টিস্যুর নমনীয়তা টের পায় টি-সেল

টিস্যুর নমনীয়তা টের পায় টি-সেল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ সেপ্টেম্বর, ২০২৬

আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্বপূর্ণ সৈনিক টি-সেল। সংক্রমণের সময় শরীরে ঢুকে পড়া ভাইরাস, ব্যাকটেরিয়া বা অস্বাভাবিক কোষকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে এই টি-সেল। আবার সংক্রমণ সেরে যাওয়ার পর কিছু টি-সেল শরীরের নির্দিষ্ট টিস্যুতে থেকে যায়। এদের বলা হয় টিস্যু-আবাসী স্মৃতি (রেসিডেন্ট মেমরি) টি-সেল। পরে একই জীবাণু আবার আক্রমণ করলে কোষগুলি দ্রুত সক্রিয় হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, কাছাকাছি কোষ থেকে পাওয়া বিভিন্ন রাসায়নিক সংকেতই মূলত এই টি-সেলগুলিকে বলে দেয় কখন সক্রিয় হতে হবে এবং কিভাবে কাজ করতে হবে। কিন্তু নতুন গবেষণা বলছে, টি-সেল শুধু রাসায়নিক সংকেতই নয়, চারপাশের টিস্যু কতটা শক্ত বা নরম, সেই শারীরিক বৈশিষ্ট্যও বুঝতে পারে। তবে ম্যাকগিল ইউনিভার্সিটি-র নেতৃত্বে পরিচালিত এই গবেষণার দাবি, টি-সেল আশপাশের টিস্যু কতটা শক্ত বা অনমনীয়, সেটিও শারীরিকভাবে অনুভব করতে পারে। তাঁরা মানুষের ও ইঁদুরের টি-সেলকে বিশেষভাবে তৈরি কোলাজেন জেল-এ রাখেন, যেখানে টিস্যুর মতো বিভিন্ন মাত্রার দৃঢ়তা তৈরি করা হয়েছিল। দেখা যায়, অপেক্ষাকৃত শক্ত জেলের মধ্যে থাকা টি-সেলগুলির মধ্যে টিস্যু-রেসিডেন্ট মেমরি টি-সেল-এর বৈশিষ্ট্য বেশি ফুটে উঠেছে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ ম্যান্ডল-এর মতে, “টি-সেল শুধু রাসায়নিক পরিবেশের সংকেতই নেয় না, আশপাশের যান্ত্রিক পরিবেশও ‘অনুভব’ করে এবং সেই তথ্যের ভিত্তিতে নিজেদের আচরণ বদলাতে পারে”। অটোইমিউন রোগ, অ্যালার্জি ও অঙ্গ প্রতিস্থাপনের পর তা প্রত্যাখ্যান প্রভৃতি ক্ষেত্রে এই আবিস্কার বিশেষভাবে কাজে আসবে। এমনকি ক্যানসার চিকিৎসাতেও এর প্রভাব পড়তে পারে। কারণ টিউমারের পরিপার্শ্ব সাধারণত ঘন ও শক্ত হয়, ফলে সেখানে রোগপ্রতিরোধী কোষের পৌঁছনো কঠিন। টি-সেল কীভাবে এই কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে, তা বোঝা গেলে ভবিষ্যতে আরও কার্যকর ক্যানসার ইমিউনোথেরাপি তৈরির পথ খুলতে পারে। তবে সামনে বড় প্রশ্ন, টি-সেল ঠিক কোন অণুর সাহায্যে টিস্যুর দৃঢ়তা ‘অনুভব’ করে? সেই আণবিক সেন্সর খুঁজে বের করাই তাঁদের পরবর্তী লক্ষ্য।

 

সূত্র: “Mechanosensing by T cells promotes a tissue-resident memory transcriptional program” by Jérémy Postat, Mauricio Merino, at.all ; SciTech Daily;2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =