২০১৯ সালে প্রথমবার কৃষ্ণগহ্বরের ছায়ার ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (EHT) -এর সহযোগী গবেষকদল। কিন্তু সেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন, ছবিতে কৃষ্ণগহ্বরের চারপাশে দেখা গোলাকার উজ্জ্বল বলয়টি আসলে তথ্য বিশ্লেষণ ও ছবি তৈরির পদ্ধতির কৃত্রিম ফল হতে পারে। এবার নিরপেক্ষ এক গবেষকদলের নতুন বিশ্লেষণ আগের গবেষণার ফলকেই অনেকাংশে সমর্থন করল। ১১ নভেম্বর নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় কৃষ্ণগহ্বরটির নতুন ছবিও সামনে এসেছে। কৃষ্ণগহ্বরের ছবি তুলতে EHT কোনও একটি মাত্র টেলিস্কোপ ব্যবহার করে না। কয়েকটি মহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা কয়েকটি রেডিয়ো টেলিস্কোপ একই সময়ে তথ্য সংগ্রহ করে। পরে সেই বিপুল তথ্য একত্র করে তৈরি হয় ছবি। এই পদ্ধতিতে তাত্ত্বিকভাবে পৃথিবীর সমান ব্যাসের একটি রেডিয়ো টেলিস্কোপ দিয়ে পাওয়া ছবির মতোই সূক্ষ্ম দৃশ্য তৈরি করা সম্ভব। ২০১৯ সালের ছবিতে দেখা গিয়েছিল, এম৮৭ ছায়াপথের কেন্দ্রে থাকা অতিভারী কৃষ্ণগহ্বরটিকে ঘিরে রয়েছে একটি উজ্জ্বল বলয়, যার মাঝখানে একটা অন্ধকার অঞ্চল। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ এবং কৃষ্ণগহ্বর সংক্রান্ত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের সঙ্গেও ছবিটি সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে ২০২২ সাল থেকে জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিদ জুনিচিরো মাকিনো ও তাঁর সহযোগীরা ছবিটির পুনর্বিশ্লেষণ শুরু করেন। EHT-এর ব্যবহৃত একটি তথ্য বিশ্লেষণ পদ্ধতিই তাঁরা প্রয়োগ করেন, তবে কিছু অনুমান ও শর্তে সামান্য পরিবর্তন আনেন। তাতে বলয়ের বদলে তাঁদের ছবিতে ফুটে ওঠে রেডিয়ো বিকিরণের একটি অনিয়মিত পিণ্ড। এই বিতর্কের পর বর্তমান নতুন নিরপেক্ষ গবেষণাটি গুরুত্বপূর্ণ। কারণ, EHT-র মূল তথ্য ফের বিশ্লেষণ করে গবেষকেরা দেখিয়েছেন, কৃষ্ণগহ্বরের চারপাশে উজ্জ্বল বলয়ের অস্তিত্ব নিছক ছবি তৈরির কৌশলের ফল নয়, মূল আবিষ্কারের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে।
সূত্র: Nature, November , 2026
