ক্ষত ঢাকবে, অথচ ক্ষত সারার পথে বাধা দেবে না ! এমন এক নতুন ধরনের জৈব-বিয়োজ্য ড্রেসিং তৈরির সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা – মৌমাছির রেশম থেকে। অস্ট্রেলিয়ায় প্রতি বছর প্রায় ৪ লক্ষ ৫০ হাজার মানুষ দীর্ঘমেয়াদী ক্ষতে ভোগেন। সংক্রমণ হলে ক্ষত সারতে দেরি হয়, বাড়ে হাসপাতালে ভর্তি ও অঙ্গচ্ছেদের ঝুঁকি। তার উপর বারবার ড্রেসিং বদলাতে গিয়ে ক্ষতের উপর তৈরি হতে থাকা নতুন টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার কথা মাথায় রেখে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জৈবপ্রযুক্তির সাহায্যে তৈরি মৌমাছির রেশম দিয়ে একটি পাতলা ফিল্ম বানিয়ে পরীক্ষা করেছেন। গবেষণায় দেখা গেছে, ক্ষত সারার সময় ফিল্মটি শরীরের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেয় এবং ধীরে ধীরে ক্ষতের মধ্যেই ভেঙে যায়। ফলে ভবিষ্যতে বারবার ড্রেসিং খুলে নতুন করে লাগানোর প্রয়োজন কমতে পারে। এমনকি রেশমের অণুগুলিকে প্রয়োজনমতো বদলেও দেওয়া যায়। অর্থাৎ, ভবিষ্যতের এই ড্রেসিং শুধু ক্ষত ঢেকেই রাখবে না, ক্ষতে সংক্রমণ শুরু হলে তা শনাক্ত করতে বা নির্দিষ্ট সময়ে ওষুধ বন্ধ করতেও সাহায্য করবে। রেশমের এই ফিল্ম যেন একটি ‘স্মার্ট নির্মাণসামগ্রী’, যার নকশা অণুস্তরেই বদলে দেওয়া যায়। গবেষণার পরবর্তী ধাপ, সংক্রমণ ঠেকাতে পারে এমন স্মার্ট ড্রেসিং তৈরি ও পরীক্ষা। শহর থেকে দূরের রোগীদের জন্য এমন ড্রেসিং বিশেষ কার্যকর হতে পারে, কারণ বারবার ড্রেসিং বদলাতে বা বিশেষজ্ঞের কাছে যেতে তাঁদের দূর শহরে আর ছুটতে হবে না।
সূত্র: “Interaction of Biodegradable Recombinant Honeybee Silk Films With Acute Wound Healing Processes In Vivo” by Caitlin L. Johnston, Lyndall J. Briggs, Amy Kita, Tara D. Sutherland, Michelle Michie, Mariana Velasque, Zlatko Kopecki and Anna Antipov, 13 August 2026, Journal of Biomedical Materials Research Part B: Applied Biomaterials.
