‘সার্জি’ রোবট করল সফল অস্ত্রোপচার

‘সার্জি’ রোবট করল সফল অস্ত্রোপচার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর গবেষকেরা সাশ্রয়ী মূল্যের ইউনিট্রি জি১ প্ল্যাটফর্মের উপর তৈরি মানবাকৃতির রোবট ব্যবহার করে এক অসাধারণ কাজ করেছেন। রোবট জীবন্ত শূকরের শরীরে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে দুটি পিত্তথলি (গলব্লাডার) অপসারণের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে। গবেষকেরা এই রোবটগুলির নাম দিয়েছেন ‘সার্জি’। অস্ত্রোপচারের প্রথম পরীক্ষায় একটি রোবট একজন মানুষ সার্জনের সহকারী হিসেবে কাজ করে। দ্বিতীয় পরীক্ষায় দুটি মানবাকৃতির রোবট একসঙ্গে দলবদ্ধভাবে সম্পূর্ণ অস্ত্রোপচারের বিভিন্ন ধাপ সম্পন্ন করে। এর মধ্যে ছিল টিস্যু ধরে রাখা, কাটা, ক্লিপ আঁটা এবং শেষ পর্যন্ত পিত্তথলি বের করে আনা। পুরো প্রক্রিয়াটি করা হয় শরীরে চাবি লাগানোর ছ্যাঁদার মতো ছোট ছোট ছিদ্র বানিয়ে। এ পদ্ধতি আধুনিক ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের-ই মতন। তবে রোবটগুলি নিজেরা সিদ্ধান্ত নিয়ে অস্ত্রোপচার করেনি। দক্ষ সার্জনেরা দূর থেকে বিশেষ নিয়ন্ত্রণ কনসোলের সাহায্যে রোবটিকে পরিচালনা করেন। স্টেরিও ভিডিও ফিডের মাধ্যমে অস্ত্রোপচারের স্থানটি স্পষ্টভাবে দেখা যায় । বিশেষভাবে তৈরি অ্যাডাপ্টারের সাহায্যে রোবটগুলি প্রচলিত ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের যন্ত্র ব্যবহার করতে সক্ষম হয়। প্রযুক্তিটি বর্তমানে ব্যবহৃত বড় বড় রোবোটিক সার্জারি ব্যবস্থা, যেমন অত্যন্ত ব্যয়বহুল দ্য ভিঞ্চি সিস্টেমের তুলনায় একটি ভিন্ন ও সহজলভ্য বিকল্প হতে পারে। মানবাকৃতি এই রোবটগুলি আকারে তুলনামূলকভাবে ছোট, বহুমুখী কাজে পটু। এদের খরচও কম পড়তে পারে। ফলে ভবিষ্যতে ছোট হাসপাতাল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, যুদ্ধক্ষেত্র কিংবা মহাকাশ অভিযানের মতো সীমিত পরিকাঠামোর জায়গাতেও এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গবেষণাটি এখনও প্রাক-ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। অর্থাৎ, মানুষের উপর নয়, পরীক্ষামূলকভাবে প্রাণীর শরীরে এই অস্ত্রোপচার করা হয়েছে। দুটি অস্ত্রোপচারই সফলভাবে সম্পন্ন হলেও কিছু প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হতে হয়েছে গবেষকদের। এর মধ্যে ছিল দূরনিয়ন্ত্রণ ব্যবস্থায় সামান্য বিলম্ব (ল্যাটেন্সি), অস্ত্রোপচারের যন্ত্রগুলির মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ এবং কিছু ক্ষেত্রে রোবটের অবস্থান পরিবর্তনের প্রয়োজন। তবুও এসব বাধা অতিক্রম করে পুরো অস্ত্রোপচারটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রক্রিয়াটি নিয়ে ভাবনা চিন্তা করে জীবন্ত প্রাণীর শরীরে সফল অস্ত্রোপচার পর্যন্ত পৌঁছাতে তাঁদের মাত্র নয় মাস সময় লেগেছে। এত অল্প সময়ে এই অগ্রগতি ভবিষ্যতের রোবোটিক সার্জারির সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে। তবে রোবটগুলি এখনও সম্পূর্ণ স্বয়ংক্রিয় নয় এবং প্রতিটি ধাপেই মানুষের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। মানুষের শরীরে এই প্রযুক্তি ব্যবহারের আগে রোবটের হাতের সূক্ষ্ম নড়াচড়ার দক্ষতা এবং অস্ত্রোপচার ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন।

 

সূত্র: “In vivo feasibility study of humanoid robots in surgery,” Nature (2026).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =