মানুষের অন্ত্রে ধরা পড়েছে এক ধরনের অজানা দৈত্যাকার ভাইরাস। নাম ‘ইগোভাইরাস’। গবেষকদের অনুমান বিশ্বের প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে এই ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। এককোষী জীবকে সংক্রমণকারী বিশালাকার ভাইরাস এবং মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে রোগজনক পক্স ভাইরাস, এ দুয়ের মধ্যে বিবর্তনগত যোগসূত্র তৈরি করে থাকতে পারে এই ইগোভাইরাস। গবেষণার বিবরণ সবিস্তারে প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়।
ইগোভাইরাস হল নিউক্লিওসাইটোভিরিকোটা পর্যায়ের অন্তর্গত বৃহৎ ডিএনএ ভাইরাসগোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীর কিছু ভাইরাস আকারে এতটাই বড় যে সাধারণ আলোতেই অণুবীক্ষণ যন্ত্রে তাদের দেখা সম্ভব। এদের অধিকাংশই পরিবেশে থাকা এককোষী জীবকে সংক্রমিত করে। অন্যদিকে, পক্স ভাইরাসের বিশেষত্ব হলো, তারা সরাসরি মানুষ ও অন্যান্য প্রাণীর কোষে সংক্রমণ ঘটাতে পারে। গুটিবসন্ত ও এমপক্সের মতো রোগের জন্য এরাই দায়ী। এই ভাইরাসগোষ্ঠীর বিবর্তনগত উৎস এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের কাছে একপ্রকার ধোঁয়াশা ছিল।
ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষক টম ডেলমন্ট এবং তাঁর সহকর্মীরা বিভিন্ন জীবের জিন তথ্যসমৃদ্ধ মেটাজিনোম বিশ্লেষণ করতে গিয়ে এই ইগোভাইরাসের সন্ধান পান। এই পদ্ধতিতে পরীক্ষাগারে আলাদা করে জীবাণুর চাষ না করেও পরিবেশ বা দেহ থেকে সংগৃহীত নমুনার জিনগত তথ্য বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা যায়। গবেষকরা নিউক্লিওসাইটোভাইরাসের একটি নির্দিষ্ট জিনের সন্ধান করতে গিয়ে অন্ত্রে এই নতুন ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেন।
মানুষ ছাড়াও মহিষ, ছাগল, মুরগি, হরিণ ও শূকরের অন্ত্রে ইগোভাইরাসের ডিএনএ পাওয়া গিয়েছে। মানুষের ক্ষেত্রে ছয়টি পৃথক বিবর্তনী শাখা বা ক্লেড শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি শাখার ভাইরাসে অন্তত দুটি প্রোটিনের উপস্থিতির ভিত্তিতে অনুমান করা হয়েছে, বিশ্বের প্রায় এক শতাংশ মানুষের শরীরে এই ভাইরাস থাকতে পারে। তানজানিয়ার হাদজা জনগোষ্ঠী থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন জনগোষ্ঠীর নমুনাতেও এর প্রমাণ মিলেছে। অর্থাৎ, মানুষের অন্ত্রে ভাইরাসটির উপস্থিতি সম্ভবত দীর্ঘদিনের।
গবেষণায় আরও দেখা গিয়েছে, ইগোভাইরাসের সঙ্গে পক্স ভাইরাসের জিন ও প্রোটিনের যথেষ্ট মিল রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, বিবর্তনের কোনো পর্যায়ে প্রাণীর অন্ত্রে থাকা এককোষী জীবকে সংক্রমিত করার পরিবর্তে ইগোভাইরাসের পূর্বপুরুষ সরাসরি প্রাণীর কোষকে সংক্রমিত করার ক্ষমতা অর্জন করেছিল। সেই বিবর্তনী পরিবর্তনের ধারাতেই পক্সভাইরাসের উদ্ভব হয়ে থাকতে পারে।
তবে ইগোভাইরাস মানুষের শরীরে কোনো রোগ সৃষ্টি করে কি না, তা এখনও অজানা। ভাইরাসটিকে আলাদা করে পরীক্ষাগারে চাষ করা, অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা এবং কোষে তার সংক্রমণ প্রক্রিয়া বিশ্লেষণ করা প্রয়োজন। এই গবেষণাটি প্রাণীজগতের সঙ্গে ভাইরাসের দীর্ঘ বিবর্তনীয় সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: ‘Egoviruses’: the surprise microbes living in the guts of millions of people Egoviruses could be the evolutionary missing link between giant viruses that infect single-celled organisms and those that can infect people. 18 November 2026. Nature.
