আমাদের অনেকেরই ধারণা ,তরুণ এবং বৃদ্ধরাই বোধহয় সবচেয়ে আনন্দে থাকে। এ দুটোই হয়তো একটা মানুষের জীবনের সবচেয়ে নিরাপদ এবং সুখের সময়। আর, মধ্যবয়সে এসে সেই সুখ-শান্তি নানা কারণে ফিকে হতে থাকে। কিন্তু সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা এই ধারণায় অনেকটা বদলে এনেছে। গবেষণায় দেখা গিয়েছে, মধ্যবয়সীরা নয়, বরং ১৮ থেকে ২৫ বছর বয়সি তরুণ-তরুণীদেরই বর্তমানে মানসিক সুস্থতা সবচেয়ে কম । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভালো থাকার অনুভূতিও ক্রমশ বাড়ে। অর্থাৎ, সুখের চেনা বয়স-সমীকরণে ঘটেছে বড়সড় পরিবর্তন।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক কাই রুগেরির নেতৃত্বে ২৬১ জন গবেষক ৯২টি দেশের প্রায় ৫৪ হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালান। ২০২৫ সালের জুন থেকে আগস্টের মধ্যে ৫০টি ভাষায় সংগৃহীত তথ্যের ভিত্তিতে গবেষণাটি প্রকাশিত হয়েছে সোশ্যাল ইন্ডিকেটরস রিসার্চ পত্রিকায়।
গবেষকেরা শুধু সুখের মাত্রা নয়, আশাবাদ, জীবনের উদ্দেশ্য, মানসিক স্থিতিস্থাপকতা, উদ্যম এবং প্রতিকূলতা সামলে ওঠার ক্ষমতা-সহ সুস্থতার ১০টি দিক মূল্যায়ন করেন। দেখা যায়, কাছের মানুষের সহযোগিতা পাওয়া এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার ক্ষেত্রে মানুষ তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও উদ্যম ও মানসিক শান্তির ঘাটতি স্পষ্ট ফুটে উঠেছে। মাত্র ৬.৫ শতাংশ অংশগ্রহণকারীকে সামগ্রিকভাবে মানসিকভাবে সমৃদ্ধ জীবনযাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আর, আশ্চর্যের বিষয় হচ্ছে, সবচেয়ে উদ্বেগজনক ছবি তরুণদের ক্ষেত্রেই। ১৮-২৫ বছর বয়সিদের মাত্র ১৪.৭ শতাংশের মধ্যে অবসাদ বা উদ্বেগের কোনও লক্ষণ পাওয়া যায়নি। অথচ সামগ্রিক অংশগ্রহণকারীদের ক্ষেত্রে এই হার ২৩.৬ শতাংশ। অন্যদিকে, ২৮.৬ শতাংশ তরুণ মাঝারি থেকে গুরুতর মাত্রার অবসাদ ও উদ্বেগে ভুগছেন। যুক্তরাজ্যের তরুণদের মাত্র ৬.১ শতাংশ মানসিক সমস্যার লক্ষণমুক্ত ।
আরও দেখা গিয়েছে, পারিবারিক আয় ও শিক্ষার স্তর বাড়ার সঙ্গে মানসিক সুস্থতারও উন্নতি ঘটে। কর্মহীন এবং একা থাকা মানুষের ক্ষেত্রে ভালো থাকার মাত্রা তুলনামূলকভাবে কম। তরুণদের এই মানসিক সংকটের নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। তবে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা, একাকিত্ব এবং কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এর নেপথ্যে থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
প্রধান গবেষক কাই রুগেরির মতে, তরুণদের মানসিক স্বাস্থ্য আর ভবিষ্যতের কোনও আশঙ্কা নয়, বরং বর্তমানেরই এক গুরুতর সংকট। তাই কর্মসংস্থানের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য পরিষেবার প্রসার এবং কর্মক্ষেত্রে চাপ কমানোর মতো বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি।
সূত্র: The happiness curve has changed, and young adults are struggling most, The full study was published in the journal Social Indicators Research.
