নিউ ইয়র্ক রাজ্যে নতুন ডেটা সেন্টারে স্থগিতাদেশ 

নিউ ইয়র্ক রাজ্যে নতুন ডেটা সেন্টারে স্থগিতাদেশ 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ জুলাই, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বিশাল বিশাল ডেটা সেন্টারের দ্রুত বিস্তার নিয়ে পরিবেশগত উদ্বেগ রয়েছে। তারই জেরে যুক্তরাষ্ট্রে এই প্রথম এক বড় পদক্ষেপ করল নিউ ইয়র্ক রাজ্য। সেখানে নতুন বড় ডেটা সেন্টার নির্মাণে এক বছরের জন্য স্থগিতাদেশ জারি হয়েছে। গভর্নর ক্যাথি হোকুলের স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, যেসব নতুন ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা ৫০ মেগাওয়াট বা তার বেশি, তাদের জন্য নতুন পরিবেশগত অনুমোদন আপাতত বন্ধ থাকবে। সরকারের বক্তব্য, এতে বিদ্যুৎ গ্রিডের উপর চাপ কমবে, সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বৃদ্ধির ঝুঁকি হ্রাস পাবে এবং ডেটা সেন্টারের কুলিং ব্যবস্থায় ব্যবহৃত বিপুল পরিমাণ জল সংরক্ষণ করা সম্ভব হবে। এই স্থগিতাদেশ শুধুমাত্র সেই প্রকল্পগুলির ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলির পরিবেশগত অনুমোদনের আবেদন এখনও সম্পূর্ণ হয়নি। এই সময়ের মধ্যে নিউ ইয়র্কের পরিবেশ সংরক্ষণ দপ্তর শক্তি ব্যবহার, জলের গুণমান, পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর প্রভাব নিয়ে নতুন নীতিমালা তৈরি করবে। পাশাপাশি বড় ডেটা সেন্টারগুলিকে দেওয়া কর-ছাড়ের বিষয়টিও পুনর্বিবেচনা করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এআই অবকাঠামোর ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জল ব্যবহারের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ বাড়ছে, তার পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য অঙ্গরাজ্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

 

Reuters. (2026). New York becomes the first state to impose a data center moratorium.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =