কৃত্রিম বুদ্ধিমত্তাই জন্ম দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার 

কৃত্রিম বুদ্ধিমত্তাই জন্ম দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ আগষ্ট, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে তা ভবিষ্যতে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই আরও উন্নত এআই তৈরি করতে সক্ষম হবে। এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক-এর বিশ্লেষণ অনুযায়ী, এআই এখন শুধু কোড লেখে না, বরং সফটওয়্যার পরীক্ষা, গবেষণা পরিচালনা এবং উন্নয়ন প্রক্রিয়ার জটিলতর কাজও সম্পন্ন করছে। এনথ্রপিক-এর অভ্যন্তরীণ তথ্য বলছে, তাদের প্রকৌশলীরা এখন আগের তুলনায় প্রতিদিন আট গুণ বেশি কোড একীভূত করছেন, যার বড় অংশই ক্লাউডে এআই মডেল স্বয়ংক্রিয়ভাবে তৈরি করছে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ধীরে ধীরে ‘পূর্ণ পুনরাবৃত্ত স্ব-উন্নয়ন’-এর দিকে এগোচ্ছে। ভবিষ্যতে একটি এআই নিজেই আরও উন্নত এআই-এর নকশা, নির্মাণ ও প্রশিক্ষণে সক্ষম হবে। বিভিন্ন পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এআই-এর দীর্ঘ সময় ধরে জটিল কাজ সম্পন্ন করার সক্ষমতা প্রতি কয়েক মাস অন্তর প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়েক মিনিটের কাজ থেকে এটি এখন ঘণ্টাব্যাপী কাজ করতে পারছে। এমনকি কয়েক দিন লাগতে পারে, এমন জটিল কাজও সম্পন্ন করতে পারছে। এই অগ্রগতি বিজ্ঞান, চিকিৎসা ও প্রযুক্তিতে বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। তবে এনথ্রপিক সতর্ক করেছে, অতিরিক্ত স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি মানুষের পর্যবেক্ষণের চেয়ে দ্রুত নিজেকে উন্নত করতে শুরু করে, তবে অনাকাঙ্ক্ষিত আচরণ বা নিরাপত্তাজনিত সংকট দেখা দিতে পারে। এই কারণে প্রতিষ্ঠানটি এআই উন্নয়নে একটি গতিরোধক ব্যবস্থা বা ‘ব্রেক প্যাডেল’-এর মতো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ঝুঁকি ভালোভাবে বোঝা ও নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক এআই-এর উন্নয়নের গতি কিছুটা ধীর করার বিষয়েও বিশ্ব জুড়ে সহযোগিতার উপর জোর দিচ্ছে। অ্যানথ্রোপিক-এর মতে, এই পরিস্থিতি অনিবার্য নয়। তবে এই পরিস্থিতি ধারণার চেয়েও দ্রুত বাস্তবে পরিণত হতে পারে। তাই এখন থেকেই কার্যকর নীতিমালা, তদারকি এবং আন্তর্জাতিক সমন্বয় গড়ে তোলা জরুরি।

 

সূত্র: Anthropic Institute blog post “When AI builds itself” (Anthropic/institute/recursive-self-improvement), 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seven =