যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক মতপ্রকাশে বাধা 

যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক মতপ্রকাশে বাধা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ জুন, ২০২৬

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সে অনুষ্ঠিত ২০২৬ সালের বার্ষিক আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (ADA) সম্মেলনে ঘটলো এক বিরল ঘটনা। ডায়াবেটিস গবেষণার শীর্ষস্থানীয় কয়েকজন বিজ্ঞানী ও চিকিৎসককে সম্মেলন থেকে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় বের করে দেওয়া হয়। তাঁদের দোষ, তাঁরা ট্রাম্প প্রশাসনের বায়োমেডিক্যাল গবেষণা নীতির সমালোচনামূলক একটি সম্পাদকীয়ের মুদ্রিত কপি অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করছিলেন।

এই ঘটনার কেন্দ্রে ছিলেন বিশিষ্ট গবেষক স্টিভেন কান, যিনি ওই সম্পাদকীয়ের প্রধান লেখক এবং ডায়াবেটিস কেয়ার জার্নালের প্রধান সম্পাদক। তাঁর সঙ্গে ছিলেন শিশু স্থূলতা বিশেষজ্ঞ অ্যারন কেলি, এডিএ সভাপতি ডেসমন্ড শ্যাটজ, গবেষক জাস্টিন রাইডার, ডায়াবেটিস বিশেষজ্ঞ ইরল হির্শ এবং আরও কয়েকজন সদস্য।

তাঁরা যখন সম্পাদকীয়টি বিতরণ করছিলেন, তখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (NIH)-এর একজন কর্মকর্তার মূল বক্তৃতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মূলত NIH পরিচালক জে ভট্টাচার্যের বক্তৃতা দেওয়ার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে তা বাতিল করেন বলে কান জানান।

এডিএর পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মেলনের আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। নিবন্ধনের সময় অংশগ্রহণকারীরা যে আচরণবিধিতে সম্মত হয়েছিলেন, তাদের কর্মকাণ্ড তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সংগঠনের দাবি, প্রথমে তাদের কার্যক্রম বন্ধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা না করায় নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেওয়া হয়।

তবে ঘটনাটির ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা কেলিকে ধাক্কা দিচ্ছেন এবং কান-এর হাতে থাকা সম্পাদকীয়র কপিগুলো কেড়ে নিচ্ছেন। পরে কান ও তাঁর সহকর্মীদের সম্মেলন কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পুনরায় প্রবেশ করলে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্ক করা হয়।

অ্যারন কেলির মতে একেই বলে বৈজ্ঞানিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেছেন, আমেরিকায় এখন সত্যিই মতপ্রকাশ দমন করা হচ্ছে। বিজ্ঞানী ও চিকিৎসকদের এর বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। বিজ্ঞান ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করাও যদি বাধাগ্রস্ত হয়, তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য উদ্বেগজনক সংকেত।

সেই বিতর্কিত সম্পাদকীয়টির শিরোনাম ছিল: “কলমের ভুল সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল গবেষণা ধ্বংস হচ্ছে—এখন আর নীরব থাকার সময় নয়।” এতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২০২৭ সালের বাজেটে NIH-এর জন্য ৫ বিলিয়ন ডলার অর্থছাঁট, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS) এবং NIH-এ ২০২৫ সালের পর থেকে স্বাস্থ্য গবেষণায় তহবিল সংকোচন এবং বিভিন্ন গবেষণা কর্মসূচির ওপর নেতিবাচক প্রভাবের কঠোর সমালোচনা করা হয়।

লেখকদের মতে, এসব সিদ্ধান্ত ডায়াবেটিসসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা গবেষণার ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে।

সম্পাদকীয়টিতে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণার অবকাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় গবেষক, চিকিৎসক ও নাগরিকদের প্রকাশ্যে অবস্থান নেওয়ার সময় এসে গেছে। লেখকদের মতে, নীরবতা বা পর্দার আড়ালের আলোচনা আর যথেষ্ট নয়; দেশের স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনে নেতৃত্বের অবস্থান রক্ষার জন্য এখন সক্রিয় প্রতিরোধ জরুরি।

 

সুত্র: Video: Police Tussle With Diabetes Experts at ADA Meeting— Researchers told they could no longer attend the annual scientific sessions by Kristina Fiore, Director of Enterprise & Investigative Reporting, MedPage Today; Kristen Monaco, Senior Staff Writer, MedPage, June 5, 2026 Last updated June 6, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =