সম্প্রতি অ্যান্টার্কটিকার জলবায়ু পরিবর্তন কিভাবে পেঙ্গুইনদের খাদ্যাভ্যাসে প্রভাব ফেলছে তার প্রমাণ মিলেছে অ্যাডিলি পেঙ্গুইনের মল বা গুয়ানো পর্যবেক্ষণ করে । মহাকাশ থেকে তোলা উপগ্রহচিত্রে পেঙ্গুইন বসতির গুয়ানোর রং বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারছেন, অ্যাডিলি পেঙ্গুইন (বৈজ্ঞানিক নাম Pygoscelis adeliae) কী খাচ্ছে এবং সামুদ্রিক-বরফের পরিবর্তনের সঙ্গে তাদের খাদ্যাভ্যাস কীভাবে বদলে যাচ্ছে।
দক্ষিণ মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ শিকারি অ্যাডিলি পেঙ্গুইন অ্যান্টার্কটিকার পাথুরে উপকূল ও দ্বীপগুলিতে বিশাল বসতি গড়ে তোলে। কয়েক লক্ষ পেঙ্গুইনের এসব আবাসস্থলে বিপুল পরিমাণ গুয়ানো জমে যায়। সেগুলো এতটাই দৃশ্যমান যে নাসার ল্যান্ডস্যাট উপগ্রহ থেকেও তা শনাক্ত করা সম্ভব। গবেষকেরা ১৯৮০-এর দশক থেকে সংগৃহীত প্রায় ৪,০০০টি উপগ্রহচিত্র বিশ্লেষণ করে গুয়ানোর রং ও পেঙ্গুইনের খাদ্যাভ্যাসের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন।
তার মূল সূত্র হল- ক্রিল বা কুচো চিংড়ির মতো ছোট সামুদ্রিক প্রাণী। ক্রিলের দেহে গোলাপি রঙের বহিঃকঙ্কাল থাকে, যাকে পেঙ্গুইনের হজমতন্ত্র সম্পূর্ণ ভাঙতে পারে না। ফলে ক্রিল বেশি খেলে পেঙ্গুইনের গুয়ানোও তুলনামূলকভাবে বেশি গোলাপি বা লালচে হয়। অন্যদিকে ছোট মাছ বেশি খেলে সেই রং বদলে যায়।
এই সম্পর্কটিকে নির্ভুলভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পেঙ্গুইন বসতি থেকে গুয়ানো সংগ্রহ করেন। স্পেকট্রোমিটার দিয়ে নমুনার রং এমনভাবে মাপা হয়, যাতে উপগ্রহের ক্যামেরায় সেটি কেমন দেখাবে তা নির্ধারণ করা যায়। পাশাপাশি পরিবেশ-রসায়ন ও পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে গুয়ানোর রং থেকে পেঙ্গুইনের খাদ্যে ক্রিলের আনুপাতিক পরিমাণ অনুমান করার পদ্ধতি তৈরি করা হয়।
উপগ্রহচিত্রের তথ্য বলছে, সমুদ্রবরফের উপস্থিতির ভূমিকা পেঙ্গুইনের খাদ্য নির্বাচনে বড়। বরফ বেশি থাকলে তারা তুলনামূলকভাবে বেশি ছোট মাছের ওপর নির্ভর করে। বিপরীতে সমুদ্রবরফ কমে গেলে তাদের খাদ্যে ক্রিলের অংশ বাড়ে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন অনুযায়ী অ্যান্টার্কটিকার বরফের চরিত্র বদলালে তার প্রভাব পৌঁছে যাচ্ছে একেবারে সামুদ্রিক খাদ্যজালের গভীর স্তর পর্যন্ত।
গবেষণায় আরও দেখা গেছে, অ্যান্টার্কটিকার একেক অঞ্চলে পেঙ্গুইনের খাদ্য একেক রকমের । একই বসতিতে ঋতু ও বছরভেদে খাদ্যাভ্যাস বদলে যেতে দেখা গেছে। ফলে গুয়ানোর রং শুধু পেঙ্গুইনের খাবারের পরিচয় দিচ্ছে না, তার থেকে বরফ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও খাদ্যজালের পরিবর্তনেরও পরোক্ষ সংকেত মিলছে।
প্রাণীর খাদ্যাভ্যাস সাধারণত সরাসরি পর্যবেক্ষণ করা কঠিন। সেখানে মহাকাশ থেকে মলের রং অনুধাবন করে সেই তথ্য উদ্ধার করার পদ্ধতি সত্যিই অভিনব। পেঙ্গুইনের গুয়ানোকে এখন অ্যান্টার্কটিকার দ্রুত বদলে যাওয়া জলবায়ুর কার্যকর বার্তাবহ বলা যেতে পারে।
সূত্র: Satellite images show how penguins’ diets are changing in response to Antarctic climate change
