লোহিত সাগরে নতুন প্রজাতির ক্ষুদ্র মাছ

লোহিত সাগরে নতুন প্রজাতির ক্ষুদ্র মাছ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ নভেম্বর, ২০২৬

গ্রিক পুরাণে মৃতদের আত্মাকে নদী পার করে পাতালে নিয়ে যেতেন মাঝি ক্যারন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই পারাপারের মূল্য হিসেবে মৃতের সঙ্গে সমাধিতে রাখা হত একটি মুদ্রা। সেই কাহিনি থেকেই অনুপ্রেরণা নিয়ে লোহিত সাগরের উত্তরাংশে আবিষ্কৃত নতুন এক ক্ষুদ্র মাছের নাম রাখা হয়েছে ‘ক্যারনের পিগমি গোবি’। মাছটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার লেজের পাখনায় ছড়িয়ে থাকা সোনালি রঙের ছোট ছোট দাগ। গবেষকদের মতে, দেখতে অনেকটা সোনার মুদ্রার মতো এই দাগগুলি লেজের পাখনার প্রায় পুরো অংশ জুড়ে রয়েছে। সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র গবেষক ভিক্টর নুনেস পেইনেম্যানের নেতৃত্বে এই গবেষণা হয়েছে। মাছটি প্রায় স্বচ্ছ। শরীরের উপর রয়েছে চওড়া কমলা-লাল রঙের একটি দাগ। চোখের গঠনও বেশ অদ্ভুত, যা চারটি অংশে বিভক্ত বলে জানিয়েছেন গবেষকরা। এখনও পর্যন্ত পাওয়া দুটি নমুনার দৈর্ঘ্য যথাক্রমে ১২ ও ১৭ মিলিমিটার। অর্থাৎ, মাছটি আকারে মাত্র আধ ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চির মতো। দেখতে মাছটি অনেকটা প্যালিড পিগমি গোবি প্রজাতির মতো। পূর্ব আফ্রিকা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই প্রজাতির দেখা মেলে, তবে লোহিত সাগরে এর অস্তিত্ব আগে জানা যায়নি। জিনগত বিশ্লেষণে নতুন মাছটির সঙ্গে ওই প্রজাতির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত মিলেছে। যদিও বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। গবেষকদের ধারণা, একটি প্রজাতি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়লেও তার নিকট আত্মীয় লোহিত সাগরেই থেকে গিয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে আলাদা পরিবেশে বিবর্তিত হয়েছে তারা। এখনও পর্যন্ত মাছটির মাত্র দুটি নমুনা পাওয়া গিয়েছে। গবেষকদের অনুমান, অগভীর জলের বদলে সমুদ্রের ৩০ মিটারেরও বেশি গভীরে থাকা মেসোফোটিক প্রবালপ্রাচীরেই এদের বেশি দেখা যেতে পারে। এই অঞ্চলে সূর্যের আলো খুব কম পৌঁছয়। গভীর সমুদ্রের এই অন্ধকার জগতের সঙ্গে গ্রিক পুরাণের পাতালেরও যেন মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। পেইনেম্যানের কথায়, “অগভীর ও আলোয় ভরা পরিচিত প্রবালপ্রাচীরের ঠিক নীচে থাকা এই অনাবিষ্কৃত গভীর অঞ্চলকে এক ধরনের ‘পাতালপুরী’ বলাই যায়।” তাঁর মতে, “লোহিত সাগরের ৩০ মিটারের বেশি গভীরের প্রবালপ্রাচীরে আরও অনেক অজানা গোবি মাছের সন্ধান পাওয়া যেতে পারে”। এই আবিষ্কারের ফলে লোহিত সাগরে পরিচিত ত্রিম্মা গণের মাছের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। এই অঞ্চলে গোবি মাছের মধ্যে এটিই সবচেয়ে বেশি প্রজাতিসমৃদ্ধ গণ। এর অন্তত ন’টি প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না বলে মনে করছেন গবেষকরা। নতুন প্রজাতিগুলিকে সহজে শনাক্ত করার জন্য গবেষণাপত্রে ১১টি প্রজাতির ছবি, পরিচিতি, বাসস্থান সংক্রান্ত তথ্য এবং একটি সচিত্র শনাক্তকরণ নির্দেশিকাও দেওয়া হয়েছে। কোনও একটি অঞ্চলে ঠিক কোন কোন প্রজাতির বাস, কীভাবে তাদের শনাক্ত করা যায় এবং কোথায় তারা থাকে- তা জানা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রকে বোঝার প্রথম ধাপ হতে পারে। তবে লোহিত সাগরের প্রবালপ্রাচীরের রহস্য উন্মোচন এখনও অনেক বাকি।

সূত্র: “Trimma charon, a new species of pygmygoby (Teleostei, Gobiidae) from the Red Sea with a key to the Red Sea species of the genus” by Viktor N. Peinemann, Sergey V. Bogorodsky, Matthew D. Tietbohl Talas and Michael L. Berumen, 24 September 2026, ZooKeys.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =