কেন বদলায় মথের ডানার নকশা ? 

কেন বদলায় মথের ডানার নকশা ? 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ নভেম্বর, ২০২৬

প্রকৃতিতে টিকে থাকার জন্য পতঙ্গরা নানা ধরনের কৌশল অবলম্বন করে। কেউ পরিবেশের সঙ্গে মিশে গিয়ে শিকারির চোখ এড়ায়, আবার কেউ শরীরে এমন নকশা তৈরি করে, যা দেখে শিকারি প্রাণী ভয় পেতে পারে। এই বিষয়টিকে জীববিজ্ঞানের ভাষায় বলে কামুফ্লাজ। মথের ডানায় থাকা চোখের মতো গোলাকার দাগ বা আইস্পটও নিজেকে গোপন করার একটি উদাহরণ। এখন কথা হচ্ছে এই নকশা ও ডানার আকৃতি কীভাবে তৈরি হয়? সম্প্রতি সাত বছর ধরে এক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, নির্দিষ্ট কিছু জিনের কার্যকলাপে সামান্য পরিবর্তন ঘটিয়েই মথের ডানার নকশা ও আকৃতিতে উল্লেখযোগ্য রূপান্তর ঘটানো সম্ভব। এমনকী, এই গবেষণায় প্রথমবার পরীক্ষামূলকভাবে মথের ডানার লেজের মতো অংশের আকৃতিও বদলানো গেছে।

ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির গবেষক আন্দ্রেই সৌরাকভ সাত বছর ধরে ৭০০টিরও বেশি লুনা মথ (Actias luna) এবং পলিফিমাস মথ (Antheraea polyphemus) ডিম থেকে পূর্ণাঙ্গ দশায় বড় করেছেন। গবেষণা বিবরণটি সবিস্তারে প্রকাশিত হয়েছে ইভোলিউশান অ্যান্ড ডেভেলপমেন্ট পত্রিকায়।

গবেষণায় বিজ্ঞানী মথের পিউপা বা মূককীট দশার আগে ও পরে হেপারিন এবং ডেক্সট্রান সালফেট নামে দুটি রাসায়নিক প্রয়োগ করেন। এগুলি সালফেটযুক্ত পলিস্যাকারাইড, যা Wnt নামের একদল সংকেতবাহী প্রোটিনের কার্যকলাপ বাড়াতে সাহায্য করে। পিউপা দশাতেই পূর্ণাঙ্গ মথের ডানার নকশা নির্ধারিত হয়। প্রথম দু’বছর কাঙ্ক্ষিত পরিবর্তন না পেলেও রাসায়নিকের মাত্রা ও প্রয়োগের সময় বদলাতে থাকে।

অবশেষে একটি লুনা মথের ডানায় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। তার পিছনের ডানার লম্বা লেজের মতো অংশগুলি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চওড়া হয়ে গিয়েছিল। সাধারণত লুনা মথের এই লেজ বাদুড়ের অতিস্বনক সংকেতকে বিভ্রান্ত করে, ফলে শিকারির আক্রমণ শরীরের গুরুত্বপূর্ণ অংশ থেকে সরে যেতে পারে। পরবর্তী পরীক্ষায় ডানার আকৃতির পাশাপাশি রঙিন নকশাতেও পরিবর্তন ধরা পড়ে।

পলিফিমাস মথের সামনের ডানার চোখের মতো দাগগুলির হলুদ সীমানা মোটা হয়ে যায় এবং চারপাশের বাদামি আঁশ সাদাটে রং ধারণ করে। পিছনের ডানার কালো সীমানাও প্রসারিত হয়। অন্যদিকে, লুনা মথের পিছনের ডানার গোলাকার আইস্পটগুলি সরু চোখের মতো আকৃতি নেয় এবং চারপাশে গাঢ় সীমানা তৈরি হয়। ফলে আগে যে নকশাগুলি ছিল অস্পষ্ট ও তুলনামূলকভাবে আড়ালযোগ্য, সেগুলি অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে।

গবেষকদের মতে, এই পরিবর্তনের নেপথ্যে Wnt সংকেতব্যবস্থার পাশাপাশি বাধাহীন (উইংলেস) নামক একটি জিনের ভূমিকা থাকতে পারে। ডানার প্রাথমিক বিকাশে এই জিন কোষের বিভাজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। প্রজাপতির ডানায় ছোট লেজের মতো অংশ তৈরিতেও জিনটির ভূমিকা রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, লুনা মথের লম্বা লেজ গঠনের ক্ষেত্রেও বিবর্তন একই জিনকে কাজে লাগিয়েছে। অর্থাৎ, মথ ও প্রজাপতি সম্ভবত স্বাধীনভাবে একই ধরনের জিনকে ব্যবহার করে ডানার লেজের মতো বৈশিষ্ট্য অর্জন করেছে। তবে এই অনুমান নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

এই গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, মথ ও প্রজাপতির চোখের মতো নকশা তৈরির জৈবিক প্রক্রিয়া এক নয়। প্রজাপতির ক্ষেত্রে হেপারিন প্রয়োগে অনেক সময় আইস্পট সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, অথচ মথের ক্ষেত্রে তা আরও বড় ও স্পষ্ট হয়।

এই গবেষণাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা বলেন, বিবর্তনের জন্য সব সময় নতুন বৈশিষ্ট্য তৈরি করার প্রয়োজন হয় না। আগে থেকেই থাকা নকশা ও গঠনকে সামান্য প্রসারিত বা সংকুচিত করেও নতুন বৈশিষ্ট্য গড়ে উঠতে পারে। পরিবেশ বদলে গেলে লুনা মথের পাতার মতো ছদ্মবেশ যদি আর কার্যকর না থাকে, তবে বেশি স্পষ্ট আইস্পটযুক্ত মথ শিকারির হাত থেকে বাঁচার ক্ষেত্রে সুবিধা পেতে পারে।

 

সূত্র: “Wing Shape and Color Pattern Modifications in Giant Silk Moths Using Sulfated Polysaccharides: Understanding Morphogenic Signals in Pupal Wings of Lepidoptera” by Andrei Sourakov, 21 August 2026, published in Evolution & Development. DOI: 10.1111/ede.70058

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 17 =