মনুষ্য সৃষ্ট ভূকম্পনের পরিমাপ 

মনুষ্য সৃষ্ট ভূকম্পনের পরিমাপ 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ নভেম্বর, ২০২৬

একটি মানুষের পদক্ষেপেও মাটি সামান্য কেঁপে ওঠে। সেই কম্পনের মাত্রা এতটাই ক্ষীণ যে সাধারণভাবে তা অনুভব করা সম্ভব নয়। কিন্তু খুব সংবেদনশীল ভূকম্প পরিমাপক যন্ত্র বা সিসমোমিটারে ধরা পড়ে এই ক্ষুদ্র কম্পনও। সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন, বিপুল সংখ্যক মানুষের একসঙ্গে চলাফেরা, মিছিল, নাচ কিংবা ছন্দোবদ্ধ পদক্ষেপের ফলে সৃষ্ট কম্পন বিশ্লেষণ করে কোনও জনসমাগমের আকার ও আচরণ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এমনকি ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে বড় জমায়েতের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পদপিষ্ট হওয়া প্রভৃতি দুর্ঘটনা এড়ানো যেতে পারে। টোকিওর স্কুল চত্বর, আমেরিকার প্রতিবাদ মিছিল এবং ইজরায়েলের একটি ধর্মীয় তীর্থযাত্রার ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষক আসাফ ইনবাল এই গবেষণাটি করেছেন। এই প্রথম বৃহৎ জনসমাগমের সংখ্যা, মানুষের চলাফেরার ধরন এবং মাটিতে সৃষ্ট কম্পনের মধ্যে একটি পরিমাপযোগ্য সম্পর্ক প্রতিষ্ঠার কাঠামো তৈরি হল।

দেখা গিয়েছে, মানুষের পদচারণা থেকে উদ্ভূত কম্পনের প্রধান শক্তি থাকে ১ থেকে ২ হার্টজ কম্পাঙ্কের মধ্যে। মানুষের স্বাভাবিক হাঁটার ছন্দের সঙ্গে এই কম্পাঙ্কের মিল রয়েছে। টোকিওর মেট্রোপলিটন সিসমিক অবজারভেশন নেটওয়ার্কের (MeSO-Net) প্রায় ৩০০টি অ্যাক্সিলেরোমিটারের তথ্য বিশ্লেষণ করে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। স্কুল চত্বরে বসানো এই যন্ত্রগুলি প্রতিদিনের স্কুলজীবনের ছন্দও ধরে রেখেছিল। সকাল ৮টায় স্কুল শুরু হলে কম্পনের মাত্রা বেড়ে যেত। সকাল ১০টার বিরতি, দুপুরের খাবারের সময় এবং বিকেল ৩টার বিরতিতে তা কমে আসত। অর্থাৎ, স্কুলের ঘণ্টা বাজার সময়সূচিও মাটির কম্পনে প্রতিফলিত হয়।

দেখা গেছে, জনসংখ্যার পাশাপাশি মানুষের চলাফেরার সমন্বয়ও ভূকম্পনের তীব্রতা নির্ধারণ করে। টোকিওর স্কুলগুলিতে ৪০০ থেকে ১২০০ পড়ুয়ার উপস্থিতির সঙ্গে কম্পনের মাত্রার সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সেখানে সহসম্পর্কের মান ছিল মাত্র ০.০৮। অর্থাৎ, পড়ুয়ার সংখ্যা বাড়লেও কম্পনের তীব্রতা তেমন বাড়েনি। কারণ স্কুলের মাঠে শিশুরা সাধারণত যে যার মতো ছুটোছুটি করে। তাদের পদক্ষেপের ছন্দ ও দিক এক হয় না। অন্যদিকে, প্রতিবাদ মিছিল, সমাবেশ কিংবা ধর্মীয় শোভাযাত্রার মতো সমন্বিত কর্মকাণ্ডে মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মাটির কম্পনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ক্ষেত্রে সহসম্পর্কের মান ছিল ০.৭৭ এবং বৃদ্ধির ঢাল বা স্কেলিং স্লোপ ছিল ০.৮১। অর্থাৎ, একসঙ্গে ছন্দ মিলিয়ে হাঁটা, স্লোগান দেওয়া, লাফানো কিংবা নাচার ফলে উৎপন্ন কম্পন তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী।

এর একটা উল্লেখযোগ্য উদাহরণ হল ২০২০ সালে নিউ ইয়র্কের ট্রয় শহরে অনুষ্ঠিত ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের মিছিল। সেখানে প্রায় ১১ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের পদচারণার ফলে ১.৫ থেকে ২ হার্টজ কম্পাঙ্কে শক্তিশালী কম্পন ধরা পড়ে। অন্যদিকে, ২০২১ সালে ইজরায়েলের মেরন পাহাড়ে বার্ষিক ধর্মীয় তীর্থযাত্রায় প্রায় এক লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন। সেখানে ১.৫ থেকে ২.৫ হার্টজ কম্পাঙ্কের পাশাপাশি ৩ থেকে ৪.৫ হার্টজ কম্পাঙ্কেও কম্পনের একটি অতিরিক্ত শিখর দেখা যায়। গবেষকদের ধারণা, ছন্দোবদ্ধ ভাবে লাফানো ও নাচই এই অতিরিক্ত কম্পনের কারণ।

মেরনের সেই তীর্থযাত্রাই অবশ্য শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয়ে পরিণত হয়েছিল। অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৪৫ জন। পরবর্তী সময়ে গঠিত ইজরায়েলের সরকারি তদন্ত কমিশন জানায়, জনসমাগমের প্রকৃত সংখ্যা যদি তখনই জানা যেত, তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

এই সম্ভাবনাকে সামনে রেখেই ইনবাল ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের ধারণা অনুসরণ করে মানুষের তৈরি ভূকম্পনের জন্য একটি পরিমাপ পদ্ধতি তৈরি করেছেন। তিনি এর নাম দিয়েছেন ‘পিপলস ম্যাগনিটিউড’ বা মনুষ্য সমাবেশের কম্পনমাত্রা। কারণ এই কম্পন শুধু মানুষের সংখ্যার ওপর নয়, তাদের চলাফেরার ধরনের ওপরও নির্ভরশীল।

গবেষণায় ৩৮৫টি বহিরঙ্গন জনসমাগমের তথ্য নিয়ে প্রাথমিকভাবে কাজ করা হয়েছিল। নির্দিষ্ট মাত্রার কম্পন অন্তত ৯০০ সেকেন্ড বা ১৫ মিনিট স্থায়ী হওয়ার শর্ত পূরণ করেছিল মাত্র ১০০টি ঘটনা। বিভিন্ন দূরত্বে অবস্থিত সিসমোমিটারের তথ্য তুলনা করতে কম্পনের বিস্তারজনিত ক্ষয়ও হিসাবের মধ্যে রাখা হয়েছিল।

গবেষকের মতে, ভবিষ্যতে শহরাঞ্চলে বসানো ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রগুলিকেই কাজে লাগিয়ে বড় জনসমাগমের আকার ও আচরণ প্রায় তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। বিশেষত, কোনও জমায়েতে মানুষের সম্মিলিত আচরণে কোনও আকস্মিক পরিবর্তন ঘটছে কি না, তা কম্পনের ধরন বিশ্লেষণ করে আগেভাগে বোঝা যেতে পারে। ফলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পদপিষ্ট হওয়ার মতো বিপর্যয় প্রতিরোধে নতুন দিশা দেখাতে পারে এই প্রযুক্তি।

গবেষণাটি সবিস্তারে প্রকাশিত হয়েছে সিসমোলজিক্যাল রিসার্চ লেটার্স পত্রিকায়।

 

সূত্র: https://www.earth.com/science/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =