পরিবেশবান্ধব জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো গড়ে তুলতে লিথিয়াম, তামা, কোবাল্ট, নিকেল ও বিরল মৃত্তিকা মৌলের মতো গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু প্রচলিত খননপদ্ধতিতে এই ধাতু সংগ্রহ করতে গিয়ে ক্রমশ বেশি শক্তি ও জল খরচ হচ্ছে, বাড়ছে খনিবর্জ্যের পরিমাণও। উচ্চমানের আকরিকের ভান্ডার কমে আসায় একই পরিমাণ ধাতু পেতে এখন অনেক বেশি পাথর উত্তোলন ও প্রক্রিয়াকরণ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে খনিজ সংগ্রহের বিকল্প ও পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে অণুজীবনির্ভর প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
নেচার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বিজ্ঞানীরা দেখিয়েছেন, বিশেষ কিছু অণুজীবের সাহায্যে আকরিক, খনিবর্জ্য এবং বাতিল বৈদ্যুতিন যন্ত্রপাতি থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব। এই পদ্ধতির নাম বায়োমাইনিং, জৈব খনন প্রক্রিয়া। এর একটি পরিচিত কৌশল বায়োলিচিং। এতে বিশেষ অণুজীব অ্যাসিড বা অন্যান্য রাসায়নিক পদার্থ তৈরি করে, যা আকরিক থেকে নির্দিষ্ট ধাতুকে দ্রবীভূত করে আলাদা করতে সাহায্য করে। ইতিমধ্যেই তামা, নিকেল, সোনা ও কোবাল্ট নিষ্কাশনে এই প্রযুক্তির ব্যবহার রয়েছে।
সিন্থেটিক বায়োলজি ও প্রোটিন ইঞ্জিনিয়ারিংয়ের অগ্রগতিতে এই প্রযুক্তির সম্ভাবনা আরও বেড়েছে। উদাহরণস্বরূপ, ল্যানমোডুলিন নামের একটি প্রোটিন ব্যবহার করে এক ধাপে ৯৯.৯ শতাংশ পর্যন্ত বিরল মৃত্তিকা মৌল পৃথক করা সম্ভব হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন প্রোটিন তৈরি করা হচ্ছে, যা জটিল মিশ্রণ থেকেও নির্দিষ্ট ধাতু শনাক্ত করে সংগ্রহ করতে পারে।
এই প্রযুক্তির গুরুত্ব বোঝা যায় বৈদ্যুতিন বর্জ্যের পরিসংখ্যানেও। ২০২২ সালে বিশ্বে ৬ কোটি ২০ লক্ষ টন ই-বর্জ্য তৈরি হয়েছিল, যার মাত্র ২২ শতাংশ আনুষ্ঠানিকভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহার করা হয়। অথচ এই বর্জ্যে অনেক সময় প্রাকৃতিক আকরিকের তুলনায় বেশি ঘনত্বে মূল্যবান ধাতু থাকে।
তবে গবেষণাগারের সাফল্যকে শিল্পক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার পথে এখনও পরিকাঠামোর অভাব, বিনিয়োগের ঝুঁকি এবং জটিল নিয়ন্ত্রক বিধি বড় বাধা। তাই গবেষকদের পরামর্শ, পরীক্ষামূলক শিল্পকেন্দ্র গড়ে তোলা, সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগ বাড়ানো এবং প্রযুক্তির উপযোগী সুস্পষ্ট নীতিমালা তৈরি করা জরুরি। প্রচলিত খননের বিকল্প নয়, বরং তার পরিপূরক হিসেবে জৈবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই খনিজের পুনর্ব্যবহার বাড়ানো, সরবরাহব্যবস্থাকে শক্তিশালী করা এবং পরিবেশের ক্ষতি কমানো সম্ভব।
সূত্র: IEA. Global Critical Minerals Outlook 2026 (IEA, 2026). doi: https://doi.org/10.1038/d41586-026-03629-4
