জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা ক্রমবর্ধমান। সামুদ্রিক তাপপ্রবাহ সমুদ্রের প্রাণীদের অস্তিত্বের জন্য বড় বিপদ ডেকে আনছে। বিশেষত অতিরিক্ত তাপমাত্রায় মাছেদের স্বাভাবিক বৃদ্ধি, খাদ্যগ্রহণ ও প্রজনন ব্যাহত হয়। কিন্তু অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কয়েকটি মোহনায় বিজ্ঞানীরা এমন কিছু মাছের সন্ধান পেয়েছেন, যারা অত্যন্ত উষ্ণ জলেও দিব্যি স্বাভাবিক জীবনযাপন করছে। আশ্চর্যের বিষয় হল , গ্রীষ্মকালে এই অঞ্চলের কোনও কোনও মোহনার জলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছয়, যা এই শতাব্দীর শেষভাগের অনেক পূর্বাভাসের চেয়েও বেশি।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অ্যাঙ্গাস মিচেল ও ইভান নাগেলকার্কেন-এর নেতৃত্বে গবেষকরা তিনটি ভিন্ন ভিন্ন প্রজাতির মাছের ওপর এই গবেষণা চালান। প্রজাতিগুলি হল ইয়েলোফিন ব্রিম, স্যান্ড হোয়াইটিং এবং টারহোয়াইন। ২০২৪ সালের জানুয়ারি ও মার্চ মাসে অস্ট্রেলিয়ার প্রায় ১০০০ কিলোমিটার উপকূল জুড়ে ১৫টি মোহনার ২০টি স্থান থেকে মোট ৫৬৩টি মাছ সংগ্রহ করা হয়। কোনও কোনও অগভীর জলাশয়ে তাপমাত্রা ৩৬.৫ থেকে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই মাছগুলির পছন্দের তাপমাত্রা সাধারণত ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিক সীমা ছাপিয়ে অনেক বেশি গরম জলে মাছগুলি টিকেও ছিল, সুস্থও ছিল।
গবেষকরা ২৯৪টি মাছের পেশিকোষ পরীক্ষা করে মোট প্রোটিনের পরিমাণ, তাপীয় ক্ষতিকর অণু নিষ্ক্রিয় করার ক্ষমতা এবং কোষের আবরণে চর্বি জনিত ক্ষতি প্রভৃতি সূচক বিশ্লেষণ করেন। আশ্চর্যের ব্যাপার, উষ্ণ ও অপেক্ষাকৃত ঠান্ডা জলাশয়ের মাছগুলির মধ্যে উল্লেখযোগ্য কোনও পার্থক্য পাওয়া যায়নি।
এরপর পরীক্ষাগারে ইয়েলোফিন ব্রিম ও স্যান্ড হোয়াইটিং প্রজাতির মাছের ওপর কৃত্রিম তাপপ্রবাহের প্রভাব পরীক্ষা করা হয়। মোট ১২০টি পৃথক চৌবাচ্চায় মাছগুলিকে রাখা হয়েছিল। একদলকে স্বাভাবিক তাপমাত্রায়, অন্য দলকে স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রায় ১৪ দিন এবং তৃতীয় দলকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রায় সাত দিন রাখা হয়। মাছগুলির খাদ্যগ্রহণ, সাঁতার কাটার প্রবণতা, বাড়বৃদ্ধি, আচরণ এবং শারীরবৃত্তীয় পরিবর্তন পর্যবেক্ষণ করেও তাপপ্রবাহের কোনও উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব দেখা যায়নি। পরীক্ষায় প্রায় ৬ শতাংশ মাছ মারা গেলেও সব দলের মধ্যেই মৃত্যুর হার ছিল সমান।
গবেষণায় আরও দেখা যায়, উষ্ণ জলাশয়ের স্যান্ড হোয়াইটিং মাছগুলির ওজন তুলনামূলকভাবে বেশি। তবে এই বৈশিষ্ট্য দ্রুত বৃদ্ধির প্রমাণ নয়। গবেষকদের মতে, পরীক্ষাগারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা প্রাকৃতিক পরিবেশে এই মাছগুলির অভিজ্ঞতার চেয়ে কম। ফলে তাদের প্রকৃত তাপসহনশীলতার সর্বোচ্চ সীমা কত হতে পারে তার হিসেবটা এখনও অজানা।
গবেষণাটির বিবরণ গ্লোবাল চেঞ্জ বায়োলজি পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই তিন প্রজাতির মাছের বিস্তৃত তাপসহনশীলতা ভবিষ্যতের উষ্ণ সমুদ্রে মৎস্যসম্পদের স্থিতিশীলতা বজায় রাখার আশা জোগায়। তবে দূষণ ও অতিরিক্ত মাছ ধরা প্রভৃতি মানবসৃষ্ট চাপ নিয়ন্ত্রণ না করলে এই সম্ভাবনা বিপন্ন হতে পারে।
সূত্র: 11th Nov 2026 , Global Change Biology.
