হিমালয়ে পৃথিবীর তৃতীয় মেরু

হিমালয়ে পৃথিবীর তৃতীয় মেরু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ নভেম্বর, ২০২৬

পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর পাশাপাশি এবার তৃতীয় মেরু হিসেবে হিমালয় মেরু বা ইয়াক মেরু গড়ে তোলার প্রস্তাব দিয়েছে সিকিমের ইয়াক/চমরীগাই পালক সংগঠন। চমরীগাইদের সংরক্ষণ, হিমালয়ের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রক্ষা এবং এই প্রাণীর উপর নির্ভরশীল মানুষের জীবিকা সুরক্ষিত রাখতেই এই উদ্যোগের ভাবনা। ইয়াক ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী সদস্য থুপদেন লাচুংপা সম্প্রতি সিকিমের প্রথম হিমালয়ান ইয়াক উৎসবে এই প্রস্তাবটি দেন।

ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথং উপত্যকায় ২৮ অক্টোবর শুরু হয়েছে এই উৎসব। সেখানে প্রায় ৪০০–৫০০টি চমরীগাইয়ের পাশাপাশি অংশ নিয়েছেন পশুপালক, সরকারি আধিকারিক ও অন্যান্য উৎসাহী মানুষ। সেখানে চমরীগাইজাত পণ্যের প্রদর্শনীর পাশাপাশি তুলে ধরা হয়েছে প্রজননের উন্নত পদ্ধতি, বিশেষত কৃত্রিম প্রজনন প্রযুক্তি। উচ্চ হিমালয় পার্বত্য অঞ্চলে পর্যটনের প্রসার এবং চমরীগাই পালকদের জীবিকা সুনিশ্চিত করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য।

লাচুংপার মতে, হিমালয় অঞ্চলে চমরীগাইয়ের সংখ্যা ক্রমশ কমছে। এই পেশা থেকে পর্যাপ্ত আর্থিক লাভ না হওয়ায় তরুণ প্রজন্মের অনেকেই ঐতিহ্যবাহী ইয়াক পালন ছেড়ে অন্য পেশার দিকে ঝুঁকছেন। ফলে বিপন্ন হচ্ছে শুধু একটি প্রাণীর অস্তিত্বই নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘদিনের কৃষ্টি ও জীবনযাত্রাও। ইয়াকজাত পণ্য কেনার ক্ষেত্রে সরকারি সহায়তা, পশুপালকদের আর্থিক প্রণোদনা এবং উন্নত প্রজনন ব্যবস্থার প্রসার এই পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা।

আসলে, প্রস্তাবিত এই হিমালয় মেরুটি কোনও ভৌগোলিক মেরু নয়। এটি চমরীগাইয়ের মতো লোমশ প্রাণীকে উচ্চ হিমালয়ের স্বতন্ত্র পরিচয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে তার সংরক্ষণে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের এক ভিন্নধর্মী ভাবনা। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ চমরীগাইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে, তরুণদের ঐতিহ্যবাহী পশুপালনে ফিরতে উৎসাহিত করবে এবং হিমালয়ের সীমান্তবর্তী জনসমাজের জীবিকা রক্ষায় সহায়তা করবে।

 

সূত্রঃ Himalayan Pole: Not just North Pole & South Pole, Sikkim has an idea for third global pole named after yak; here’s what it means, By Trending Desk, ET Online, published on Oct 29th , 2026, 10:04:00 AM IST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =