‘হাঙর নীহারিকা’র বিশ্বসেরা আলোকচিত্র 

‘হাঙর নীহারিকা’র বিশ্বসেরা আলোকচিত্র 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মহাকাশের অন্ধকারে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে এক মস্ত শিকারি। তার অবয়ব ধরা পড়েছে অসীম নক্ষত্রপুঞ্জের পটভূমিতে। এই বিস্ময়কর দৃশ্যই কুয়েতি আলোকচিত্রী আলি আল-ওবেইদলিকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের হাজার হাজার অপেশাদার ও পেশাদার আলোকচিত্রীকে পিছনে ফেলে তাঁর তোলা ‘The Quiet Predator’ বা ‘প্রশান্ত শিকারি’ ছবিটি ২০২৬ সালের রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের ZWO Astronomy Photographer of the Year প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০,০০০ পাউন্ড।

ছবিটির কেন্দ্রে রয়েছে Shark Nebula বা ‘হাঙর নীহারিকা’, যা পৃথিবী থেকে প্রায় ৬৫০ আলোকবর্ষ দূরে Cepheus নক্ষত্রমণ্ডলে অবস্থিত। নীহারিকাটির বিশেষত্ব তার বিশাল আন্তঃনাক্ষত্রিক ধূলিমেঘ। এই ধুলো এতটাই ঘন যে দূরের নক্ষত্রের আলোকে আড়াল করতে পারে। ছবিতে দৃশ্যমান নীলচে অংশগুলি মূলত প্রতিফলক নীহারিকা। এই ধরণের নীহারিকা এমন আন্তঃনাক্ষত্রিক ধূলিমেঘ, যেগুলি নিজেরা দৃশ্যমান আলো উৎপন্ন করে না; কাছাকাছি নক্ষত্রের আলো ছড়িয়ে ও প্রতিফলিত করে উজ্জ্বল হয়ে ওঠে।

আলি আল-ওবেইদলি ছবিটি তোলেন ২০২৫ সালের আগস্টে, কুয়েতের জাহরা গভর্নরেট থেকে। এর জন্য তিনি ব্যবহার করেন Askar 140 APO টেলিস্কোপ। প্রযুক্তিগত অভ্রান্ততা, সূক্ষ্ম বিবরণ এবং শিল্পসম্মত বিন্যাস—সব মিলিয়ে ছবিটি বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র সংস্থা ZWO-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম ওয়েন-এর মতে ছবিটি প্রযুক্তিগত উৎকর্ষ ও শিল্পদৃষ্টির অসাধারণ সমন্বয়। খুব কম ছবিই এমন একটি নীহারিকার জটিল গঠনকে অসাধারণ বিস্তারিতভাবে তুলে ধরে, একই সঙ্গে ছবিটির রঙ ও কম্পোজিশন দর্শককে মহাবিশ্বের অদৃশ্য সৌন্দর্যের দিকে তাকাতে আমন্ত্রণ জানায়।

আলি আল-ওবেইদলির কাছেও এই পুরস্কার কেবল একটি প্রতিযোগিতায় জয় নয়, বরং মহাবিশ্ব ও তাঁর পূর্বপুরুষদের মরুভূমির প্রতি ভালোবাসার এক প্রতীক। আকাশের বুকে হাঙরের মতো নীহারিকা এবং নীচে কুয়েতের মরুভূমির বিস্তৃত প্রান্তর—এই বৈপরীত্যই তাঁকে ছবিটি তুলতে অনুপ্রাণিত করেছিল।

আগামী দিনে আল-ওবেইদলি জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্রকে জনসচেতনতা বৃদ্ধি ও বৈজ্ঞানিক গবেষণার কাজে আরও ব্যবহার করতে চান। পুরস্কারজয়ী ছবিটি এবং প্রতিযোগিতার নির্বাচিত অন্যান্য ছবি ১৮ সেপ্টেম্বর ন্যাশেনাল মেরিটাইম মিউজিয়ামের অবজার্ভেটোরিতে প্রদর্শিত হবে।

১৮তম বছরে পা দেওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি রয়্যাল অবজারভেটোরি অফ গ্রিনিচ, ZWO এবং বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে।

সূত্র: https://physicsworld.com/a/spectacular-image-of-the-shark-nebula-wins-royal-observatory-greenwich-prize/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =