হোমো হ্যাবিলিসই কি প্রথম মানবপ্রজাতি?  

হোমো হ্যাবিলিসই কি প্রথম মানবপ্রজাতি?  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জুন, ২০২৬

মানববিবর্তনের ইতিহাসে হোমো হ্যাবিলিস একটি বিতর্কিত মানবগোষ্ঠীর নাম। প্রায় ২০ থেকে ১৫ লাখ বছর আগে আফ্রিকা নিবাসী এই প্রাচীন মানবপ্রজাতিকে অনেক গবেষক মানবগোষ্ঠীর/হোমো গণের প্রথম সদস্য হিসেবে বিবেচনা করেন। তবে বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন ছিল হোমো হ্যাবিলিস কি সত্যিই একটি স্বতন্ত্র প্রজাতি, নাকি এটি বিভিন্ন প্রাচীন মানবাত্মীয়ের বিচ্ছিন্ন জীবাশ্মকে একত্র করে তৈরি করা একটি মিশ্র শ্রেণি?

এই বিতর্কের প্রধান কারণ ছিল সম্পূর্ণ বা মোটামুটি পূর্ণাঙ্গ কঙ্কালের অভাব। এখনও পর্যন্ত পাওয়া অধিকাংশ জীবাশ্ম ছিল বিচ্ছিন্ন হাড় বা অসম্পূর্ণ দেহাবশেষ। তা থেকে প্রজাতিটির প্রকৃত শারীরিক গঠন নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন। ফলে গবেষকদের মধ্যে মতভেদ থেকেই গেছে। কিন্তু সম্প্রতি কেনিয়ার কোবি ফোরা অঞ্চলের একটি জীবাশ্ম নতুন করে আলোকপাত করেছে এই রহস্যের ওপর। জীবাশ্মটিতে কণ্ঠার হাড় , কাঁধের হাড়ের অংশ এবং উভয় বাহুর কয়েকটি গুরুত্বপূর্ণ হাড় সংরক্ষিত রয়েছে। এসব হাড়ের সাহায্যে বিজ্ঞানীরা এই প্রথম হোমো হ্যাবিলিস প্রজাতিটির শরীরের অনুপাত ও গঠন আরও নির্ভুলভাবে পুনর্গঠন করতে পেরেছেন।

দেখা গেছে, হোমো হ্যাবিলিসের বাহু পরবর্তী মানবপ্রজাতি হোমো ইরেক্টাস -এর তুলনায় অনেকটা দীর্ঘ ছিল। এই বৈশিষ্ট্যই ইঙ্গিত দেয় যে তারা এক ধরনের মিশ্র জীবনধারা অনুসরণ করত। অর্থাৎ তারা যেমন মাটিতে দুই পায়ে হাঁটতে সক্ষম ছিল, তেমনি গাছে চড়ার জন্যও নিপুণভাবে অভিযোজিত ছিল। এটি মানববিবর্তনের এমন এক পর্যায়কে নির্দেশ করে, যখন আমাদের পূর্বপুরুষেরা স্থল জীবনে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে ওঠেনি।

গবেষণায় আরও জানা যায় যে হোমো হ্যাবিলিস ছিল আকারে ছোট এবং তুলনামূলকভাবে হালকা গঠনের। তাদের শরীরের ভর পরবর্তী মানবপ্রজাতিগুলোর তুলনায় অনেক কম ছিল। এর ফলে বোঝা যায় যে মানববিবর্তনের শুরুতে হোমো গণের সদস্যদের মধ্যে শারীরিক বৈচিত্র্য অনেক বেশি ছিল।

তবে এই নতুন জীবাশ্মটি হোমো হ্যাবিলিসকে একটি বাস্তব ও স্বতন্ত্র প্রজাতি হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে শক্তপোক্ত প্রমাণ দেওয়া সত্ত্বেও অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে। বিশেষ করে তাদের করোটির গঠন, খাদ্যাভ্যাস, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এবং সামাজিক আচরণ সম্পর্কে এখনও গবেষণা চলছে। একই সঙ্গে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে হোমো হ্যাবিলিসই হোমো গণের প্রথম সদস্য ছিল, নাকি এটি এমন এক বৃহত্তর মানবগোষ্ঠীর অংশ যেখানে একাধিক প্রজাতি একই সময়ে সমান্তরালভাবে বিবর্তিত হচ্ছিল।

এই গবেষণাটি হোমো হ্যাবিলিসকে মানববিবর্তনের ইতিহাসে একটি প্রকৃত এবং স্বীকৃত শাখা হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। যার ফলে মানুষের উৎপত্তি ও প্রাথমিক বিবর্তনের জটিল কাহিনী বোঝার ক্ষেত্রে বিজ্ঞানীরা এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় ভিত্তি পেয়েছেন।

 

সূত্র: Michael Marshall, Our Human Story newsletter extract (9th March 2026), based on fossil research, published in ‘The Anatomical Record’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 17 =