যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূগর্ভস্থ মিষ্টি জলের ভাণ্ডার ওগালালা বর্তমানে এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে। কৃষিকাজে বিপুল পরিমাণ জল উত্তোলনের ফলে এই বিশাল জলাধারের জলের স্তর ক্রমাগত নীচু হচ্ছে । প্রাকৃতিকভাবে যে হারে জল পুনরায় জমা হয়, তার চেয়ে অনেক বেশি হারে জল তুলে নেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে এই প্রবণতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের কৃষি, খাদ্য উৎপাদন এবং জলনিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি গুরুতর প্রভাব পড়তে পারে।
ওগালালা ভূ-জলাধার প্রায় ১ লাখ ৭৪ হাজার বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটি দক্ষিণ ডাকোটা, নেব্রাস্কা, ওয়াইওমিং, কলোরাডো, কানসাস, ওকলাহোমা, নিউ মেক্সিকো এবং টেক্সাস—এই আটটি অঙ্গরাজ্যের তলায় অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রে সেচের কাজে ব্যবহৃত ভূ-গর্ভস্থ জলের প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে। বিশেষ করে শুষ্ক ও আধা-শুষ্ক অঞ্চলে কৃষি উৎপাদন এই জলাধারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
সমস্যার সূত্রপাত বেশ কয়েক দশক আগে থেকে। আধুনিক কৃষি ব্যবস্থায় অধিক ফলনের লক্ষ্যে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জল তোলা শুরু হয়। কিন্তু প্রকৃতি যে গতিতে বৃষ্টির জল ও অন্যান্য উৎসের মাধ্যমে ভূ-জলাধারকে পুনরায় পূরণ করে, তার তুলনায় উত্তোলনের হার অনেক বেশি। ফলে জলের স্তর ক্রমাগত নীচে নেমে যাচ্ছে। টেক্সাস হাই প্লেইনস অঞ্চলের কিছু এলাকায় ইতিমধ্যেই জলের স্তর ৮০ মিটার পর্যন্ত হ্রাস পেয়েছে। গবেষকদের মতে, ভূ-জলাধারের কিছু অংশ ইতিমধ্যেই কার্যত নিঃশেষ হয়ে গেছে। এখন এখানে আর আগের মতো আর পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। এটি সত্যিই ভূগর্ভস্থ জলসম্পদের জন্য এক উদ্বেগজনক সংকেত।
এর সরাসরি কুপ্রভাব পড়ছে কৃষকদের ওপর। জল তুলতে এখন আগের চেয়েও অনেক গভীরে পাম্প বসাতে হচ্ছে, ফলে জ্বালানি ও পরিচালন ব্যয় বাড়ছে। একই সঙ্গে জলের ঘাটতির কারণে ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। যেসব কৃষক ভুট্টা, গম, তুলা এবং অন্যান্য প্রধান ফসলের জন্য এই জলাধারের ওপর নির্ভরশীল, তারা ভবিষ্যতে বড় অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে পারেন। ওগালালা ভূ-জলাধারটি শুধু স্থানীয় কৃষকদের জন্যই গুরুত্বপূর্ণ নয়; এটি যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক অর্থনীতিরও একটি মূল ভিত্তি। এই জলাধারের সহায়তায় পরিচালিত কৃষি কার্যক্রমের অর্থনৈতিক মূল্য বছরে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি। ফলে এর অবক্ষয় দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা ও অর্থনীতির জন্যও সত্যিই উদ্বেগের বিষয়।
বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন যে, একই ধরনের সমস্যা ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি ভূ-জলাধারেও দেখা যাচ্ছে। তার মানে, ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার আর শুধু একটি আঞ্চলিক সমস্যায় আবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের বহু কৃষি অঞ্চলের জন্য একটি জাতীয় সংকটে পরিণত হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, এই পরিস্থিতি মোকাবিলার জন্য টেকসই জলজ ব্যবস্থাপনা, আধুনিক ও জল-সাশ্রয়ী সেচ প্রযুক্তি, এবং কৃষিতে জলের আরও দক্ষ ব্যবহার অত্যন্ত জরুরি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য ভূগর্ভস্থ জলসম্পদ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে। পৃথিবীর অন্যান্য দেশের কাছেও এ এক সতর্ক বার্তা।
সূত্র: United States Geological Survey (USGS)
