পরমাণু কেন্দ্রকের চৌম্বক স্পিন নিয়ন্ত্রণ  

পরমাণু কেন্দ্রকের চৌম্বক স্পিন নিয়ন্ত্রণ  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ নভেম্বর, ২০২৬

একটি পরমাণুর অন্দরমহলেই অর্থাৎ, কেন্দ্রকে (নিউক্লিয়াসে) আছে ক্ষুদ্র চৌম্বকীয় বৈশিষ্ট্য। কেন্দ্রকের সেই চৌম্বকীয় বৈশিষ্ট্য এবার সরাসরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা রেডিয়ো তরঙ্গ ব্যবহার করে একটি মাত্র পরমাণুর কেন্দ্রকের চৌম্বকীয় স্পিন পরিবর্তন করেছেন। পদার্থবিদদের ধারণা ছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া এভাবে কেন্দ্রকের স্পিন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গবেষকদের এই অপ্রত্যাশিত সাফল্য সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও নির্ভরযোগ্য কোয়ান্টাম তথ্য সংরক্ষণ প্রযুক্তি তৈরির নতুন সম্ভাবনাও তৈরি করছে। গবেষণাটি বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন্স পত্রিকায়।

লোহা বা নিকেল প্রভৃতি চৌম্বকীয় পদার্থের পরমাণুগুলিকে ক্ষুদ্র চুম্বকের সঙ্গে তুলনা করা যায়। পরমাণুর এই চৌম্বক ধর্মের অন্যতম উৎস হলো ইলেকট্রন এবং পরমাণুর কেন্দ্রকের স্পিন। স্পিন হলো কণার একটি মৌলিক কোয়ান্টাম ধর্ম, যা থেকে তার চৌম্বক বৈশিষ্ট্য তৈরি হয়। একে অনেকটা ক্ষুদ্র এক কম্পাস কাঁটা বলে কল্পনা করা যেতে পারে।

তবে ইলেকট্রনের তুলনায় পরমাণু কেন্দ্রকের চৌম্বক প্রভাব অনেক দুর্বল। কিন্তু এই দুর্বলতার কারণেই বাইরের পরিবেশের বিভিন্ন প্রভাব থেকে কেন্দ্রকের স্পিন তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে। ফলে সহজে তার কোয়ান্টাম দশা নষ্ট হয় না। এই কারণেই কোয়ান্টাম তথ্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণের সম্ভাব্য মাধ্যম হিসেবে কেন্দ্রকের স্পিনকে গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা।

গবেষকেরা বিশেষভাবে পরিবর্তিত স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ ব্যবহার করে একটি মাত্র পরমাণুর উপর পরীক্ষা চালান। এই যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে পরমাণুর কাছে বৈদ্যুতিক সংকেত পাঠানো সম্ভব। গবেষণার প্রধান লেখক হেস্টার ভেনেমা ও তাঁর সহকর্মীরা একই সঙ্গে দুটি পৃথক তরঙ্গ সংকেত প্রয়োগ করেন। একটি সংকেত ইলেকট্রনের স্পিন নিয়ন্ত্রণের জন্য এবং অন্যটি কেন্দ্রকের স্পিনের উপর প্রভাব পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। আর এখানেই ঘটে গেল সেই অপ্রত্যাশিত ঘটনা। ইলেকট্রন ও কেন্দ্রকের স্পিনের মধ্যে কোয়ান্টাম সংযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও গবেষকেরা কেন্দ্রকের স্পিনের অভিমুখ পরিবর্তন করতে সক্ষম হন। অথচ প্রচলিত ধারণা অনুযায়ী, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের বৈদ্যুতিক সংকেতে কেন্দ্রকের স্পিনের সাড়া দেওয়ার কথা নয়।

এ ক্ষেত্রে গবেষকেরা ‘ডাবল ম্যাগনেটিক রেজোন্যান্স’ পদ্ধতি ব্যবহার করেন। নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ প্রয়োগ করে চৌম্বক স্পিনের অভিমুখ পরিবর্তন করা যায় এই পদ্ধতিতে। ইলেকট্রন ও কেন্দ্রকের স্পিনের জন্য প্রয়োজনীয় কম্পাঙ্ক আলাদা। কেন্দ্রকের স্পিনের কম্পাঙ্ক ইলেকট্রনের তুলনায় প্রায় ১০০ থেকে ১০০০ গুণ কম। বিষয়টি বোঝাতে গবেষক ভেনেমা গিটারের তারের উদাহরণ দিয়েছেন। গিটারের প্রতিটি তার যেমন আলাদা সুরে কম্পিত হয়, তেমনই প্রতিটি স্পিনকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন নির্দিষ্ট কম্পাঙ্কের সংকেত।

এই আবিষ্কার ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটারের তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের পদ্ধতিকে আরও উন্নত করবে। তবে কেন্দ্রকের স্পিন কীভাবে বৈদ্যুতিক সংকেতে সাড়া দিল, তার সঠিক কারণ এখনও অজানা। সেই রহস্যের সমাধানই এখন গবেষকদের পরবর্তী লক্ষ্য।

 

সুত্র: Hester G. Vennema, Cristina Mier, Evert W. Stolte, Leonard Edens, Jinwon Lee, Sander Otte. Nuclear magnetic resonance on a single atom with a local probe.published in Nature Communications, 2026; DOI: 10.1038/s41467-026-78801-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =