মঙ্গলের মাটিতে বিশুদ্ধ গন্ধক

মঙ্গলের মাটিতে বিশুদ্ধ গন্ধক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ নভেম্বর, ২০২৬

মঙ্গলের মাটিতে সাধারণ একটি পাথরের উপর দিয়ে চলতে গিয়ে সেটি ভেঙে ফেলেছিল নাসার কিউরিওসিটি রোভার। আর সেই ভাঙা পাথরের ভিতরেই লুকিয়ে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এক উপাদান—বিশুদ্ধ গন্ধক বা মৌলিক সালফার। ২০২৪ সালে মঙ্গলের গেল ক্রেটারের গেডিজ ভ্যালিস অঞ্চলে ঘটে এই ঘটনা। মঙ্গলে সালফেটজাত খনিজের সন্ধান আগেই মিলেছিল, কিন্তু বিশুদ্ধ গন্ধক আবিষ্কার সেই প্রথম। পরবর্তী গবেষণায় জানা গিয়েছে, শুধু একটি পাথর নয়, প্রায় ২১০০ বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই গন্ধকসমৃদ্ধ শিলা।

পৃথিবীতে সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অথবা ভূগর্ভস্থ উত্তপ্ত জলীয় পরিবেশের সঙ্গে বিশুদ্ধ গন্ধকের উপস্থিতির একটা সম্পর্ক আছে। কিন্তু মঙ্গলের ওই অঞ্চলে এমন উচ্চ তাপমাত্রার পরিবেশের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে কীভাবে সেখানে এত বিপুল পরিমাণ বিশুদ্ধ গন্ধক তৈরি হলো, সেটাই ভাবনার বিষয়।

২০২৬ সালের জুনে সায়েন্স পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এর সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের ধারণা, প্রাচীন মঙ্গলে আগ্নেয়গিরি থেকে নির্গত গন্ধকযুক্ত গ্যাস ভূগর্ভে জমা হয়েছিল। পরে এই গ্যাস বরফের খাঁচার মতো বিশেষ কাঠামোতে আটকে থাকতে পারে। কয়েক কোটি বছর ধরে ক্ষয়প্রক্রিয়ায় গেডিজ ভ্যালিস উপত্যকা তৈরি হওয়ার সময় ভূগর্ভের চাপ কমে যায়। তখন গ্যাস বাইরে বেরিয়ে এসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ গন্ধকের সঞ্চয় তৈরি করে। গবেষকদের অনুমান, প্রায় ৩১০ থেকে ২৮০ কোটি বছর আগে এই গন্ধকের স্তর তৈরি হয়েছিল।

তবে গন্ধক তৈরির সম্ভাব্য ব্যাখ্যা এখানেই শেষ নয়। ২০২৬ সালের জুলাইয়ে জিও ফিজিক্যাল রিসার্চ লেটার্স পত্রিকায় প্রকাশিত অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে, জীবের উপস্থিতি বা উচ্চ তাপমাত্রা ছাড়াও রাসায়নিক বিক্রিয়ায় বিশুদ্ধ গন্ধক তৈরি হতে পারে। গবেষকেরা পরীক্ষাগারে সালফাইড ও ক্লোরেটযুক্ত আম্লিক জল মিশিয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই ক্ষুদ্র হলুদ গন্ধক কেলাস তৈরি করেছেন। বিক্রিয়ায় ক্লোরেটের পরিমাণ গন্ধক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

এই আবিষ্কারের গুরুত্ব শুধু মঙ্গলের ভূতত্ত্ব বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়। গন্ধক/সালফার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মৌল। জীবদেহে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় দুটি অ্যামিনো অ্যাসিডের গঠনেও এটি গুরুত্বপূর্ণ। যদিও এই আবিষ্কার মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রমাণ দিল না , তবু সেখানে একসময় প্রাণের উপযোগী রাসায়নিক পরিবেশ থাকার সম্ভাবনাকে বাড়িয়ে তুলল।

বিজ্ঞানীদের মতে, মঙ্গল যেন কয়েকশো কোটি বছর আগের পৃথিবী ও গ্রহের পরিবেশের একটি সংরক্ষিত ছবি। তাই লাল গ্রহের মাটিতে পাওয়া এমন অপ্রত্যাশিত খনিজের সন্ধান শুধু মঙ্গলের অতীত নয়, পৃথিবীতে প্রাণ ও পারিপার্শ্বিক পরিবেশের বিবর্তনের ইতিহাস আরও স্পষ্টভাবে বুঝতেও সাহায্য করতে পারে।

সুত্র: NASA’s Curiosity Rover Burst Open a Rock on Mars And Found a Big Surprise,17th November 2026, Science and Geophysical Research Letters.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =