সুমেরুর সোনালি ফলের জিনগত বিস্ময়  

সুমেরুর সোনালি ফলের জিনগত বিস্ময়  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ মার্চ, ২০২৬

সুমেরু অঞ্চলের জলাভূমি ও তুন্দ্রা প্রান্তরে জন্মায় সোনালি রঙের ছোট্ট ফল ক্লাউডবেরি (Rubus chamaemorus) । এ ফল স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর খাবার ও সংস্কৃতির একটি বিশেষ অংশ। সাম্প্রতিক এক গবেষণা এই ফলটির জিনগত বিবর্তনের সম্পর্কে অজানা এক সত্য উদ্ঘাটন করেছে। জানা গেছে, এই ছোট্ট ফলটির জিনোমে একাধিক প্রাচীন উদ্ভিদ প্রজাতির ডিএনএ একত্রে মিশে আছে। অর্থাৎ ক্লাউডবেরি আসলে কোনো একটি গণ বা প্রজাতির ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে বিভিন্ন আত্মীয় উদ্ভিদের সঙ্গে বহুবার সংকরায়ণের ফলেই এর বর্তমান জিন গঠন তৈরি হয়েছে।

নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিয়াস এ. স্ট্রান্ড ক্লাউডবেরির জিনোম বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এই উদ্ভিদের কোষে মোট আটটি পূর্ণ ক্রোমোজোম সেট রয়েছে। এই ধরণের আট ক্রোমোজোমের সেটকে বলা হয় অক্টোপ্লয়েড। যেমন মানুষ বা অধিকাংশ ফলের উদ্ভিদের কোষে মাত্র দুটি ক্রোমোজোম সেট (ডিপ্লয়েড) থাকে। ক্লাউডবেরির জিনোম যেন অনেকটা জিনগত “কালিক আর্কাইভ’’। সেখানে বিভিন্ন পূর্বপুরুষ উদ্ভিদের ছাপ স্তরে স্তরে সংরক্ষিত আছে। দেখা গেছে, এই আটটি ক্রোমোজোম সেটের মধ্যে দুটি সেট স্পষ্টভাবে অন্যগুলোর থেকে আলাদা। তার মানেই ভিন্ন পূর্বপুরুষের উপস্থিতির ইঙ্গিত। বাকি ছয়টি সেট আবার একে অপরের সঙ্গে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। এর অর্থ হলো ক্লাউডবেরির জন্ম কোনো একক গণ বা প্রজাতি থেকে নয়; বরং দীর্ঘ সময় ধরে বহুবারের সংকরায়ণ ও জিন মিশ্রণের মাধ্যমে এটি ধীরে ধীরে তৈরি হয়েছে।

গবেষকরা ক্লাউডবেরির জিনোমকে লাল রাস্পবেরির জিনোমের সঙ্গে তুলনা করে দেখেছেন যে তাদের ক্রোমোজোমগুলোর মধ্যে প্রায় চার-এক অনুপাতে মিল রয়েছে। এই তুলনা ক্লাউডবেরির বহু উৎস থেকে গঠিত জিনগত ইতিহাসকে আরও স্পষ্ট করে। আরও আশ্চর্যের বিষয় হলো, ক্লাউডবেরির একটি জিনগত শাখা সম্ভবত উত্তর আমেরিকার কিছু কাঁটাযুক্ত ঝোপজাতীয় বেরি গাছের সঙ্গে সম্পর্কিত। উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা স্ট্রবেরি লিফ রাস্পবেরি এবং বেঁটে কাঁটা জাতীয় ঝোপ এর মতো উদ্ভিদের সম্ভাব্য সম্পর্কের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে কয়েকটি শাখা আবার ইউরেশিয়ার কিছু আত্মীয় উদ্ভিদের কাছাকাছি হতে পারে।

তবে এই ফলের চাষাবাদ খুব সহজ নয়। কারণ এর পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়, ফলে ফল ধরার জন্য উভয় ধরনের গাছের উপস্থিতি দরকার। উপরন্তু অনেক সময় একটি বড় গাছের ঝোপ আসলে একই ভূগর্ভস্থ শিকড় থেকে জন্মানো বহু অঙ্কুরের সমষ্টি হতে পারে। এর ফলে জিনগত বৈচিত্র্য কমে যায়, যা কৃষকদের জন্য চাষকে আরও কঠিন করে তোলে। এই গবেষণাটি আন্তর্জাতিক “আর্থ বায়ো জিনোম প্রকল্পের’’ বৃহৎ উদ্যোগের অংশ, যার লক্ষ্য পৃথিবীর সমস্ত জটিল জীবের ডিএনএ সিকোয়েন্স করে একটা ডিএনএ মানচিত্র তৈরি করা। সেই নতুন জিনোম মানচিত্রই ভবিষ্যতে ক্লাউডবেরির উন্নত প্রজনন, ফলের গুণমান বৃদ্ধি এবং পরিবেশগত সহনশীলতা বাড়ানোর গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞানীরা তখন ফলের গুণমান, ফুল ফোটার সময় এবং পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলিকে নির্দিষ্ট ক্রোমোজোমের সঙ্গে যুক্ত করে বুঝতে পারবেন।

আমাদের পরিচিত অনেক খাদ্য উদ্ভিদেরই আজকে আমরা তাকে যেভাবে খাচ্ছি সেখানে পৌঁছানোর ইতিহাস আসলে অনেক বেশি জটিল এবং বিস্ময়কর। ক্লাউডবেরি সেই রহস্যময় বিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ।

 

সূত্র: Arctic cloudberry carries DNA from several ancient plants by Jordan Joseph, published in bioRxiv, 10th March 2026.

doi: https://doi.org/10.1101/2025.07.07.663483

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + four =