ডেটা সেন্টারের জলখরচ 

ডেটা সেন্টারের জলখরচ 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ সেপ্টেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের জলখরচও দ্রুত বাড়ছে। রিসটাড এনার্জি-র হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ডেটা সেন্টারগুলিতে সার্ভার ঠান্ডা রাখতে সরাসরি প্রায় ২২২ বিলিয়ন লিটার জল ব্যবহার হয়েছে। জল সাশ্রয়ের ব্যবস্থা না নিলে ২০৩০ সালে তা বেড়ে প্রায় ৬৪৪ বিলিয়ন লিটার হতে পারে। তবে উন্নত কুলিং প্রযুক্তি ব্যবহার করলে এই খরচ কমানো সম্ভব। মাঝারি মাত্রার জল সাশ্রয়ে, ৫৪৩ বিলিয়ন লিটার এবং আরও কার্যকর ব্যবস্থা নিলে জলখরচ ৩৮৮ বিলিয়ন লিটার পর্যন্ত নামতে পারে। ডেটা সেন্টারের জলখরচ অনেকটাই নির্ভর করে কুলিং প্রযুক্তি ও সেন্টারগুলির পরিপার্শ্বর আবহাওয়ার উপর। এআই সার্ভার বেশি তাপ তৈরি করলেও সার্ভারের কাছাকাছি লিকুইড কুলিং এবং ড্রাই কুলিং ব্যবহারে জলখরচ কমানো যায়। তবে ড্রাই কুলিংয়ে বেশি বিদ্যুৎ লাগে। ফলত বিদ্যুৎ উৎপাদনের সময় পরোক্ষভাবে জলের ব্যবহার বাড়তে পারে। জল ব্যবহারের দক্ষতাতেও সংস্থাভেদে বড় পার্থক্য রয়েছে। একই সংস্থার বিভিন্ন এলাকাতেও জলখরচে ফারাক ১০০ গুণেরও বেশি। তাই স্থানীয় আবহাওয়া অনুযায়ী কুলিং প্রযুক্তি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় উদ্বেগ জলসংকটপূর্ণ অঞ্চলগুলিকে নিয়ে। ২০৩০ সালে ডেটা সেন্টারের জন্য যে জায়গাগুলি থেকে সরাসরি জল ব্যবহার হবে, তার প্রায় ৩৪ শতাংশ এলাকাতেই জলসংকট বেশি। তাই এই জায়গাগুলোয় কম জল-নির্ভর প্রযুক্তি ব্যবহার করা দরকার। অর্থাৎ, এআই যুগে ডেটা সেন্টারের চাহিদা বাড়ার সঙ্গে শুধু বিদ্যুৎ নয়, জল ব্যবহারের দিকটিও গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

 

সূত্র: Down to Earth; August, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + sixteen =