবের মতো কোনো প্রাণ ছিল কি না। বিজ্ঞানীরা বিশেষভাবে এমন অঞ্চল খুঁজছিলেন, যেখানে বহু কোটি বছর আগে জল থাকার সম্ভাবনা ছিল। কারণ, পৃথিবীতে আমরা জানি জল জীবন সৃষ্টির অন্যতম প্রধান উপাদান।

২০২০ সালে গবেষকরা কিউরিওসিটির মঙ্গলে নমুনা বিশ্লেষণ বা Sample Analysis on Mars (SAM) যন্ত্র ব্যবহার করে গেইল গহ্বরের গ্লেন টরিডন নামের একটি কর্দমাক্ত অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করেন। এই অঞ্চলকে বিজ্ঞানীরা বিশেষ গুরুত্ব দেন, কারণ ধারণা করা হয় সেখানে একসময় হ্রদ বা জলাশয় ছিল।

নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ২০টিরও বেশি উল্লেখযোগ্য রাসায়নিক যৌগ শনাক্ত করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নাইট্রোজেনযুক্ত একটি অণু, যার গঠনের সঙ্গে প্রাথমিক ডিএনএ-সদৃশ যৌগের মিল রয়েছে। এছাড়া পাওয়া গেছে বেনজোথাওফিন নামের সালফারসমৃদ্ধ একটি যৌগ, যা প্রায়ই উল্কাপিণ্ডে দেখা যায়।

গবেষকদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে মঙ্গলের অগভীর স্তরে বড় ও জটিল জৈব অণু দীর্ঘসময় ধরে সংরক্ষিত থাকতে পারে। অর্থাৎ, মঙ্গলে যদি কখনও প্রাণের জন্য উপযোগী পরিবেশ থেকে থাকে, তবে তার রাসায়নিক চিহ্ন এখনও মাটির নীচে লুকিয়ে থাকতে পারে।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এসব অণু পাওয়া মানেই সেখানে প্রাণ ছিল -এমন সিদ্ধান্ত এখনই নেওয়া যাবে না। এগুলো জীবের অবশেষ থেকেও আসতে পারে, আবার উল্কাপিণ্ডের মাধ্যমে আসা উপাদান বা সাধারণ ভূ-তাত্ত্বিক প্রক্রিয়াতেও তৈরি হতে পারে।

এছাড়াও এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে মঙ্গল গ্রহে অতীতের জৈব ইতিহাস সংরক্ষিত আছে। ভবিষ্যতে ইউরোপের রোজালিন্ড ফ্রাঙ্কলিন মিশন এবং নাসার ড্রাগনফ্লাই অভিযানে প্রভৃতি প্রকল্প এই অনুসন্ধানকে আরও এগিয়ে নিয়ে যাবে।

কিউরিওসিটি রোভারের দেওয়া নতুন তথ্য মঙ্গলে জীবনের সরাসরি প্রমাণ না দিলেও, সেখানে যে একসময় জীবন বিকশিত হওয়ার মতো পরিবেশ ছিল সেই ধারণাকে অনেক বেশি গ্রহণযোগ্য করেছে।

 

সূত্র: Curiosity finds molecules needed for ancient life on Mars by ANDREW PAUL,PUBLISHED on April 21st , 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =